যৌন হয়রানি প্রতিরোধ কমিটি নেই কেন, ভারতে ১৫ ক্রীড়া সংস্থাকে নোটিশ
জাতীয় মানবাধিকার কমিশন আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, শুধু কুস্তি ফেডারেশনই নয়, ভারতে অনেক ক্রীড়া সংস্থাই যৌন হয়রানি প্রতিরোধবিষয়ক অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (আইসিসি) গঠন করেনি।
২০১৩ সালের যৌন হয়রানি প্রতিরোধবিষয়ক আইনে বলা হয়েছে, সব সরকারি–বেসরকারি সংস্থাকে আইসিসি গঠন করতে হবে, যা ক্রীড়া সংস্থাগুলো করেনি। অন্তত ৩০টি জাতীয় ক্রীড়া ফেডারেশনের মধ্যে মোটামুটি ১৫টি আইন মেনে আইসিসি গঠন করেনি। এর মধ্যে এমনকি বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়াও (বিসিসিআই) রয়েছে। বিসিসিআইয়ের সচিব ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ।
বিষয়টিকে আইনের লঙ্ঘন বলে চিহ্নিত করে কমিশন বলেছে, এটি উদ্বেগের বিষয়। কারণ, এর ফলে খেলোয়াড়দের আইনি অধিকার ও মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। আপাতদৃষ্টে এই আইন লঙ্ঘনের কারণে কমিশন নোটিশ দিয়েছে কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রক, স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া, বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এবং আলাদাভাবে কুস্তি, হ্যান্ডবল, ভলিবল, বাস্কেটবল, ভারোত্তোলন, ইয়টিং, জিমন্যাস্টিকস, টেবিল টেনিস, বিলিয়ার্ডস, স্নুকার, কায়াকিং, ক্যানোয়িং, জুডো, স্কোয়াশ, ট্রায়াথলন, কাবাডি, ব্যাডমিন্টন, তিরন্দাজিসহ ১৫টি জাতীয় ক্রীড়া ফেডারেশনকে।
সংবাদমাধ্যমে বলা হয়েছে, এই সংস্থাগুলো কখনোই কেন্দ্রীয় আইনমাফিক আইসিসি গঠন করেনি অথবা যে কমিটি গঠন করেছে, তা পুরোপুরি ত্রুটিপূর্ণ। বিষয়টির উল্লেখ করেছে মানবাধিকার কমিশন।
বিবৃতিতে জাতীয় মানবাধিকার কমিশন বলেছে, প্রতিষ্ঠানগুলোতে আইসিসির বর্তমান অবস্থার পাশাপাশি সমস্যা সমাধানের জন্য নেওয়া বা প্রস্তাব করা পদক্ষেপসহ বিস্তারিত প্রতিবেদন চার সপ্তাহের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
ভারতে যৌন অপরাধের জন্য আইনে বড় রকমের পরিবর্তন আসে ২০১৩ সালে। ২০১২ সালে নির্ভয়া নামে চিহ্নিত (আসল নাম নয়) এক নারীকে দিল্লিতে চলন্ত বাসে ধর্ষণ শেষে হত্যা করা হয়। এরপরে জনরোষের কারণে যৌন হেনস্তা এবং অপরাধের ক্ষেত্রে আইনে বড় ধরনের পরিবর্তন আনে ভারত সরকার। বলা হয়, সব সরকারি–বেসরকারি সংস্থায় অভ্যন্তরীণ যৌন হেনস্তা প্রতিরোধ আইনের প্রয়োগ সঠিকভাবে হচ্ছে কি না, তা দেখার জন্য অভ্যন্তরীণ কমিটি গঠন করতে হবে। এই আইন পাসের ১০ বছর পরে এখন দেখা যাচ্ছে ভারতের অধিকাংশ ক্রীড়াপ্রতিষ্ঠানে আইন অনুযায়ী আইসিসি গঠন করা হয়নি।
গণমাধ্যমে মে মাসের গোড়ায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে বলা হয় কুস্তি ফেডারেশনসহ অন্তত পাঁচটি ক্রীড়া ফেডারেশনে আইসিসি নেই। চারটি ফেডারেশনের কমিটিতে নির্ধারিত সংখ্যক সদস্য নেই এবং অন্য ছয়টি ফেডারেশনে বাধ্যতামূলক বহিরাগত সদস্যের অভাব রয়েছে। এটাও বলা হয়েছে, একটি ফেডারেশনে দুটি প্যানেল ছিল। কিন্তু কোনোটিতেই স্বাধীন সদস্য ছিল না। কমিশন জানিয়েছে, এই রিপোর্টের ভিত্তিতে তারা স্বতঃপ্রণোদিত হয়ে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেয়।