পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে সংঘাত, আজও গেল ৩ প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে সহিংসতার ঘটনা পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিজেপির প্রতিনিধিদলের সদস্যরা
ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় আজ বুধবার তিনজনের প্রাণ গেল। এ নিয়ে নির্বাচন নিয়ে সংঘাতে ৪৭ জনের মৃত্যু হলো। এ নির্বাচনে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গ সফররত বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্যরা।

৮ জুলাই এই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় সন্ত্রাসের আবহে। ১১ তারিখ ফল গণনা হয়। সেই ৯ জুন মনোনয়নপত্র দাখিলের দিন থেকে এই রাজ্যে নির্বাচন নিয়ে যে হত্যার রাজনীতি শুরু হয়েছে, সেই হত্যার রাজনীতি এখনো থেমে নেই।

আজ সকালে দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এক আইএসএফ সমর্থক রাজু মোল্লা। অভিযোগ উঠেছে, তৃণমূলের দুষ্কৃতকারীরা তাঁকে তাঁর বাড়ির সামনে গুলি করে হত্যা করেছে। অন্যদিকে নির্বাচনের দিনে তৃণমূলের বুথ দখলকে বাধা দিতে গিয়ে মুর্শিদাবাদের সাগরদিঘিতে গুরুতর আহত হন কংগ্রেসের এক কর্মী রাজেশ শেখ। তাঁকে চিকিৎসার জন্য নেওয়া হয় কলকাতার পিজি হাসপাতালে। আজ সকালে সেই আহত কংগ্রেস কর্মী মারা যান। এ ছাড়া আজ গোষ্ঠী কোন্দলে গুরুতর আহত হয়ে মারা যান মালদহের চাঁচলের এক তৃণমূল কর্মী মফিজুদ্দিন শেখ।  

এদিকে আজ এই নির্বাচনে সন্ত্রাস ও ভোট ডাকাতি নিয়ে বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর করা মামলায় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিং হুগলির জাঙ্গিপাড়া কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে নির্বাচনের ব্যালট, ফুটেজ, ভিডিওগ্রাফি ইত্যাদি নিয়ে কাল বেলা দুইটায় কলকাতা হাইকোর্টে সশরীর উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে এবারের এই পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সন্ত্রাস এবং এত জীবনহানির বিষয়ে তদন্ত করার জন্য দিল্লি থেকে বিজেপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল কলকাতায় এসেছেন। আজ তাঁরা বিভিন্ন দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং হামলার শিকার বিজেপির সমর্থকদের বাড়িতে গিয়ে তাঁদের দেখেন। পরিবারের সঙ্গে কথা বলেন। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য রবিশঙ্কর প্রসাদ। তিনি আজ সাংবাদিকদের বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রকে লজ্জিত করেছেন। এই রাজ্যে সংবিধানের ৩৫৫ ধারা প্রয়োগের দাবি সংগত।