মোদিকে কটূক্তির জেরে কংগ্রেস নেতা গ্রেপ্তার, পরে জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কংগ্রেস নেতা পবন খেরা
ছবি: এএনআই

কংগ্রেস মুখপাত্র পবন খেরাকে ছত্তিশগড়ের রায়পুরগামী বিমান থেকে নামিয়ে গ্রেপ্তার করা হলেও আসাম পুলিশ তাঁকে রাজ্যে নিয়ে যেতে পারল না। পবন খেরার আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট দিল্লির নিম্ন আদালতকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার নির্দেশ দেন। খেরার বিরুদ্ধে আসাম ও উত্তর প্রদেশে যত অভিযোগ জমা পড়েছে, সব একত্র করে বিচারের নির্দেশও দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ দেওয়ার সময় খেরার উদ্দেশে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, ‘গ্রেপ্তার থেকে আপনাকে রক্ষা করছি। কিন্তু কথাবার্তায় সংযম থাকা জরুরি।’ খেরার আইনজীবী কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি এজলাসে বলেন, মুখ ফসকে বলা ওই কথা তিনি সঙ্গে সঙ্গে শুধরে নিয়েছিলেন। দুঃখ প্রকাশও করেছিলেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ খেরার গ্রেপ্তার নিয়ে দিল্লি বিমানবন্দরে হট্টগোল বেধে যায়। কংগ্রেসের তিন দিনের প্ল্যানারি অধিবেশনে যোগ দিতে ‘ইন্ডিগোর’ ওই বিমানেই রায়পুরে যাচ্ছিলেন দলের অন্য নেতারাও। খেরাকে বিমান থেকে নামিয়ে দেওয়ার প্রতিবাদে তাঁরাও নেমে পড়েন। টারম্যাকে বসে বিক্ষোভ দেখাতে থাকেন। খেরাকে দিল্লি পুলিশ আটক করে আসাম পুলিশের হাতে তুলে দেয়।

এই গ্রেপ্তারের বিরুদ্ধে খেরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সর্বোচ্চ আদালতকে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে দাখিল হওয়া এফআইআর একত্র করে দিল্লিতে বিচার হোক। কংগ্রেস বলেছে, মুখ ফসকে বলে ফেলা কথার ভিত্তিতে আসাম পুলিশ দিল্লি এসেছে কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করতে, অথচ নিজের রাজ্যে অত্যাচার বন্ধ করতে পারে না। দেশে স্বৈরাচার চলছে।

দিন কয়েক আগে এক সংবাদ সম্মেলনে কংগ্রেস মুখপাত্র পবন খেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদির নাম ‘নরেন্দ্র গৌতম দাস মোদি’ বলে উচ্চারণ করেছিলেন। পরক্ষণেই ‘ভুল’ শুধরে তিনি প্রধানমন্ত্রীর ঠিক নাম উচ্চারণ করেন। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানির বিভিন্ন সংস্থার বিরুদ্ধে শেয়ারবাজারে ‘জালিয়াতি ও কারচুপির’ মাধ্যমে সম্পদ বৃদ্ধির যে অভিযোগ হিনডেনবার্গ রিসার্চ এনেছে, তার তদন্তে বিরোধীরা যুগ্ম সংসদীয় কমিটি (জেপিসি) গঠনের দাবি জানালেও সরকার মানেনি।

সেই প্রসঙ্গ টেনে সংবাদ সম্মেলনে খেরা বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী নরসিংহ রাও বিরোধীদের দাবি মেনে জেপিসি গঠন করেছিলেন। অটল বিহারি বাজপেয়ীও জেপিসি গড়েছিলেন। কিন্তু “নরেন্দ্র গৌতম দাস মোদি, দুঃখিত, নরেন্দ্র দামোদর দাস মোদি” তাতে রাজি নন।’

আসামের অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি প্রধান বিচারপতির এজলাসে ওই সংবাদ সম্মেলনে বলা খেরার অডিও ও ভিডিও বক্তব্য শুনিয়ে বলেন, দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে খেরা এমন অসম্মানজনক কথা বলতে পারেন না।

আজ সকালে পবন খেরা, রণদীপ সুরযেওয়ালা, সুপ্রিয়া শ্রীনাতেসহ অন্তত ৫০ কংগ্রেস নেতা ইন্ডিগোর বিমানে রায়পুরে যাচ্ছিলেন। সেখানে কাল শুক্রবার শুরু হচ্ছে কংগ্রেসের তিন দিনের পূর্ণাঙ্গ অধিবেশন। বিমানে বসে পড়ার পর খেরাকে নামতে বলা হয়। খেরা বলেন, ‘আমাকে বলা হয়, “মালপত্র নিয়ে কিছু একটা হয়েছে, একটু নামতে হবে।” আমি বলি, হাতব্যাগ ছাড়া আর কোনো মাল আমার নেই। তখন বলা হয়, “পুলিশের বড় কর্তা আসছেন আপনার সঙ্গে কথা বলতে, আপনি যেতে পারবেন না।” দীর্ঘ সময় অপেক্ষার পর দিল্লি ও আসাম পুলিশের কর্তারা এলেন।’

পরে দিল্লি পুলিশ খেরাকে গ্রেপ্তার করে আসাম পুলিশের হাতে তুলে দেয়। তাঁকে জানানো হয়, আসামের হাফলং থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। কংগ্রেস নেতাদের অবস্থান বিক্ষোভের ফলে ওই বিমানের ফ্লাইট বাতিল করে যাত্রীদের অন্য বিমানে চাপানো হয়।

কংগ্রেসের পক্ষে টুইট করে ‘এই স্বেচ্ছাচারিতার কঠোর নিন্দা’ জানিয়ে বলা হয়, যা হয়েছে, তা সম্পূর্ণ অগণতান্ত্রিক। বিমানে উঠে বসার পর তাঁকে নামিয়ে দেওয়া হয়েছে। পরে গ্রেপ্তার করা হয়। এটা যদি স্বৈরাচার না হয়, তা হলে স্বৈরতন্ত্র কোনটা?

খেরার সহযাত্রী সুপ্রিয়া শ্রীনাতে বলেন, ‘মুখ ফসকে বলা একটা কথার জন্য পবন খেরাকে গ্রেপ্তার করা হচ্ছে। প্রথমে গ্রেপ্তার করা দরকার প্রধানমন্ত্রী মোদিকে, যিনি নেহরুর পদবি গান্ধীরা কেন ব্যবহার করেন না, জানতে চেয়েছিলেন। অসম্মান করেছিলেন। পবন খেরা যা বলেছেন, তা মুখ ফসকে বলেছেন। সেটা তিনি শুধরেও নিয়েছেন।’

কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ টুইট করে বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ক্রমেই কমছে। কিন্তু মতপ্রকাশের পরের স্বাধীনতা দ্রুত হরণ হচ্ছে। সহকর্মী পবন খেরাকে উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়া হলো। কংগ্রেসের প্ল্যানারি অধিবেশনের আগে প্রথমে ইডির তল্লাশি, তারপর এই ঘটনা। দেশে গণতন্ত্র হত্যা চলছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা অবশ্য বলেছেন, ‘ভুল করবেন না, পবন খেরা যে ভাষায় প্রধানমন্ত্রীকে অপমান করেছেন, তাতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সায় আছে। ভারত এটা ভুলবে না। কংগ্রেসকে ক্ষমাও করবে না।’