অ্যাম্বুলেন্সের জ্বালানি শেষ, চার ঘণ্টা আটকে থাকার পর রাস্তার পাশেই সন্তান প্রসব
ভারতের তেলেঙ্গানা রাজ্যের নির্মল জেলার একটি দুর্গম এলাকায় বসবাসকারী এক নারী সন্তান প্রসব করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। একে তো যোগাযোগব্যবস্থা ভালো নয়। তার ওপর আবার অ্যাম্বুলেন্সের তেল ফুরিয়ে গেছে। এভাবে চার ঘণ্টা অপেক্ষার পর সড়কের পাশেই সন্তান জন্ম দিতে বাধ্য হন ওই নারী। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে।
গঙ্গামণি নামের ওই নারী ভারতের তেলেঙ্গানা রাজ্যের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য। তাঁর বাড়ি তুলাসিপেট নামের একটি দুর্গম গ্রামে। গঙ্গামণির স্বামী বলেন, তাঁর স্ত্রীর প্রসবব্যথা ওঠার পর তাঁরা বাড়িতে একটি অ্যাম্বুলেন্স ডাকেন। সড়ক যোগাযোগব্যবস্থা ঠিক না থাকায় অ্যাম্বুলেন্সটি তাঁর বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে না। গ্রামবাসীর সহযোগিতায় গঙ্গামণিকে একটি জলাধার পার করানো হয়। তবে জলাধারের অপর পারে এসেও দেখেন অ্যাম্বুলেন্সটি পৌঁছায়নি। তাঁরা জানতে পারেন অ্যাম্বুলেন্সটির ডিজেল ফুরিয়ে গেছে।
গঙ্গামণির স্বামী আরও বলেন, অ্যাম্বুলেন্সে তেল ভরার জন্য গুগল পে-এর মাধ্যমে তাঁরা চালককে ৫০০ রুপি পাঠিয়েছিলেন। কিন্তু তারপরও অ্যাম্বুলেন্সটি আসেনি। পরে রাস্তার পাশেই তাঁর স্ত্রীর সন্তান প্রসব হয়।
এরই মধ্যে সরকারের জরুরি সহায়তা বিভাগের একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। অ্যাম্বুলেন্সে থাকা চিকিৎসাকর্মী নবজাতকের নাড়ি কেটে দেন। মা ও সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরা দুজনই এখন সুস্থ আছেন।
নির্মলের জেলা প্রশাসক বরুণ রেড্ডি এনডিটিভিকে বলেছেন, ওই নারীর সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ ছিল ২২ সেপ্টেম্বর।
বরুণ রেড্ডি বলেন, ‘দুর্গম এলাকাগুলোতে বসবাসকারী অন্তঃসত্ত্বা নারীদের সন্তান প্রসবের সম্ভাব্য তারিখের কয়েক দিন আগেই আমরা সরিয়ে নিই। তবে এই নারী নির্ধারিত তারিখের প্রায় চার সপ্তাহ আগেই সন্তান প্রসব করেছেন।’
তবে ডিজেল ঘাটতির কারণে অ্যাম্বুলেন্স সময়মতো পৌঁছাতে না পারার অভিযোগ বরুণ অস্বীকার করেছেন।
বরুণ রেড্ডি বলেন, অ্যাম্বুলেন্সটি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল, তবে ততক্ষণে তাঁর প্রসব করার সময় হয়ে গেছে। এ কারণে তাঁকে সেখান থেকে সরানো হয়নি। ওখানেই প্রসব করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বরুণ রেড্ডি স্বীকার করেছেন, তুলাসিপেট গ্রামের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগব্যবস্থা চালু নেই। গত বছর বন্যায় একটি সেতু ভেঙে যাওয়ার পর এ যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে যায়। নতুন সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হলেও কেউ এখনো সাড়া দেয়নি।