সোনিয়া গান্ধীর আত্মকথায় ৫৬ ভুল, এমনকি ভারতের রাষ্ট্রপতির নামও ভুল

‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীছবি: কংগ্রেসের ফেসবুক পেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্দীপনা, উন্মাদনা এবং বিক্রির ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের পাশাপাশি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ সম্ভবত এক রেকর্ডও স্থাপন করে ফেলেছে—তথ্যগত ভুলের। এই মাপের কোনো বিশিষ্ট মানুষের স্মৃতিকথায় এত ভুল আর কোনো বইয়ে আছে কি না সন্দেহ। সেসব কোনো ছাপার ভুল বা ‘টাইপো’ নয়; মারাত্মক সব তথ্যগত অসংগতি।

সোনিয়ার মতো এক ব্যক্তি তাঁর দেশের রাষ্ট্রপতির নাম ভুল লিখবেন অথবা রাজ্যসভার নির্বাচন সম্পর্কে অবগত থাকবেন না কিংবা তাঁর স্বামীর প্রথম নির্বাচনী সাফল্যে দলের প্রাপ্ত আসনসংখ্যায় গরমিল থাকবে এবং কোনো রাজ্যের রাজধানীর নাম ভুল লিখবেন, অবশ্যই তা মেনে নেওয়া যায় না।

ফলে প্রশ্ন উঠছে। প্রশ্ন যেমন উঠছে নাম করা এই আন্তর্জাতিক প্রকাশনার সংস্থার দক্ষতা ঘিরে, বিশ্বখ্যাত ‘এডিটর’দের নিয়ে, তেমনই প্রশ্ন উঠছে সোনিয়ার দলের গবেষণা দলের যোগ্যতা নিয়েও।

ভুলের এই সরণিতে বাংলাদেশও বাদ যায়নি। সোনিয়া লিখেছেন, ভারতই প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়। যদিও বাস্তবতা হলো, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভুটান প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। ওই দিনেই মাত্র কয়েক ঘণ্টা পরেই ভারতের স্বীকৃতি।

কী ধরনের ভুল আছে এই বইয়ে? ১৯৯২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন কে আর নারায়ণন। সোনিয়া তাঁর নাম লিখেছেন আর কে নারায়ণন। সংসদীয় রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থেকেও ভারতীয় সংসদীয় ব্যবস্থা সম্পর্কে তিনি লিখেছেন, নিম্নকক্ষ লোকসভার সদস্যরা নির্বাচিত হন, উচ্চকক্ষের সদস্যরা মনোনীত হন। অথচ সত্য হলো, রাজ্যসভার সদস্যরাও নির্বাচিত হন, যদিও সেই নির্বাচন পরোক্ষ। রাষ্ট্রপতি মনোনীত করেন মোট ১২ জনকে।

যে আদর্শের সঙ্গে নীতিগত বিরোধের কথা সোনিয়া আত্মকথায় লিখেছেন, সেই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) প্রতিষ্ঠা দিবসও তিনি ভুল লিখেছেন। তিনি লিখেছেন, সংঘের প্রতিষ্ঠা ১৯২১ সালে, যদিও তা প্রতিষ্ঠিত হয়েছিল ১৯২৫ সালে। গত বছর সংঘ তাদের শতবর্ষ পালন করেছে।

সোনিয়ার রাজনৈতিক সচিব ছিলেন গুজরাটের রাজনীতিক আহমেদ প্যাটেল। ২০২০ সালের ২৫ নভেম্বর কোভিডে আক্রান্ত হয়ে আহমেদ প্যাটেলের মৃত্যু হয়। সোনিয়া লিখেছেন তাঁর মৃত্যু হয় ২০২২ সালে।

মোদির রাজ্য গুজরাটের দাঙ্গার উল্লেখ রয়েছে ‘বিলংগিং’–এ। গুজরাট দাঙ্গার প্রসঙ্গে লিখতে গিয়ে তিনি রাজ্যের রাজধানীর নামটিও ভুলে গিয়েছিলেন। সোনিয়ার কলমে আহমেদাবাদ হয়েছে গুজরাটের রাজধানী, যেখানে ১৯৭০ সাল থেকে গান্ধীনগর গুজরাটের রাজধানী। গোধরাকাণ্ডের বর্ণনায় তিনি লিখেছেন, সবরমতি এক্সপ্রেসের চারটি কামরায় আগুন লেগেছিল। বাস্তবে আগুন লেগেছিল একটি কামরায়, এস–৬।

