ভারতের সুপ্রিম কোর্টে রক্ষাকবচ চেয়ে ব্যর্থ তৃণমূল নেতা অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়
ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের সুপ্রিম কোর্টে আজ ধাক্কা খেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই ও ইডির জেরা এবং গ্রেপ্তারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই অভিষেক আবেদন করেছিলেন রক্ষাকবচের। কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট আজ শুনানি শেষে অভিষেককে রক্ষাকবচ দেওয়ার আবেদন গ্রাহ্য করলেন না।

এর আগে অভিষেক এবং তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষকে পৃথকভাবে ২৫ লাখ করে মোট ৫০ লাখ রুপি জরিমানা করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। একই সঙ্গে রক্ষাকবচের আবেদন খারিজ করেছিলেন। সেই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সেই মামলার আজ সোমবার শুনানি হয় ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি নরসিমহার ডিভিশন বেঞ্চে। শুনানি শেষে ডিভিশন বেঞ্চ অভিষেকের রক্ষাকবচের আবেদন অগ্রাহ্য করে তাঁকে যে ২৫ লাখ রুপি জরিমানা করেছিলেন, তা প্রত্যাহার করে নেন। ফলে এবার আর বাধা রইল না অভিষেককে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা–সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট–ইডির জেরা করতে।

কলকাতার চাঞ্চল্যকর শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় জড়িয়ে গেপ্তার হয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা কুন্তল ঘোষ। এখন তিনি কারাগারে।

এই কুন্তল ঘোষকে যখন সিবিআই ও ইডি জেরা করে, তখন তিনি অভিযোগ তুলেছিলেন, সিবিআই এবং ইডির কর্মকর্তারা তাঁকে নির্যাতন করে তাঁর মুখ থেকে বের করতে চেয়েছিলেন এই নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কুন্তল ঘোষ এই অভিযোগ নিয়ে লিখিত আবেদন করেছিলেন কলকাতার হেস্টিংস থানায়। যদিও এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক নির্দেশে জানিয়ে ছিলেন, তদন্তের জন্য সিবিআই ও ইডি অভিষেক এবং কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। শুধু তা–ই নয়, কলকাতা হাইকোর্টে এই নির্দেশের বিরুদ্ধে অভিষেক আবেদন করলেও হাইকোর্ট অভিষেকের আবেদন খারিজ করে দেন। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।