শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার তৃণমূল বিধায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তারের পর আদালতে তোলা হয় তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে
ছবি: প্রথম আলো

পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনায় মুশির্দাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। সোমবার সকালে গ্রেপ্তার করা হয় তৃণমূল কংগ্রেসের এই বিধায়ককে।

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে গত শুক্রবার সিবিআইয়ের একটি দল জীবনকৃষ্ণের বাড়িতে তল্লাশি চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে বাড়ির পাশের পুকুরে দুটি মুঠোফোন, একটি পেনড্রাইভ ও একটি হার্ডডিস্ক ছুড়ে ফেলেন তিনি। এরপর সিবিআই কমকর্তারা জীবনকৃষ্ণকে নজরদারিতে রেখে মুঠোফোন খুঁজতে পুকুরে নামেন। পাম্পের সাহায্যে পানি সেচে রোববার একটি ও সোমবার অপর মুঠোফোনটি উদ্ধার করা হয়।

এদিকে জীবনকৃষ্ণর বাড়ির কাছের জঙ্গল থেকে শিক্ষক নিয়োগের ছয় বস্তা বিভিন্ন কাগজপত্র উদ্ধার করে সিবিআই। এরপর রোববার তাঁকে নিয়ে আসা হয় কলকাতার নিজাম প্যালেসের সিবিআইয়ের দপ্তরে। দীর্ঘ সময় সিবিআই হেফাজতে থাকার পর সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয় তাঁকে। এ সময় পাঁচ দিনের সিবিআই হেফাজত চাইলে আদালত চার দিনের মঞ্জুর করেন।

এই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।