পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের তারিখ ঘোষণা, এখনো ভোটার তালিকা চূড়ান্ত হয়নি
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভার ভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। দুই দফায় আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্য বিধানসভার ২৯৪ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল ৮ দফায়।
নির্বাচন ঘনিয়ে এলেও চূড়ান্ত ভোটার তালিকা এখনো সম্পূর্ণ করতে পারেনি ভারতের নির্বাচন কমিশন। চলছে ভোটার তালিকায় নাম না ওঠা ৬০ লাখ ভোটারের তথ্য যাচাই–বাছাইয়ের কাজ। এ কাজে বিচার বিভাগীয় কর্মকর্তাকে যুক্ত করে ভোটার হওয়ার যোগ্যতার যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
বিবেচনায় থাকা ভোটারের সংখ্যা ৬০ লাখ ৬ হাজার ৬৭৫। তাঁদেরই সপক্ষে দেওয়া নানা তথ্য যাচাই–বাছাই করা হচ্ছে। এটি শেষ হলেই প্রকাশিত হবে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা।
নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, বিবেচনায় থাকা ৬০ লাখ ভোটারের তালিকা চূড়ান্তভাবে বাছাইয়ের পর তা নির্বাচন কমিশন থেকে জানানো হবে। নির্বাচনের আগেই এসব ভোটারের নাম অতিরিক্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে তাঁদের ভোট দেওয়ার ব্যবস্থা থাকবে।
গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ভোটার তালিকার নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ শুরুর পর প্রথম প্রকাশিত খসড়া তালিকায় বাদ পড়েন ৬৩ লাখ ৬৬ হাজার ৯৫২ ভোটার। তথ্যগত অসংগতির কথা বলে তাঁদের নাম বাদ দিয়ে তাঁদের নাম পরবর্তী শুনানি সাপেক্ষে বিবেচনায় রাখা হয়।
এই রাজ্যে এসআইআর সংশোধনের কাজ গত নভেম্বরে শুরু হয়। তখন এই রাজ্যের মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার ৫২৯ জন। মৃত, স্থানান্তরিত ও ঠিকানা পরিবর্তন, একই ব্যক্তির একাধিক এলাকার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত থাকার কারণে বাদ যায় ৫৮ লাখ ২০ হাজার ৮৯৯ জনের। এরপর চূড়ান্ত তালিকা প্রণয়নের সময় আরও বাদ পড়ে ৫ লাখ ৪৬ হাজার ৫৩ জনের নাম। ফলে বাদ পড়া ভোটারের সংখ্যা হয় ৬৩ লাখ ৬৬ হাজার ৯৫২। তাঁদের বিবেচনার তালিকায় রাখা হয়।
তাঁদের বাদ দিয়ে প্রকাশ করা হয় চূড়ান্ত ভোটার তালিকা। ফলে রাজ্যে সব মিলিয়ে ১ কোটি ২০ লাখ ভোটারের নাম কার্যত বাদ পড়ে গেলেও বিবেচনায় থাকা ৬৩ লাখ ভোটারের নাম ভোটার হিসেবে তালিকাভুক্ত করতে এখন নির্বাচন কমিশনারদের বিভিন্ন তথ্য, ডকুমেন্ট পরীক্ষা করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে কাজ চলছে। এ লক্ষ্যে রাজ্যে নিয়োগ করা হয়েছে ৭০০ বিচার বিভাগীয় কর্মকর্তা। ঝাড়খন্ড, বিহার ও ওডিশা থেকে ২০০ বিচার বিভাগীয় কর্মকর্তাকেও আনা হয়েছে।
বাছাই পর্ব শেষে বিবেচনায় থাকা ভোটারদের মধ্যে যোগ্য ভোটারদের প্রথম দফার তালিকা গতকাল সোমবার বিকেলে প্রকাশ করার কথা ছিল। কিন্তু রাজ্যের নির্বাচন দপ্তর সেই সময়ে তা প্রকাশ করতে পারেনি। প্রকাশ করেছে গতকাল রাত সাড়ে ১১টার দিকে। প্রথম দফার তালিকা দুভাগে প্রকাশ করেছে। একভাগে রয়েছে বাতিল হওয়া ভোটারদের নাম। আর অন্যভাগে রয়েছে চূড়ান্ত তালিকায় নাম ওটা ভোটারদের তালিকা।
নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রথম প্রকাশিত ২৯ লাখ বিবেচনায় থাকা ভোটারের মধ্যে যোগ্যতা অর্জন না করায় প্রায় ৪০ শতাংশের নাম বাদ যেতে পারে।
তবে এই রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল গতকাল বিকেলে সাংবাদিকদের বলেন, ২৯ লাখ ভোটারের যাচাই–বাছাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। রাতেই সেই তালিকা প্রকাশ করা হচ্ছে। অন্যদের তালিকা প্রতি শুক্রবার প্রকাশ করা হবে। তবে এসব ভোটারের এবার ভোটে দেওয়ার ব্যবস্থা থাকবে। তাঁদের নাম সংশোধিত অতিরিক্ত ভোটার তালিকায় পর্যায়ক্রমে বের করা হবে।
নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, এই অতিরিক্ত সংশোধিত ভোটার তালিকায় বাদ পড়া ব্যক্তিদের ট্রাইব্যুনালে আপিল করার সুযোগ থাকবে। এ লক্ষ্যে ১৯ জন সাবেক বিচারপতিকে নিয়ে রাজ্যের জন্য ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে।