বিপুল জনগোষ্ঠী কি ভারতের জন্য লাভজনক হবে
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চলতি বছরের মধ্যভাগে চীনকে টপকাতে যাচ্ছে ভারত। জাতিসংঘের অনুমান এমনটাই। এপ্রিল মাসেই ভারতের জনসংখ্যা ১৪০ কোটি ছাড়িয়ে গেছে।
এই বিশাল জনসংখ্যা ও সম্ভাব্য শ্রমশক্তির কারণে ভারত চীনের দ্বিতীয় বিকল্প হতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিষয়টি নিয়ে শীর্ষস্থানীয় বেশ কয়েকজন অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছে আল–জাজিরা।
অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের বক্তব্যে উঠে এসেছে, কর্মক্ষম যুবসমাজকে কাজে লাগাতে প্রতিবছর লাখ লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে ভারতকে। কিন্তু ভারত এখনই এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারছে না। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে তাকে বৈশ্বিক বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। ভারত যদি এই পথে দ্রুত না এগোতে পারে তাহলে বেকারত্ব ভয়াবহ অভিশাপ হয়ে দাঁড়াবে।
ভারতে বিশ্বের সবচেয়ে বড় কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে। তবে উপযুক্ত কর্মসংস্থান ছাড়া দেশটিতে বিপর্যয় নেমে আসতে পারে। কয়েক দশক ধরে ভারত জনসংখ্যা বৃদ্ধি রোধে পরিবার পরিকল্পনা কর্মসূচি চালিয়েছে। ১৯৯০–এর দশকে উদারীকরণের পর ভারতীয় অর্থনীতি বিষয়ে নীতিনির্ধারকেরা কৌশল বদলেছেন। সে সময় নয়াদিল্লি বলেছে, দেশের তরুণ জনগোষ্ঠী ভারতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
ভারতে কর্মক্ষম জনসংখ্যা ১১০ কোটি। অর্থাৎ মোট জনসংখ্যার ৭৫ শতাংশ কর্মক্ষম। চীনের জনসংখ্যা ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো গত বছর কমেছে। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ১৯৭৮ সাল থেকে বছরে গড়ে প্রায় ১০ শতাংশ ছিল। তবে এখন প্রবৃদ্ধি কমে এসেছে। ২০২২ সালে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩ শতাংশ বেড়েছে। এ বছর মাত্র ৫ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে।
করোনাভাইরাসের সংক্রমণ ও পশ্চিমা বিশ্বের সঙ্গে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও বিনিয়োগকারীরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তির খোঁজ করছেন।
লাভ না ক্ষতি
স্বাধীনতার পর ভারতের জনসংখ্যা ছিল ৩৫ কোটি। ১৯৫২ সালে দেশটি প্রথম পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করে। সে সময় প্রতি পরিবারকে দুটি সন্তান নিতে উৎসাহিত করা হয়।
তবে ১৯৬০ সালের দিকে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকারের সময়ে জন্মহার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। সে সময় দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ধীর।
১৯৫০ সাল থেকে ১৯৯০–এর দশকের শুরু পর্যন্ত জন্মহার ছিল গড়ে ৪ শতাংশ। মুম্বাইভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির (সিএমআইই) প্রধান নির্বাহী মহেশ ভায়াস বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যাকে সে সময় একটি সমস্যা হিসেবে দেখা হয়।
