ভারতে একটি পরিবার বিয়ের যাত্রী যেতে একটি ট্রেনের পুরো বগি ভাড়া করে, তারপর সবাই মিলে হইচই আর আনন্দ করতে করতে বিয়ে বাড়িতে রওনা হয়।
সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বহু মানুষ তাঁদের এই উদ্যোগের প্রশংসা করেছেন, তবে কেউ কেউ সমালোচনা করতে ছাড়েননি।
ভিডিওর শুরুতে দেখা যায়, বরযাত্রীদের একজন বগির নম্বরপ্লেটে একটি মালা ঝুলিয়ে দিচ্ছেন। অতিথিদের স্বাগত জানানোর জন্য বগির গায়ে একটি পোস্টারও ঝোলানো হয়েছে।
এরপর দেখা যায়, বগির ভেতর পুরো পরিবার—ছেলে থেকে বুড়ো, সবাই গানের তালে নাচছে।
ওই ভিডিওর একটি অংশে হবু কনেকে কেক কাটতে দেখা যায়। তাঁর চারপাশে ঘিরে থাকা পুরো পরিবার তালি দিচ্ছে, হাসছে, ছবি তুলছে।
ভিডিওর আরেকটি অংশে বগির ভেতর একজনকে উপহার বিতরণ করতে দেখা যায়। তবে এত কিছুর মধ্যেও টিকিট কালেক্টর তাঁর দায়িত্ব পালন ভুলে যাননি। হইহই ও আনন্দ করতে থাকা বরযাত্রীভর্তি বগির ভেতর তাঁকে হাসিমুখে নিজের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
ইন্ডিয়ান রেলওয়ে অ্যাকাউন্টস সার্ভিসের কর্মকর্তা অনন্ত রূপনাগুড়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘চলন্ত বারাত’ বা চলন্ত বরযাত্রীদের এই ভিডিও পোস্ট করেন।
পোস্টের শিরোনামে অনন্ত লিখেছেন, ‘যখন একটি মারোয়াড়ি বরযাত্রী দল ট্রেনের পুরো বগি ভাড়া করে।’
তবে ঠিক কোথায় বা কবে এ ঘটনা ঘটেছে, তা সেখানে বলা হয়নি।
ভিডিওটি অনলাইনে দর্শকদের দুই ভাগ করেছে। অনেকে একসঙ্গে বিয়ের অনুষ্ঠান উদ্যাপনের এই অনন্য উদ্যোগের প্রশংসা করেছেন।
একজন লিখেছেন, ‘বিয়ের অনুষ্ঠানের জন্য বর্ধিত পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে ভ্রমণ নিশ্চয়ই দারুণ আনন্দের।’
তবে কেউ কেউ সামাজিক শিষ্টাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের প্রশ্ন, পুরো বগি ভাড়া করা হলেও এভাবে উচ্চ স্বরে উদ্যাপন ঠিক কি না।