ইন্দিরা গান্ধী নিহত হন ১৯৮৪ সালের ৩১ অক্টোবর। সে বছরই লোকসভার নির্বাচন হয়। কংগ্রেসের আসনসংখ্যা লিখতে গিয়ে সোনিয়া এক জায়গায় লিখেছেন ৪০৪, অন্য এক জায়গায় ৪০৫। ২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপি জিতেছিল ২৮২ আসন। এনডিএর আসনসংখ্যা ছিল ৩৩৬। সোনিয়া সে জায়গায় এনডিএর আসনসংখ্যা লিখেছেন ৩৫৩। বাস্তবে এনডিএ ৩৫৩ আসন জিতেছিল ২০১৯ সালের নির্বাচনে।

ভারত–পাকিস্তানের কার্গিল যুদ্ধ হয়েছিল ১৯৯৯ সালে। সেই বছরের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী দ্বিপক্ষীয় সফরে লাহোর গিয়েছিলেন। এখানেও রয়েছে বড় তথ্যগত ভুল।

সোনিয়া লিখেছেন, নওয়াজ শরিফের আতিথেয়তায় বাজপেয়ী যখন ইসলামাবাদে, এক লাদাখি মেষপালক তাশি নামগিয়াল সেই সময় নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি ফৌজিদের উপস্থিতি লক্ষ করেছিলেন। ভারতীয় সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন তাশি নামগিয়ালই। কিন্তু তাশি পাকিস্তানি ফৌজিদের দেখেছিলেন ৩ মে। অর্থাৎ বাজপেয়ীর লাহোরযাত্রার মাস দুয়েক পর।

কার্গিল যুদ্ধ চলেছিল দুই মাস। মে মাসের শেষাশেষি থেকে জুলাইয়ের শেষ সপ্তাহ পর্যন্ত। প্রতিবছর ২৬ জুলাই পালিত হয় কার্গিল বিজয় দিবস। অথচ সোনিয়া লিখেছেন, যুদ্ধ চলেছিল ১০ মাস ধরে।

ছেলে রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি মামলার তারিখও সোনিয়া ভুল লিখেছেন। সোনিয়ার লেখায় রাহুলের বিরুদ্ধে মামলা হয়েছিল ২০২৩ সালে, ২০২০ সালে তাঁর করা মন্তব্যের জন্য। আসলে রাহুলের মন্তব্য ছিল ২০১৯ সালের। নির্বাচনী প্রচারের সময়। মামলাও হয়েছিল সেই বছর।

২০২৩ সালের ২৩ মার্চ সুরাটের ম্যাজিস্ট্রেট আদালত রাহুলকে ২ বছরের সাজা শোনান। সে কারণে রাহুলের লোকসভার সদস্যপদ খারিজ হয়। ৪ আগস্ট সুপ্রিম কোর্ট সাজা স্থগিত করেন। তিন দিন পর রাহুল সদস্যপদ ফেরত পান।

নেলসন ম্যান্ডেলা ভারতে এসেছিলেন ১৯৯০ সালের অক্টোবরে। সোনিয়ার লেখায় ম্যান্ডেলার ভারত সফর ও ভারতরত্ন প্রাপ্তির সাল লেখা হয়েছে ১৯৯১। রাজীব গান্ধী চীন সফরে গিয়েছিলেন ১৯৮৮ সালে। তার বর্ণনার সময় দেং জিয়াও পিংকে চীনের প্রেসিডেন্ট বলা হয়েছে; যদিও সেই সময় চীনের প্রেসিডেন্ট ছিলেন ইয়াং শাংকুন।

নিজের ও স্বামীর বয়সেও গোলমাল করে ফেলেছেন সোনিয়া। রাজীবের জন্ম ১৯৪৪ সালে, সোনিয়ার ১৯৪৬ সালে। সোনিয়ার স্মৃতিতে কেমব্রিজে প্রথম দেখার সময় তিনি ছিলেন ১৯, রাজীব ২১। অথচ সে সময় সোনিয়া ছিলেন অষ্টাদশী, রাজীব ২০।

সোনিয়া স্বীকার করেছেন, ডায়েরি লেখার অভ্যাস তাঁর কোনোকালেই ছিল না। পরের দিকে কিছু কিছু নোট রাখতেন। তাই বলে গাদা গাদা ভুল? তিনি তো বটেই, এ বই লিখতে যাঁরা তাঁকে সাহায্য করেছেন, যাঁদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং কংগ্রেসের গবেষণা দল—কেউই দায় এড়াতে পারেন না। প্রথম সপ্তাহেই এ বই ২ লাখ কপির বেশি বিক্রি হয়েছে। পরবর্তী সংস্করণে ভুল শোধরানো হবে কি?