ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌ জেলা আদালতে এক শীর্ষ সন্ত্রাসীকে গুলি করে হত্যা করা হয়েছে। হামলাকারী আইনজীবীর পোশাকে ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন পুলিশ কর্মকর্তা ও এক কিশোরী।
ওই শীর্ষ সন্ত্রাসীর নাম সঞ্জীব জেবা। আজ বুধবার আদালত প্রাঙ্গণে তাঁকে হত্যা করা হয়। এর পরপরই হামলাকারীকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যাকাণ্ডের পর লক্ষ্ণৌ জেলা আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ ঘটনার পর প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, গুলি লাগার পর মেঝের ওপর পড়ে আছেন সঞ্জীব জেবা। তাঁর শরীর থেকে রক্ত ঝরছে। এ সময় আশপাশে থাকা কর্মকর্তাদের রক্ত বন্ধের চেষ্টা করতে দেখা যায়।
উত্তর প্রদেশে একটি অপরাধী চক্রের নেতৃত্ব দিতেন সঞ্জীব। তিনি রাজনীতিবিদ মুক্তার আনসারির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। রাজনীতিতে নামার আগে মুক্তারও অপরাধ চক্রের নেতৃত্ব দিতেন বলে অভিযোগ রয়েছে। বিজেপি বিধায়ক ব্রহ্মদত্ত দ্বিবেদীকে হত্যার অভিযোগ রয়েছে সঞ্জীবের বিরুদ্ধে। এই মামলার আসামি মুক্তার আনসারিও।
সঞ্জীব জেবার পেশাজীবন শুরু হয় চিকিৎসকের সহকারী হিসেবে। পরে তিনি অপরাধ চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। তিনি উত্তর প্রদেশের কুখ্যাত সন্ত্রাসী মুন্না বজরঙ্গীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও কাজ করেছেন বলে শোনা যায়। ২০১৮ সালে রাজ্যের বাঘপত কারাগারে খুন হন মুন্না।