দিল্লিতে আবারও ঘৃণা ভাষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজেপির সংসদ সদস্য পরভেশ ভার্মা
ছবি: টুইটার থেকে নেওয়া

এবার খোদ দিল্লিতেই ঘৃণা ভাষণের বন্যা বয়ে গেল। দিল্লি থেকে লোকসভায় নির্বাচিত বিজেপির সংসদ সদস্য পরভেশ ভার্মা মুসলমানদের নাম উচ্চারণ না করে ‘একটি সম্প্রদায়কে’ সম্পূর্ণভাবে সামাজিক বর্জন করার কথা বললেন। বিশ্ব হিন্দু পরিষদের এক বক্তা সরাসরি ‘হাত ও গলা কাটার’ হুকুম দিলেন। অন্য একজন বললেন লাইসেন্সের পরোয়া না করে বন্দুক ও রিভলবার জোগাড় করতে।

গত রোববার প্রকাশ্য জনসভায় এমন ঘৃণা ভাষণ সত্ত্বেও দিল্লি পুলিশ নীরব। একজনের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সোমবার পুলিশের পক্ষ থেকে একটি এফআইআর দাখিল করা হয়েছে। তবে তা বিনা অনুমতিতে সভা করার অপরাধে।

উত্তর-পূর্ব দিল্লির দিলশাদ গার্ডেনে ওই জনসভার আয়োজন করা হয়েছিল স্থানীয় এক যুবককে হত্যার প্রতিবাদে। মণীশ নামের ওই যুবককে গত সপ্তাহে ছুরি মেরে হত্যা করা হয়। হত্যার অভিযোগে যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়, তাঁরা সবাই মুসলমান। এর প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ ও অন্য কয়েকটি হিন্দু সংগঠনের ডাকে ওই জনসভায় পশ্চিম দিল্লির বিজেপি সংসদ সদস্য পরভেশ ভার্মা বলেন, এই সম্প্রদায়কে সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। মুসলমান শব্দ উচ্চারণ না করে তিনি বলেন, ‘এদের শায়েস্তা করার একটাই ওষুধ। সামাজিকভাবে সম্পূর্ণ বর্জন করা। এদের কাছ থেকে কেউ কিছু কিনবে না। এদের কেউ কোনো কাজ দেবে না।’ পরভেশ ভার্মার ওই ভাষণের ক্লিপিং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির এই সংসদ সদস্য বলেন, তিনি কোনো বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের নাম করে কিছু বলেননি। হত্যাকারীদের পরিবারদের বর্জন করার কথা বলেছেন।

ওই জনসভায় উগ্র হিন্দুত্ববাদী ধর্মীয় নেতা মহন্ত নওল কিশোর দাস ও জগৎগুরু যোগেশ্বর আচার্যও ঘৃণা ভাষণ দেন। নওল কিশোর বলেন, ‘লাইসেন্সের পরোয়া করবেন না। বন্দুক জোগাড় করুন। রিভলবার সংগ্রহ করুন। খুনিদের লাইসেন্স লাগে না। আপনাদেরও লাগবে না। আমরা একজোট হলে পুলিশ কমিশনারও সমীহ করবেন, যা করতে চাই, করতে দেবেন।’ যোগেশ্বর আচার্য বলেন, ‘আমাদের মন্দিরের দিকে ওরা আঙুল দেখালে ওদের হাত কেটে দাও। দরকার পড়লে গলা কেটে দেবে। বেছে বেছে এদের হত্যা করতে হবে।’ সাংবাদিকেরা প্রশ্ন করলে যোগেশ্বর আচার্য বলেন, সনাতন ধর্ম রক্ষার স্বার্থে ফাঁসিকাষ্ঠে গলা দিতেও তিনি প্রস্তুত।

সভাস্থলে পুলিশের উপস্থিতিতে এই ঘৃণা ভাষণ চললেও দিল্লি পুলিশ নিজে থেকে কোনো ব্যবস্থা নেয়নি। সোমবার দাখিল করা এফআইআরও ঘৃণা ভাষণের বিরুদ্ধে নয়। রোববার দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, তাদের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি। ভাষণের ভিডিও ক্লিপিং খতিয়ে দেখা হচ্ছে। বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনসল সাংবাদিকদের বলেন, এটি ছিল জন-আক্রোশ সভা। সেখানে যা কিছু বলা হয়েছে, সবই জিহাদিদের বিরুদ্ধে। কোনো বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে নয়।

তবে ওই জনসভা ও ভাষণকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ এক টুইটে পরভেশ ভার্মার ভাষণের ক্লিপিং জুড়ে জানতে চান, দিল্লি পুলিশ কী ব্যবস্থা নেবে? প্রধানমন্ত্রী কি এই ঘৃণা ভাষণ অনুমোদন করেন? এভাবেই কি তিনি সবকা সাথ সবকা বিকাশ করতে চাইছেন? হায়দরাবাদের এমআইএম নেতা ও সংসদ সদস্য আসাউদ্দিন ওয়েইসি টুইট করে বলেন, আরএসএসের মোহন ভাগবত বলেছেন, মুসলমানেরা নাকি অহেতুক ভয় পান। সত্য হলো, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হচ্ছে অথচ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও দিল্লির মুখ্যমন্ত্রী নীরব! ওয়েইসি জানতে চান, শাসক দলের এক সংসদ সদস্য খোদ রাজধানীতে দাঁড়িয়ে এমন কথা বললে সংবিধানের মূল্য কোথায়?

পরভেশ ভার্মা এর আগেও একাধিকবার ঘৃণা ভাষণ দিয়ে বিতর্কে এসেছেন। ২০২০ সালে দিল্লির শাহিনবাগে সিএএ-এনআরসিবিরোধী আন্দোলনের সময় তিনি পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, পুলিশ অবরোধ না সরালে তিনি সমর্থকদের দিয়ে তা সরাবেন। বিক্ষোভকারীদের তিনি ‘ধর্ষক ও খুনি’ বলে চিহ্নিত করেছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বিক্ষোভকারীদের ‘বিশ্বাসঘাতক’ বলে ‘গুলি করে মারার’ কথায় সায় দিয়েছিলেন। কারও বিরুদ্ধে সেবারও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি নাগরিক সমাজের তদন্ত প্রতিবেদন বলেছে, শাসক দলের নেতাদের ক্রমাগত ঘৃণা ভাষণ ২০২০ সালের দিল্লি দাঙ্গার প্রধান কারণ।