মমতা ইস্যুতে অধীরকে হুঁশিয়ার করলেন খাড়গে

মল্লিকার্জুন খাড়গে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পঞ্চম দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বহরমপুর আসন থেকে এবার পঞ্চমবারের মতো লড়ছেন অধীর চৌধুরী। তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অহিনকুল সম্পর্ক।

অধীর সব সময় মমতার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে গোপন আঁতাত থাকার অভিযোগ তুলে আসছেন। কংগ্রেসের নেতারা বারবার পশ্চিমবঙ্গে মমতার সঙ্গে জোট গড়তে চেয়েছেন। কিন্তু তাতে সায় দেননি অধীর চৌধুরী।

গতকাল শনিবার জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে উত্তর প্রদেশ রাজ্যের রাজধানী লক্ষ্ণৌতে ইন্ডিয়া জোটের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘মমতার সর্বশেষ বিবৃতিতে এটা স্পস্ট হয়েছে, মমতা ইন্ডিয়া জোটে আছেন। তাই পশ্চিমবঙ্গে রাজ্য বা প্রদেশ কংগ্রেস যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করুক, জাতীয় কংগ্রেস মনে করে, মমতা ইন্ডিয়া জোটের অন্যতম এক শরিক।’ তিনি আরও বলেছেন, ‘ভোটের পর দিল্লির সরকার গড়তে হবে কি হবে না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কেউ নন অধীর চৌধুরী। সেটা ঠিক করবে কংগ্রেসের হাইকমান্ড’।

খাড়গে অধীর চৌধুরীকে অনেকটা হুমকির সুরে বলেন, ‘হয় হাইকমান্ডের কথা মানতে হবে, তাদের সিদ্ধান্ত অনুসরণ করতে হবে; নয় তাঁকে বাইরে যেতে হবে।’
এর পাল্টা জবাবে অধীর চৌধুরী বলেছেন, ‘আমিও কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য। অমিও হাইকমান্ডের লোক। বাংলায় কংগ্রেসকে রক্ষা করার লড়াই চলবে। থামানো যাবে না। কংগ্রেসের কেউ ক্ষতি করবে, এটা মেনে নেওয়া যাবে না।’

খাড়গে ও অধীর চৌধুরীর পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে কংগ্রেসের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। এখন দেখার বিষয় হচ্ছে, অধীর চৌধুরীর ওই বক্তব্যের পর কংগ্রেসের হাইকমান্ড কী ব্যবস্থা নেয়।