অনুব্রতর ‘ভাষার চর্চা’ চালু রেখেছেন তৃণমূল নেতারা
পশ্চিমবঙ্গের বীরভূমের তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের গ্রেপ্তার হওয়ার ঘটনাকে মেনে নিতে পারেননি তৃণমূলের নেতারা। গত বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন অনুব্রত। তিনি গ্রেপ্তার হওয়ার পর তৃণমূলের সংসদ সদস্য, বিধায়ক ও নেতারা একের পর এক বেফাঁস মন্তব্যের তির ছুড়ে দিচ্ছেন বিরোধী কংগ্রেস, বিজেপি এবং বাম দলের দিকে। বেফাঁস মন্তব্য ও হুমকির জন্য পরিচিত ছিলেন অনুব্রত মণ্ডল। এবার তাঁর অবর্তমানে ভাষার চর্চা চালু রেখেছেন তৃণমূলের নানা স্তরের নেতারা।
গতকাল শনিবার তৃণমূলের সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুগলির চুঁচুড়ার এক জনসভায় বলেন, ‘আমাদের নেত্রী আগে ঘোষণা দিয়েছিলেন, “এখন বদলা নয়, আমরা বদল চাই”।’ সেই স্লোগানকে পরিবর্তন করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন, ‘মমতাদি আমাকে ক্ষমা করবেন। আমি বলে ফেললাম, নতুন করে “বদল নয়, আমরা বদলা চাই”।’
চুঁচুড়ার মঞ্চ থেকেই তৃণমূলের বিধায়ক অসিত মজুমদার আরও এক ধাপ এগিয়ে বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুৎসা রটানো হলে, ধোলাই হবে, পেটাই হবে।’ এদিন অবশ্য বীরভূমের মুরারই ব্লকের তৃণমূলের সম্পাদক সুজয় দাস এবং পূর্ব বর্ধমানের আউশগ্রামের তৃণমূলের কার্যকরী সভাপতি অরূপ মিদ্যাও হুমকি দিয়েছেন অনুব্রত মণ্ডলের সুরে কড়া ভাষায়। অরূপ মিদ্যা বলেছেন, ‘সরকারটা এখনো তৃণমূলের। সেভাবে যেন পুলিশ কাজ করে। আমি যদি আমাদের ছেলেদের লেলিয়ে দিই, তবে তারা পালাবার পথ পাবে না। অনুব্রত আমাদের জন্য যে বীজ বপন করে গেছেন, তাতে আমাদের প্রতিটি নেতা আজ অনুব্রত মণ্ডল হয়ে জেগেছে।’
তৃণমূল নেতা পীযূশ পান্ডে বিরোধীদের নেংটি ইঁদুর হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘বেশি বাড়াবাড়ি করলে গর্তে ঢুকিয়ে মুখ সিমেন্ট দিয়ে বন্ধ করে দেব। আর বের হতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘এখন যেসব বিজেপি ও সিপিএমের নেতা লাফালাফি করছে, তাদের নাম আমরা লিখে রেখেছি। সময় এলে জবাব পাবে।’
অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে উল্লাস করেন বিজেপির নেতা–কর্মীরা। তাঁরা বাতাসা, নকুলদানা বিতরণ করেন। অনুব্রত বিরোধীদের হুমকি দিতে এই নকুলদানা ও বাতাসা দেওয়া কথা বলতেন। এর জন্যই বিজেপির এ কর্মসূচি।
ওই ঘটনা ক্ষুব্ধ তৃণমূল নেতা অরূপ মিদ্যা বলেছেন, ‘এবার আর বাতাসা বিলোলে চড়াম চড়াম জবাব পাবে।’
আর এসব মন্তব্যের পর বিজেপির কেন্দ্রীয় নেতা ও সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, যাঁরা আজ এসব কথা বলছেন, তাঁরা তো চুরির টাকার ভাগ পেয়েছেন। বেশি দিন এভাবে গায়ের জোর দেখানো যাবে না। পুলিশ সরে গেলে ওদের জামাকাপড় থাকবে না। কারণ, ‘পাবলিকের মাইর দুনিয়ার বাইর’।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, তৃণমূলের খুঁটি নড়বড়ে হয়ে গেছে। এবার মানুষই জবাব দেবে।
রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী বলেছেন, তৃণমূল বাংলার রাজনীতিকে বিষাক্ত করেছে। সন্ত্রস্ত করেছে। মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে ওরা অনুব্রত মণ্ডলকে হাতিয়ার করে বাঁচতে চাইছে।
সংসদ সদস্য লকেট চট্টোপাধ্যায় বলেছেন, ‘অনুব্রতকে আঁচলের তলায় রেখেছেন মমতা।’ সময় এলে জবাব পাবে।
আবার বাঁকুরার ওন্দার বিজেপি বিধায়ক অমর নাথ শাখা বলেছেন, ‘চাকরি দেওয়ার নাম করে যাঁরা টাকা নিয়েছেন, এক্ষুনি তাঁদের টুঁটিটা চেপে ধরে টাকা আদায় করুন।’
এদিকে এসব ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, ‘আমাদের একটা সামাজিক সম্মান রয়েছে। সেই সামাজিক সম্মান হরণ করার অধিকার ভারতের সংবিধানে কাউকে দেয়নি। আজ বিরোধী নেতাদের অসভ্যতামী দেখে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমার অনুরোধ এসব কথা থেকে সবাই দূরে থাকুন।’
তবে বৃহস্পতিবার অনুব্রত মণ্ডল সিবিআইর হাতে গ্রেপ্তার হলেও এখনো এ নিয়ে কোনো মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী মমতা।