কেরালায় রূপান্তরকামী যুগলের কোলজুড়ে এল সন্তান
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় বসবাস করেন জিয়া পাভাল ও জাহাদ। গর্ভধারণ এবং সেই ছবি প্রকাশের পর বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন রূপান্তরকামী এই যুগল। এবার তাঁদের ঘর আলো করে এসেছে ফুটফুটে সন্তান। এর মধ্য দিয়ে সমাজে রূপান্তরকামী জনগোষ্ঠীর প্রতি বিরূপ মনোভাব, বৈষম্য বা নিগ্রহ কিছুটা হলেও কমে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
গত বুধবার জিয়া ও জাহাদের ঘর আলো করে জন্ম নেয় একটি ফুটফুটে সন্তান। সংবাদমাধ্যমকে জিয়া জানান, নির্ধারিত সময়ের এক মাস আগেই শিশুটির জন্ম হয়েছে। তাঁর সঙ্গী জাহাদ ও নবজাতক সুস্থ রয়েছে।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন জিয়া। ওই ছবিতে নবজাতকের হাতের একটি অংশ দেখা যাচ্ছে। তবে শিশুটির নাম ও সে ছেলে নাকি মেয়ে, তা জানানো হয়নি।
জিয়া ও জাহাদের হাত ধরে ভারতে এই প্রথম কোনো রূপান্তরকামী দম্পতির সন্তান জন্ম দেওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। তাই এ ঘটনা দেশে-বিদেশে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষত গর্ভকালীন সময় জিয়া ও জাহাদের ছবি বিশ্বজুড়ে বেশ শোরগোল ফেলেছিল।
জানা গেছে, সন্তান নেওয়ার বিষয়ে গত বছর থেকে তাঁরা চিন্তাভাবনা করছিলেন। গর্ভকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, এই যুগল তাঁদের হরমোন থেরাপি নেওয়া সাময়িক বন্ধ রেখেছিলেন।
এদিকে জিয়া ও জাহাদের সন্তান জন্ম দেওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছাবার্তায় ভাসছেন তাঁরা। তাঁদের অভিনন্দন জানিয়েছেন অনেকেই। পাশে থেকে সমর্থন জোগানোর জন্য জিয়া ও জাহাদ তাঁদের শুভাকাঙ্ক্ষীদের কৃতজ্ঞতা জানিয়েছেন।
জাহাদ পেশায় হিসাবরক্ষক। সন্তান জন্ম দেওয়ার পর তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে কাজে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর। তখন জিয়া সন্তানের দেখভাল করবেন।