ধর্ষণের অভিযোগে পশ্চিমবঙ্গে দুই বিএসএফ সদস্য গ্রেপ্তার
এক নারীকে ধর্ষণের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা সীমান্তে ধর্ষণের এ ঘটনা ঘটে। গ্রেপ্তার বিএসএফ সদস্যদের আজ শনিবার সাত দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন আদালত।
পশ্চিমবঙ্গ পুলিশের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাতে বাগদা সীমান্ত দিয়ে চোরাই পথে সন্তানসহ বাংলাদেশে যাওয়ার চেষ্টা করেন এক নারী (২৩)। এ সময় সীমান্তে কর্তব্যরত বিএসএফের দুই সদস্যের হাতে ধরা পড়েন তিনি। এরপর সীমান্তলাগোয়া একটি ফসলখেতে নিয়ে তাঁকে ধর্ষণ করেন তাঁরা। পরে স্থানীয় লোকজন ওই নারীকে উদ্ধার করে বাগদা থানায় নিয়ে যান। সেখানে বিএসএফ সদস্যদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
বনগাঁর পুলিশ সুপার তরুণ হালদার জানান, শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত দুই বিএসএফ জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ ওঠা নারীকে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এদিকে গ্রেপ্তার বিএসএফ সদস্য আলতাফ হোসেন ও এস পি চেরোকে শনিবার বনগাঁ মহকুমা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিচারক তাঁদের সাত দিনের পুলিশি হেফাজতে পাঠিয়ে দিয়েছেন। এ ছাড়া ভুক্তভোগী নারী ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।