হাসতে হাসতে নিজের বুকে গুলি চালালেন তরুণ, বন্ধু করছিলেন ভিডিও

গুলিপ্রতীকী ছবি: রয়টার্স

ভারতের রাজধানী দিল্লিতে এক ব্যক্তি একটি পিস্তল ‘লোড’ করে সেটির ‘ট্রিগার’ আলতো করে স্পর্শ করেন। তখনই তাঁর বন্ধু বলে ওঠেন, ‘ভাই, গুলি চালিয়ে দিও না..।’

বন্ধুর সতর্কবার্তা শুনে হেসে ওঠেন ওই ব্যক্তি। তারপর পিস্তলের নল নিজের বুকে চেপে ধরেন।

আবারও তাঁর বন্ধু বলে ওঠেন, ‘আরে, না।’ তারপরই ‘বুম’ শব্দ, ওই ব্যক্তি মাটিতে পড়ে যান।

এই পুরো ঘটনা ভিডিও হয়েছে। যে ব্যক্তি নিজের বুকে হাসতে হাসতে গুলি চালিয়েছেন, তাঁর নাম পবন। তাঁর বন্ধু মুঠোফোনে ভিডিও করছিলেন।

পবন গুলিবিদ্ধ হওয়ার পর তাঁর বন্ধু তাঁকে নিয়ে হাসপাতালে ছোটেন, কিন্তু পবনকে বাঁচানো যায়নি। চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে মারা যান।

পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির দল্লুপুরায়। যে পিস্তল নিয়ে এত কাণ্ড, সেটি একটি বৈধ আগ্নেয়াস্ত্র। সেটির মালিক পবনের ওই বন্ধু, যিনি ভিডিও করছিলেন।

ভিডিওতে শোনা যায়, পিস্তলের মালিক পবনকে কীভাবে পিস্তল ‘লোড’ করতে হয়, তা শেখাচ্ছিলেন। তবে একই সঙ্গে তিনি বারবার বন্ধুকে গুলি না চালানোর জন্য সতর্ক করে যাচ্ছিলেন।

পুলিশ জানায়, পবন পিস্তল হাতে রিল তৈরি করছিলেন।