১৯৬৭ সালে ভারতের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী এস চন্দ্রশেখর বলেছেন, ভারতের অর্থনৈতিক উন্নয়নের পথে বাধা হলো জনসংখ্যা বৃদ্ধি। পশ্চিমারা সে সময় চীনের কমিউনিজমের বিকল্প হিসেবে ভারতের গণতন্ত্রকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। পশ্চিমারা জনসংখ্যা বৃদ্ধিকে ভারতের জন্য সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। বিশ্বব্যাংক বন্ধ্যাকরণ কর্মসূচিতে ৬ কোটি ৬০ লাখ ডলার ঋণ দেয়। যুক্তরাষ্ট্র জনসংখ্যা নিয়ন্ত্রণে ভারতের সঙ্গে নানা কর্মসূচির মাধ্যমে যুক্ত হয়।
১৯৭০–এর দশকে ভারত সরকার কয়েক লাখ পুরুষকে জোরপূর্বক বন্ধ্যা করে। তাঁদের মধ্যে কয়েক হাজার পুরুষ অস্ত্রোপচারের সময় মারা যান।
১৯৮০ ও ১৯৯০–এর দশকে ভারত অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর বেসরকারীকরণ করা শুরু করে। দেশের প্রবৃদ্ধির হার ১৯৯০–এর দশকে প্রথমে ৫.৫ শতাংশ হয়। ২০০০ সালের শেষ দিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে ৭ শতাংশের বেশি হয়।
বিশ্লেষকেরা যা বলছেন
নীতিনির্ধারকেরা অবশ্য ভারতের ক্রমবর্ধমান জনসংখ্যাকে জনশক্তি হিসেবে বিবেচনা করছে। দেশটির জনসংখ্যার বেশির ভাগেরই বয়স ১৫ থেকে ৬৪ বছরের মধ্যে। অর্থনৈতিক উন্নয়নের জন্য এই জনসংখ্যাকে জনশক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ভায়াস বলছেন, পর্যাপ্ত উপার্জন ও সঞ্চয় করতে পারলে এই জনশক্তি ভবিষ্যতে ভারতের অর্থনৈতিক বিনিয়োগের উৎস হতে পারে।
ভারতে বেকারত্বের হার ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল ২০১৭-১৮ সালে। সে বছর বেকারত্বের হার ছিল ৬.১ শতাংশ। ২০১১-১২ সালের তুলনায় এই হার ২.৭ শতাংশ বেড়েছে। সরকারের তথ্য অনুসারে, ২০২১-২২ সালে বেকারত্বের হার ৪.১ শতাংশ হয়েছে।
তবে অন্যান্য সংস্থার জরিপ বলছে, ভারতে কর্মহীন লোকের সংখ্যা আরও বেশি। সিএমআইই বলছে, গত মার্চে ভারতের বেকারত্বের হার ৭.৮ শতাংশ ছিল। এমনকি নগরেও ৮.৫ শতাংশের বেশি ছিল বেকারত্বের হার।
সরকারি হিসাব বলছে, ভারতে প্রতিবছর শ্রমশক্তিতে ৫০ লাখ শ্রমিক ঢোকেন। জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিষয়ের সহযোগী অধ্যাপক হিমাংশু বলেন, ভারতের অর্থনীতিতে অন্যতম বড় চ্যালেঞ্জ হলো বেকারত্ব। গত দুই দশকে ভারতের অর্থনীতির উন্নয়ন দেখা যাচ্ছে না।
বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, ভারতে বিনিয়োগ প্রবৃদ্ধি ২০০০ সাল থেকে ২০১০ সালের মধ্যে গড়ে ১০.৫ শতাংশ থেকে কমে ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে ৫.৭ শতাংশে পৌঁছেছে। বিনিয়োগ কমে যাওয়ার পেছনে বিদ্যুৎ সরবরাহ, রাস্তা, রেল যোগাযোগ, ব্যবসা ক্ষেত্রে আমলাতন্ত্রকে দায়ী করা হয়েছে।
হিমাংশু আল–জাজিরাকে বলেছেন, তরুণ জনগোষ্ঠীকে উৎপাদনশীল কর্মসংস্থানে ব্যবহার করতে ভারতের ক্ষমতার মতো ভালো সূচক তাঁরা দেখেননি।
ভায়াস বলছেন, ভারতকে অবশ্যই বিনিয়োগ বাড়াতে হবে। বিপুল জনসংখ্যাকে জনশক্তিকে রূপান্তরের দিকে এগোতে হবে। নইলে এই জনসংখ্যা বিপর্যয়ে পরিণত হবে।