ঘটা করে বিবাহবিচ্ছেদ উদ্‌যাপন করলেন এই নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিবাহবিচ্ছেদ উদ্‌যাপন করেছেন শালিনি
ছবি: এনডিটিভি

আজকাল অনেকেই ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান আয়োজন করেন। প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করতে বিভিন্ন ভঙ্গিতে ছবি তোলেন বর-কনে। এসব ছবি শেয়ার করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু এত আয়োজন করে বিয়ে করার পর বিচ্ছেদ হলে সেটি জনসমক্ষে আনতে চান না কেউ-ই। কিন্তু ভারতীয় শিল্পী ও ফ্যাশন ডিজাইনার শালিনি ব্যতিক্রমী এই কাজ করেছেন। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ছবি তুলে উদ্‌যাপন করেছেন, যা শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। তাঁর এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী। আবার এ জন্য সমালোচনাও শুনতে হয়েছে তাঁকে।

লাল পোশাক পরে ছবি তুলে বিবাহবিচ্ছেদ উদ্‌যাপন করেছেন শালিনি। এ সময় তাঁর হাতে বড় বড় অক্ষরে ‘ডিভোর্সড’ লেখা দেখা যায়। একটি ছবিতে হাসিমুখে নিজের বিয়ের ছবি ছিঁড়ে ফেলেন। প্রতিটি ছবিতে আলাদা আলাদা ক্যাপশন দিয়ে একটা বার্তা দিয়েছেন তিনি। তাঁর ক্যাপশনগুলোর মূল কথা হলো, বিচ্ছেদ মানেই শেষ নয়। এটি জীবনে কখনো কখনো ইতিবাচক ফলও বয়ে আনে।

এমন উদ্‌যাপনের ধারণায় প্রেরণা খুঁজে পেয়েছেন অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী। সাবলীল ও সাহসী পদক্ষেপের জন্য কেউ কেউ তাঁকে অভিনন্দনও জানিয়েছেন।

ইনস্টাগ্রামে শালিনির পোস্টে একজন লিখেছেন, ‘আপনি সাহসী নারী। এই ধারা অব্যাহত থাকুক। আমরা সব সময় আপনাকে সমর্থন করি।’ আরেকজন লিখেছেন, ‘সাহসী একটা সিদ্ধান্ত। চালিয়ে যান। মানুষের নেতিবাচক কথাকে পাত্তা দিয়েন না। কেউ জানে না, কতটা সমস্যার মধ্য দিয়ে আপনি গেছেন।’

বিচ্ছেদের মতো ব্যাপার ঘটা করে উদ্‌যাপন করায় কেউ কেউ শালিনির সমালোচনা করেছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বুলিংয়েরও শিকার হয়েছেন তিনি। ছবির নিচে একজন মন্তব্য করেছেন, দয়া করে এটা নিয়ে প্রবণতা তৈরি করবেন না। কারণ, এটা দেখে অনেকেরই বিবাহবিচ্ছেদ হবে। এটা সমাজের জন্য ভালো নয়। বিবাহবিচ্ছেদের সব ছবি মুছে দিন।

শালিনির এমন সিদ্ধান্তের পেছনে পশ্চিমা সংস্কৃতির প্রভাব রয়েছে বলে মনে করেন একজন। তিনি লিখেছেন, ‘আমাদের সমাজে কী ঘটছে, তা সৃষ্টিকর্তাই ভালো জানেন। কয়েক দিন আগে এক পশ্চিমা নারীর কাছ থেকে বিবাহবিচ্ছেদের এই ধারণা পেয়েছেন (শালিনি)। কয়েকটা লাইক আর ভিডিওর জন্য বিয়েটা ভেঙে দিল।’