সরকার বাঁচাতে রাজ্য ছাড়লেন ঝাড়খণ্ডের বিধায়কেরা
ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) নেতৃত্বাধীন সরকার বাঁচাতে ক্ষমতাসীন দল ও এর শরিকদের অন্তত ৪০ জন বিধায়ক (এমএলএ) রাজ্য ছেড়ে মঙ্গলবার সন্ধ্যায় পাশের রাজ্য ছত্তিশগড়ের একটি হোটেলে গিয়ে উঠেছেন। জানা গেছে, ছত্তিশগড়ের নতুন শহর নব রায়পুরের হোটেলে তাঁরা রয়েছেন। তবে তাঁদের সঙ্গে জেএমএম-এর প্রধান এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নেই।
বর্তমানে ছত্তিশগড়ে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। জেএমএম নেতৃত্বাধীন ঝাড়খণ্ডের সরকারেও সবচেয়ে গুরুত্বপূর্ণ শরিক দল কংগ্রেস। তাই সরকার টেকাতে নব রায়পুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঝাড়খণ্ডের ক্ষমতাসীন দলটির সদস্যরা।
গত সপ্তাহে হেমন্ত সোরেনের ২০১৯ সালের বিধানসভা জয়কে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে নির্বাচন কমিশন একটি চিঠি দিয়েছিল রাজ্যের রাজ্যপাল রমেশ বেস্-কে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ওই চিঠিতে কমিশন মুখ্যমন্ত্রীর নির্বাচন নিয়েই প্রশ্ন তুলেছে। ওই চিঠির ভিত্তিতে শিগগিরই রাজ্যপাল নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকারকে জানাবেন সিদ্ধান্ত জানাবেন। এ অবস্থায় যদি সোরেনকে পদত্যাগ করতে হয়, তবে তাঁর পক্ষে দল ধরে রাখা সমস্যার কারণ হতে পারে। এর আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছিল। অবশ্য সে ক্ষেত্রে তাঁর নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠেনি, প্রশ্ন উঠেছিল দলের মধ্যে তাঁর নেতৃত্ব নিয়ে। এ ক্ষেত্রে সোরেন ও তাঁর উপদেষ্টারা একই রকম বিষয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন। এ পরিস্থিতি থেকে রক্ষা পেতে আগেভাগেই রাজ্য থেকে সরিয়ে ফেলা হয়েছে বিধায়কদের। তবে সোরেন ও তাঁর বিশ্বস্ত কয়েকজন বিধায়ক ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতেই রয়ে গেছেন।
এর আগে শনিবার সোরেন তাঁর বিধায়কদের নিয়ে রাঁচি থেকে ৪০ কিলোমিটার দূরে খুঁটি জেলায় চলে যান। গত মঙ্গলবার সব বিধায়ককে পাঠিয়ে দেওয়া হয়েছে ছত্তিশগড়ে। সোরেন বলেন, ‘চক্রান্তকারীদের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। রাজ্যে ক্ষমতাসীন জোট যেকোনো অবস্থার মুখোমুখি হতে তৈরি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আমি আপনাদের জানাচ্ছি। আমরা রণনীতি তৈরি করছি, যে রণনীতির কিছুটা আপনারা দেখলেন এবং ভবিষ্যতে আরও দেখবেন।’
গত দুই মাসের মধ্যে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রচেষ্টায় মহারাষ্ট্রে বিরোধীদের জোট ভেঙে পড়েছে। দিল্লিতেও অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টির সরকার চাপের মুখে। একমাত্র বিহারেই পদত্যাগ করে এবং লালুপ্রসাদ যাদবের দলের সঙ্গে জোট বেঁধে সরকারে টিকিয়ে রাখতে পেরেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ঝাড়খন্ড রাজ্যে হেমন্ত সোরেন কীভাবে বিজেপির চাপের মুখে সরকার টিকিয়ে রাখেন এখন সেটাই দেখার।