পূর্ব মেদিনীপুরের বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯, রাজনীতি তুঙ্গে
পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামের বিস্ফোরণে মৃতের সংখ্যা সরকারি হিসাবে বেড়ে দাঁড়িয়েছে ৯। আহত অসংখ্য। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে বিস্ফোরণে এত মানুষের মারা যাওয়ার নজির নেই। সেই কারণেই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভানু বাগ নামের যে ব্যবসায়ীর কারখানায় এই বিস্ফোরণ ঘটেছে, সেখানে বোমা তৈরি হতো। যদিও পুলিশের বক্তব্য, সেটি পটকার কারখানা।
গতকাল মঙ্গলবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
গ্রামের এক বাসিন্দা সঞ্জয় সরদার প্রথম আলোকে বলেন, মরদেহের অঙ্গপ্রত্যঙ্গ ৫০০ বা ৭০০ গজ দূরে গিয়ে পড়ে ছিল। হয়তো এক কিলোমিটারও হতে পারে। কোনো বাজি (পটকা) কারখানার বিস্ফোরণে মরদেহ এত দূরে গিয়ে পড়তে পারে বলে এলাকার মানুষ মনে করেন না। বাজি কারখানার নামে সেখানে বোমা তৈরির কাজই চলছিল বলে মনে হচ্ছে।
আজ বুধবার ঘটনাস্থলে পৌঁছে একই অভিযোগ করেন রাজ্যের বিধানসভায় বিরোধী দলের নেতা বিজেপির শুভেন্দু অধিকারী।
সরকারি হিসাবে বিস্ফোরণে যতজনের নিহত হওয়ার কথা বলা হচ্ছে, বাস্তবে এর চেয়ে বেশি মারা গেছেন বলে দাবি সঞ্জয়ের। তাঁর অভিযোগ, পুলিশ মৃতের প্রকৃত সংখ্যা জানাচ্ছে না। গ্রামে পরিস্থিতি উত্তপ্ত বলেও তিনি জানান। অবস্থা সামাল দিতে কলকাতা থেকে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের খাদিকুলে পাঠানো হয়েছে।
স্বাভাবিকভাবেই এই ঘটনা পশ্চিমবঙ্গে রাজনৈতিক রং নিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের নেতৃত্বে গতকালই তদন্তের নির্দেশ দিলেও বিরোধী দল বিজেপির দাবি ছিল, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএকে দিয়ে তদন্ত করানোর। গতকালই সেই দাবি মেনে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও আজ এনআইএ তদন্তের আরজি জানিয়ে হাইকোর্টে মামলা করেন শুভেন্দু অধিকারী। মামলাটি শুনতে রাজি হয়েছেন কলকাতা হাইকোর্ট; অর্থাৎ খাদিকুল বিস্ফোরণের তদন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
ইতিমধ্যে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, পটকার কারখানার আড়ালে বোমা বানানো হতো।
মুখ্যমন্ত্রী, তথা রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দাবি করে অধিকারী বলেন, ‘শুধু বাজি কারখানা ছিল না, পঞ্চায়েত নির্বাচন সামনে রেখে আপনার (মুখ্যমন্ত্রীর) পার্টিকে বোমা সরবরাহ করতে এই কারখানা তৈরি হয়েছিল। আর আপনার (মুখ্যমন্ত্রীর) পুলিশ প্রতি মাসে এখান থেকে ৫০ হাজার টাকা করে নিত।’
কারখানার মালিক কৃষ্ণপদ ওরফে ভানু বাগ ফেরার। কর্ণাটক নির্বাচনের পর ঝিমিয়ে পড়া রাজ্য বিজেপি খাদিকুল বিস্ফোরণে যে নতুন ইস্যু পেয়ে গেছে, তা বলাই বাহুল্য।
খাদিকুল অঞ্চলের মানুষ জানাচ্ছেন, ভানু বাগ এক অদ্ভুত চরিত্র। সঞ্জয় সরদারের কথায়, রীতিমতো সিনেমার চরিত্র। ৩০ বছর ধরে তাঁর ধ্যানজ্ঞান ছিল বাজি বানানো। তিনি এমন ধরনের পটকা এবং রকেট বানাতেন, যা শুনে এবং দেখে মানুষ অবাক হয়ে যেত।
আর এই পটকা বানাতে গিয়েই ভানুর কারখানায় একাধিকবার বিস্ফোরণ হয়েছে। এমনকি পাঁচ বছর আগে তাঁর কারখানাতেই বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ভাই ও স্ত্রীর। তারও আগে ১৯৯৫ সালে বিস্ফোরণে মৃত্যু হয়েছিল পাঁচজনের। আরও বেশ কয়েকবার ছোটখাটো বিস্ফোরণ হয়েছে।
কিন্তু এসবের পরও থামানো যায়নি ভানুকে, পটকা তিনি বানিয়ে গিয়েছেন। রোজগারও করেছেন প্রচুর। তবে এই ব্যবসা ছিল বেআইনি আর তা টিকিয়ে রাখতে শেষ পর্যন্ত রাজনীতিতে নামতে হয়েছিল ভানু বাগকে। যাঁকে এখন ‘আতশবাজির রাজা’ বলে চিহ্নিত করেছে ভারতের গণমাধ্যম।
ব্যবসা বাড়াতে, ২০১৩ সালে নির্বাচনে জিতে পঞ্চায়েত সদস্য হয়েছিলেন ভানু। ব্যবসা বাড়িয়েও ছিলেন। পূর্ব মেদিনীপুরের বাইরে গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছিল ‘আতশবাজির রাজা’র নাম। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে দাঁড় করিয়েছিলেন তাঁর পুত্রবধূকে, এবারও পঞ্চায়েত নির্বাচনে তাঁর পরিবারের সদস্যদের দাঁড় করানোর পরিকল্পনা ছিল ভানু বাগের।
যদিও ২০২২ সালে গ্রেপ্তার হয়েছিলেন অতিরিক্ত বারুদ মজুত রাখার জন্য। তবে জামিন পেয়ে আবার পুরোদমে শুরু করেছিলেন পটকা বানানোর কাজ। বিস্ফোরণের সময় প্রায় ২০ জন শ্রমিক উপস্থিত ছিলেন তাঁর কারখানায়। বিস্ফোরণের পর আর বিন্দুমাত্র অপেক্ষা না করে পরিবারসহ গ্রাম ছেড়ে পালিয়েছেন ভানু। তাঁকে ধরতে পশ্চিমবঙ্গ ছাড়াও আশপাশের রাজ্যে খোঁজখবর নিতে শুরু করেছে পুলিশ। একটি সূত্র জানিয়েছে, বিস্ফোরণে জখম হয়েছেন ভানু নিজেও এবং সম্ভবত আশ্রয় নিয়েছেন পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ওডিশায়।
ভানুর অবস্থা যা-ই হোক, পঞ্চায়েত নির্বাচনের আগে তিনি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চূড়ান্ত অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ, ভারতজুড়ে, ইংরেজি ও হিন্দি গণমাধ্যম প্রচার করতে শুরু করেছে যে তৃণমূলের তত্ত্বাবধানে বোমা তৈরি হচ্ছিল পূর্ব মেদিনীপুরের গ্রামে। যদিও এগরার তৃণমূল এমএলএ তরুণ মাইতি যাবতীয় অভিযোগ অস্বীকার করে বলেছেন, ভানু বাগ কোনো দিন তৃণমূল করেননি।
মাইতির কথা, ‘তিনি সিপিআইএম করতেন, আমি যত দূর জানি। আমি তাঁকে কখনো দেখিনি।’