বাংলা মধুর ভাষা, শুনলে মনে হয় গ্রামের পাশেই আছি: দ্রৌপদী মুর্মু
গত বছরের ২৫ জুলাই ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর দ্রৌপদী মুর্মু আজ সোমবার প্রথম কলকাতায় এলেন। আজ রাজ্যের একাধিক এলাকা ঘুরে বিকেলে নাগরিক সংবর্ধনা সভায় বাংলা ভাষা ও সংস্কৃতির প্রশংসায় পঞ্চমুখ হলেন ভারতের এই দ্বিতীয় নারী রাষ্ট্রপতি। তিনি ঝাড়খন্ড রাজ্যের গভর্নর ছিলেন আগে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুপুর ১২টার দিকে রাজধানী দিল্লি থেকে বিমানবাহিনীর বিশেষ বিমানে করে দুই দিনের সফরে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সেখান থেকে চলে যান রেসকোর্স ময়দানে বিশেষ হেলিকপ্টারে।
তারপর আজ দুপুরে রাষ্ট্রপতি মুর্মু প্রথম পা রাখেন ভারতের ব্রিটিশবিরোধী আন্দোলনের মহানায়ক, স্বাধীনতাসংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসর দক্ষিণ কলকাতার এলগ্রিন রোডের নেতাজির স্মৃতিবাহী বাসভবন ’নেতাজি ভবনে’। এ সময় সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
এখানে কিছুক্ষণ থেকে তিনি চলে যান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। সেখানে গিয়ে তিনি পরিদর্শন করেন কবিগুরুর আঁতুড়ঘর, প্রয়াণকক্ষ ও বিচিত্রা ভবন। এসব দেখে রাষ্ট্রপতি আবেগে আপ্লুত হন।
এরপর রাজভবনে মধ্যাহ্নভোজ সেরে বিকেলে যান কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এক নাগরিক সংবর্ধনা সভায় যোগ দিতে। রাজ্য সরকার এই নাগরিক সংবর্ধনার আয়োজন করে। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ কলকাতার বিশিষ্টজনেরা যোগ দেন।
সংবর্ধনা সভায় রাষ্ট্রপতি বলেন, ‘বাংলা ভাষা মধুর ভাষা। বাংলা শুনলে মনে হয়, আমি গ্রামের আশপাশেই আছি। কারণ, বাংলা ভাষার সুবাস সুমধুর।’
দ্রৌপদী মুর্মু এই বাংলার মনীষীদের স্মরণ করেন। শ্রদ্ধা জানান দ্বিজেন্দ্রলাল রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় , কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, বিনয়-বাদল-দীনেশসহ স্বাধীনতাসংগ্রামীদের। বলেন, তাঁদের অবদান চিরস্মরণীয়। তিনি দ্বিজেন্দ্রলাল রায়ের ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘একবার বিদায় দে মা’ গানের কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, ‘শুধু কলকাতা নয়, আজ রাজ্যের মানুষ রাষ্ট্রপতির আগমনে সম্মানিত বোধ করছেন। আমরাও গর্বিত হয়েছি।’
আর মুখ্যমন্ত্রী মমতা বলেছেন, ‘বাংলা এখন গোটা দেশের কাছে এক মডেল। বাংলা মানে মানবতা, বাংলার কৃষ্টি–সংস্কৃতি আজও গর্বের। আমাকে অনেকে জিজ্ঞাসা করেন, আপনি মহিলা মুখ্যমন্ত্রী। আমি বলি, না, আমি মানুষ।’ মমতা এ সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাতে তুলে দেন একটি দুর্গাপ্রতিমা।
আগামীকাল মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি মুর্মু যাবেন হাওড়ার বেলুর মঠে। সেখানে তিনি পরিদর্শন করবেন বেলুর মঠের মূল মন্দির, স্বামী বিবেকানন্দের ঘর ও মায়ের মন্দির। এখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন রামকৃষ্ণ পরমহংস দেব ও স্বামী বিবেকানন্দের স্মৃতিতে। তারপর তিনি যাবেন কলকাতার সায়েন্স সিটি অডিটরিয়ামে। যোগ দেবেন ইউকো ব্যাংকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে। রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকেরই এখনো প্রধান কার্যালয় রয়েছে কলকাতায়।
কাল দুপুর নাগাদ রাষ্ট্রপতি চলে যাবেন বীরভূমের শান্তিনিকেতনের রবীন্দ্র স্মৃতিবিজড়িত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি যোগ দেবেন বিশ্বভারতীর সমাবর্তন উৎসবে। এখানেই রাষ্ট্রপতির সামনে বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা পরিবেশন করবেন একটি নাটক। বিকেল চারটা নাগাদ রাষ্ট্রপতি শান্তিনিকেতন থেকে ফিরে কলকাতা হয়ে চলে যাবেন রাজধানী দিল্লিতে।