বিয়ের আসরে কনে পরলেন এমবাপ্পের, আর বর মেসির জার্সি
ক্রিকেট উন্মাদনায় ভারতের খ্যাতি বিশ্বজোড়া। কিন্তু দক্ষিণ ভারতের কেরালা রাজ্য ফুটবল উন্মাদনার জন্যও সমধিক পরিচিত। গতকাল রোববার ছিল ফুটবল বিশ্বকাপের ফাইনাল। আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার এই ম্যাচটি নিয়েও কেরালাজুড়ে এর ব্যতিক্রম দেখা যায়নি।
বিবিসির খবরে বলা হয়, বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখতে কেরালার বিভিন্ন স্থানে ডিজিটাল পর্দা বসানো হয়েছিল। রাজ্যজুড়ে ছিল উৎসবের আমেজ। হাজারে হাজারে মানুষ সমবেত হয়ে সেসব পর্দায় খেলা উপভোগ করেছেন। রাস্তায় রাস্তায় সমর্থকেরা আর্জেন্টিনা ও ফ্রান্সের প্রিয় দলের পতাকা নিয়ে উল্লাস করেছেন।
কেরালার এক যুগল সুন্দর এই মুহূর্তকে স্মৃতিময় করে রাখতে চেয়েছিলেন অন্যভাবে। শচীন ও আথিরা নামের এই যুগল চেয়েছিলেন বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচের দিনে তাঁরা বিয়ে করবেন। তবে গাঁটছড়া বাঁধার আগে দেখা দেয় এক মধুর সমস্যা। কারণ, ফাইনালের দুই প্রতিপক্ষের একটি বরের, অন্যটি কনের প্রিয় দল।
শচীন আর্জেন্টিনা ও লিওনেল মেসির পাঁড় ভক্ত। এদিকে আথিরা ফ্রান্স ফুটবল দলের কট্টর সমর্থক। কাতারের লুসাইল স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে বাজে তাঁদের বিয়ের ঘণ্টা। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের সেরা এই ম্যাচটির কয়েক ঘণ্টা আগে কেরলার কোচি শহরে শচীন ও আথিরা জুটি গাঁটছড়া বাঁধেন।
ঐতিহ্যবাহী পোশাক পরেই বিয়ের পিঁড়িতে বসলেও তার ওপরে প্রিয় দলের জার্সি পরেছিলেন বর ও কনে। দুজনের জার্সির নম্বর ১০। বর শচীন তাঁর প্রিয় তারকা লিওনেল মেসির জার্সির সঙ্গে মিল রেখে এবং কনে আথিরা ফ্রান্স ফুটবল দলে তাঁর পছন্দের খেলোয়ার কিলিয়ান এমবাপ্পের জার্সি পরে বিয়ের পিঁড়িতে বসেন।
স্থানীয় সংবাদমাধ্যম মালায়লা মনোরমার প্রতিবেদন অনুযায়ী, বিয়ের আনুষ্ঠানিকতা শেষ শচীন–আথিরা তাঁদের জন্য আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন। এরপর হয় বিয়েতে আগত অতিথিদের ভোজ। সব শেষ করে ফাইনাল ম্যাচ দেখতে কোচি থেকে ২০৬ কিলোমিটার দূরে থিরুভানান্তপুরামে রওনা দেন বর–কনে।