মনীশ সিসোদিয়া নির্দোষ, নোংরা রাজনীতির শিকার: কেজরিওয়াল
দুর্নীতির মামলায় গতকাল রোববার গ্রেপ্তার হওয়া দিল্লির উপমুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) নেতা মনীশ সিসোদিয়া নির্দোষ। তিনি নোংরা রাজনীতির শিকার হয়েছেন। এমন মন্তব্য করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আপপ্রধান অরবিন্দ কেজরিওয়াল।
গতকাল সকাল থেকে প্রায় ৯ ঘণ্টা মনীশকে জিজ্ঞাসাবাদ করে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। এরপর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। দিল্লিতে আবগারি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে মনীশের বিরুদ্ধে আগেই মামলা হয়েছিল।
টুইট করে এ ঘটনার প্রতিবাদ জানান অরবিন্দ কেজরিওয়াল। তিনি লেখেন, ‘মনীশ নির্দোষ। নোংরা রাজনীতির কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও অসন্তোষ দেখা গেছে। সবাই দেখছে। সবাই সবকিছু বুঝতে পারছে। মানুষ এর প্রতিক্রিয়া জানাবে। এ ঘটনা আমাদের সংগ্রামের গতি বাড়িয়ে দেবে। আমাদের আরও শক্তিশালী করবে।’
আম আদমি সরকার ক্ষমতায় আসার পর গত বছর দিল্লির আবগারি নীতি বদল করা হয়। সরকারি নিয়ন্ত্রণ তুলে দিয়ে মদ বিক্রির বেসরকারীকরণ করা হয়। দীর্ঘদিনের পুরোনো নীতি ও রীতি বদলের সে সিদ্ধান্তের পেছনে বিপুল অর্থের লেনদেন হয়েছিল বলে অভিযোগ রয়েছে। সে অভিযোগের তদন্তে সিবিআইয়ের আগে একাধিকবার উপমুখ্যমন্ত্রী মনীশকে জিজ্ঞাসাবাদ করেছিল।
গত বছর মনীশের বাড়ি, অফিসসহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় সিবিআই। খতিয়ে দেখা হয় তাঁর ব্যাংকের লকার ও বিভিন্ন নথি। তাঁর সঙ্গে ১৪ জনের বিরুদ্ধে এফআইআরও করেছিল সিবিআই। ৭ জনের বিরুদ্ধে চার্জশিটও দাখিল করা হয়; যদিও মনীশের নাম তাতে ছিল না।
জিজ্ঞাসাবাদের জন্য গতকাল মনীশকে সিবিআই কার্যালয়ে তলব করা হয়েছিল। বেলা ১১টা নাগাদ সমর্থকদের সঙ্গে নিয়ে হুডখোলা গাড়িতে চেপে তিনি সিবিআই সদর দপ্তরে হাজির হন। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সিবিআই জানায়, দুর্নীতির মামলায় মনীশকে গ্রেপ্তার করা হয়েছে।
আম আদমি পার্টির প্রভাবশালী নেতা মনীশ সিসোদিয়া। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তিদের একজন তিনি। দিল্লি সরকারের অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়ের ভার রয়েছে মনীশের হাতে।