২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, আন্দোলন চালিয়ে যাবে ‘তেলাপোকারা’

নয়াদিল্লির যন্তর মন্তরে অনশনস্থলে লাদাখের পরিবেশবাদী সোনম ওয়াংচুক ও তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো। ১৭ জুলাই ২০২৬, নয়াদিল্লিছবি: এএনআই

ককরোচ জনতা পার্টির (সিজেপি) দাবির সমর্থনে দিল্লির যন্তর মন্তরে চলমান ছাত্র আন্দোলনকে তীব্র করেছিলেন লাদাখের অধিকারকর্মী সোনম ওয়াংচুক। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে ২৬ দিনের টানা অনশন ভেঙেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সোনম ওয়াংচুক বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং এবং লেহ লাদাখ অ্যাপেক্স বডির শীর্ষ নেতাদের উপস্থিতিতে অবশেষে আমি অনশন ভেঙেছি। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫ জন সংসদ সদস্য ব্যক্তিগতভাবে এসে কিংবা চিঠির মাধ্যমে আমাকে অনশন ভাঙার অনুরোধ জানান। মূলত বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনা এবং দেশে সম্ভাব্য সহিংসতার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত।’

শর্তগুলোর বিস্তারিত শিগগিরই একটি আলাদা ভিডিওর মাধ্যমে প্রকাশ করার কথা সোনমের। সেই সঙ্গে কোথাও যেন কোনো ধরনের সহিংসতা না ছড়ায়, সে বিষয়ে সবাইকে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানান এই অধিকারকর্মী।

ওয়াংচুক বলেন, হাসপাতালে আসা দুই মন্ত্রী তাঁকে দুটি বিষয়ে আশ্বাস দিয়েছেন। প্রথমত, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, সরকার তাঁদের পরিবারকে ‘উপযুক্ত ক্ষতিপূরণ’ দেওয়ার বিষয়টি বিবেচনা করবে। দ্বিতীয়ত, শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি বিবেচনা করাসহ সামগ্রিক জবাবদিহি নিশ্চিত করতে সংসদে একটি ‘অর্থপূর্ণ আলোচনা’র আয়োজন করা হবে।
আরও পড়ুন

এদিকে সোনম ওয়াংচুক অনশন ভাঙার পরপরই এক্সে একটি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পোস্টে তিনি বলেন, ‘আমি সোনমজিকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার এবং দ্রুত আগের ওজন ফিরে পাওয়ার অনুরোধ জানাচ্ছি। সোনমজির সুস্থতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি।’

স্যারের এ অসাধারণ সাহস ও আত্মত্যাগের জন্য ধন্যবাদ। নিজের জীবন বাজি রেখে তিনি পুরো জাতির বিবেককে জাগিয়ে তুলেছেন। এ দেশের জন্য তাঁর জীবন অনেক বেশি মূল্যবান।
—অভিজিৎ দিপকে, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির

সোনম ওয়াংচুকের ওই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছেন সিজেপির (ককরোচ জনতা পার্টি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘২৬ দিন পর সোনম স্যার অনশন ভাঙায় আমরা স্বস্তি পেয়েছি এবং তাঁর প্রতি কৃতজ্ঞ। স্যারের এ অসাধারণ সাহস ও আত্মত্যাগের জন্য ধন্যবাদ। নিজের জীবন বাজি রেখে তিনি পুরো জাতির বিবেককে জাগিয়ে তুলেছেন। এ দেশের জন্য তাঁর জীবন অনেক বেশি মূল্যবান।’

তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান দিপকে।

এর আগে দিনের শুরুতে দেওয়া অন্য এক পোস্টে আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন সোনম ওয়াংচুক। কিছু অপশক্তি বা সমাজবিরোধী চক্র সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছে—এমন খবরে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘শান্তি এবং শুধু শান্তিই আমার পথ। যন্তর মন্তরের প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানতে পেরেছি যে অন্য কোথাও কিছু সমাজবিরোধী চক্র এ শান্তিপূর্ণ আন্দোলনের সুযোগ নিয়ে সহিংসতা ছড়ানোর চেষ্টা করছে।’

পরিস্থিতি যা-ই হোক না কেন, আন্দোলনকারীদের অহিংস থাকার ওপর জোর দিয়ে এই অধিকারকর্মী বলেন, ‘প্রতিপক্ষ যা-ই করুক না কেন, আমাদের প্রতিক্রিয়া হতে হবে শুধুই ফুল। যেকোনো মূল্যে দয়া করে এ ঐতিহ্য বজায় রাখবেন।’

আগের দিন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের উদ্দেশে একটি চিঠি দিয়েছিলেন সোনম ওয়াংচুক। গত মঙ্গলবার রাতে মেদান্ত হাসপাতালে এই দুই মন্ত্রী তাঁর সঙ্গে দেখা করেন।

চিঠিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরাসরি চাপ না দিয়ে ওয়াংচুক উল্লেখ করেন, মন্ত্রীরা তাঁকে দুটি বিষয়ে আশ্বাস দিয়েছেন। প্রথমত, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাঁদের পরিবারকে ‘উপযুক্ত ক্ষতিপূরণ’ দেওয়ার বিষয় বিবেচনা করবে সরকার। দ্বিতীয়ত, শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয় বিবেচনা করাসহ সামগ্রিক জবাবদিহি নিশ্চিত করতে লোকসভায় একটি ‘অর্থপূর্ণ আলোচনা’র আয়োজন করা হবে।