গুজরাটে রেকর্ড গড়তে যাচ্ছে বিজেপি, হিমাচলে হোঁচট
গুজরাটে বিজেপি কি রেকর্ড গড়তে চলেছে? ভোট গণনা শুরু হওয়ার চার ঘণ্টার মধ্যে প্রশ্নটি বড় হয়ে উঠেছে। এই রাজ্যে বিজেপি যে শুধু টানা সপ্তমবারের জন্য বিপুলভাবে ক্ষমতায় আসতে চলছে, তা নয়, আসন জেতার ক্ষেত্রেও তারা সম্ভবত সর্বকালীন রেকর্ড গড়তে চলেছে।
কিন্তু বিজেপি কিছুটা পিছিয়ে হিমাচল প্রদেশে। এই পাহাড়ি রাজ্যে প্রতি পাঁচ বছর অন্তর শাসকের পরিবর্তন হয়। সেই হিসেবে এবার কংগ্রেসের ক্ষমতায় আসার কথা। গণনার তিন ঘণ্টা পর ছবিটা হলো, ৬৮ আসনবিশিষ্ট এই বিধানসভায় কংগ্রেস এগিয়ে ৩৭ আসনে, বিজেপি ২৮টিতে। স্বতন্ত্র প্রার্থী ৩ জন। কংগ্রেস হিমাচল প্রদেশ দখল করতে পারলে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তা হবে এক অত্যাশ্চর্য ঘটনা।
১৮২ আসনবিশিষ্ট গুজরাট বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছে দেড় শর বেশি আসনে। তাদের প্রাপ্ত ভোটের হার ঘোরাফেরা করছে ৫৫ শতাংশের আশপাশে। বিজেপির এত বছরের চ্যালেঞ্জার কংগ্রেস এগিয়ে মাত্র ১৮ আসনে। প্রচারে সাড়া জাগিয়েও আম আদমি পার্টি (আপ) এগিয়ে মাত্র ৬ আসনে। নির্বাচন কমিশনের হিসেবে এই রাজ্যে কংগ্রেসের ভোট শেয়ার কমে হয়েছে সাড়ে ২৬ শতাংশ। সে তুলনায় প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে আপ পেতে চলেছে সাড়ে ১২ শতাংশ ভোট।
গুজরাটে বিজেপি সবচেয়ে ভালো ফল করেছিল ২০০২ সালে। সেবার তারা পেয়েছিল ১২৭ আসন।
তার পর থেকে প্রতি ভোটে তাদের আসনসংখ্যা কমেছে। ২০১৭ সালে তারা পায় সর্বনিম্ন ৯৯ আসন।
এবার নিজেদের রেকর্ড তো বটেই, রাজ্য বিধানসভা ভোটের ইতিহাসে তারা সম্ভবত নতুন রেকর্ড গড়ার পথে এগিয়ে চলছে। ১৯৮৫ সালের নির্বাচনে কংগ্রেসের মাধব সিন সোলাঙ্কির নেতৃত্বে দলটি জিতেছিল ১৪৯ আসন।
গুজরাটের রাজনীতি বরাবর ছিল বিজেপি ও কংগ্রেসের মধ্যে বিভাজিত। এই রাজ্যে তৃতীয় কোনো শক্তি স্থায়ী হতে পারেনি। এই প্রথম কংগ্রেসের ডামাডোল ও অনাগ্রহের সুযোগ নিয়ে গুজরাটে আপ প্রচারে তীব্রতা বাড়ায়। ভোটের প্রাথমিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, তারা কংগ্রেসের ভোটেই থাবা মেরেছে বেশি।
কংগ্রেসের মূল শক্তি ছিল আদিবাসী ও গ্রামীণ এলাকা। বিজেপি সেই এলাকায় কংগ্রেসকে শক্তিহীন করতে ক্রমাগত দলত্যাগ ঘটিয়েছে। যে তিন তরুণ নেতার ওপর ভর করে পাঁচ বছর আগে কংগ্রেস ৭৮টি আসন জিতেছিল, সেই তিনজনের মধ্যে দুজনকে তারা দলে টেনেছে। রেকর্ড গড়ার জন্য বিজেপি সর্বশক্তি নিয়োগ করেছে। ভোট শেয়ার ও আসনসংখ্যা বৃদ্ধি তার প্রমাণ। শাসনের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি রেকর্ড গড়ার তাগিদে বিজেপি গত পাঁচ বছরে শুধু তিনবার মুখ্যমন্ত্রীই বদল করেনি, এক-তৃতীয়াংশ বিধায়কও বদল করেছে। রেকর্ড গড়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দলের শীর্ষ নেতারা রাজ্যে দিনরাত এক করে দিয়েছেন।
মুখ্যমন্ত্রীর বদল ঘটানো হয় হিমাচল প্রদেশেও। প্রধানমন্ত্রী মোদি রাজ্যটি সফরে গিয়ে বলেছিলেন, ‘দেবভূমির জনতা যেন তাঁকে দেখে ভোট দেন।’
উত্তর প্রদেশ ও উত্তরাখন্ডের মতো হিমাচল প্রদেশেও প্রতি পাঁচ বছর অন্তর শাসকের পরিবর্তন হয়। ‘নিয়ম’ ভেঙে বিজেপি এবার দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে উত্তর প্রদেশ ও উত্তরাখন্ডে। গণনার প্রবণতায় পরিবর্তন না হলে হিমাচল প্রদেশে বিজেপিকে হোঁচট খেতে হবে।
হিমাচল প্রদেশের নির্বাচনী দায়িত্বে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর অনুরোধ সত্ত্বেও ‘ভারত জোড়ো যাত্রা’ ছেড়ে রাহুল গান্ধী হিমাচল প্রদেশে প্রচারে যাননি। প্রচারের ধারে-ভারে বিজেপির তুলনায় কংগ্রেস ছিল পিছিয়ে। কিন্তু তবু কংগ্রেস রাজ্য দখল করলে, সেটা এক বড় সাফল্য হিসেবে গণ্য হবে।
তবে হিমাচল প্রদেশ জিতে কংগ্রেস সরকার গড়লেও শেষ পর্যন্ত তারা তা ধরে রাখতে পারবে কি না, সেই জল্পনা উঠে গেছে। সাম্প্রতিক অতীতে দেখা গেছে, মণিপুর, মেঘালয়, গোয়া, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে ক্ষমতাচ্যুত হয়েও দলবদল ঘটিয়ে বিজেপি ক্ষমতা দখল করেছে। হিমাচল প্রদেশেও তার পুনরাবৃত্তি হবে কি—প্রশ্নটা কিন্তু উঠে গেছে।