মণিপুরে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর দাবি বিরোধীদের

কংগ্রেস, তৃণমূল কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এই দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবশ্য নির্দিষ্ট কোনো মতামত জানাননি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ৪ মে এটিএসইউএমের ডাকে ‘আদিবাসী সংহতি পদযাত্রা’র সময় ইম্ফলে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ছবি: এএনআই

মণিপুরের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে ডাকা সর্বদলীয় বৈঠকে বিরোধীদের সমস্বর দাবি, মণিপুরবাসীর মনে ভরসা ফিরিয়ে আনতে এক সপ্তাহের মধ্যে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানো হোক। কংগ্রেস, তৃণমূল কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এই দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবশ্য নির্দিষ্ট কোনো মতামত জানাননি। অমিত শাহই আজ শনিবার এই সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন।

বৈঠকে বিরোধী নেতারা বলেন, সরকারের উচিত কোনো টালবাহানা না করে অবিলম্বে অস্ত্র উদ্ধারের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা। হাজার হাজার আগ্নেয়াস্ত্র বিভিন্ন সম্প্রদায়ের মানুষের হাতে রয়েছে। সেসব অস্ত্র একে অন্যের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। নিরাপত্তা বাহিনীকেও তা দিয়ে আক্রমণ করা হচ্ছে। ওই সব অস্ত্র উদ্ধার করা জরুরি কাজ। মণিপুরের তিনবারের মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা ইবোবি সিং বলেন, এর পাশাপাশি সরকারকে দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের বন্দোবস্ত করতে হবে। মণিপুরবাসীকে বোঝাতে হবে, তারা দেশের মূলধারার অঙ্গ। তিনি বলেন, দুঃখের বিষয়, কেন্দ্র ও রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতা আজ মণিপুরকে এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে।

দেড় মাস ধরে মণিপুর অশান্ত। বিরোধীদের অভিযোগ, যা ছিল গোষ্ঠীদ্বন্দ্ব, ক্রমে তা সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত হয়েছে। শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। আহতের সংখ্যা সহস্রাধিক। কয়েক শ বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। কত সম্পত্তি নষ্ট হয়েছে ও হচ্ছে, তার কোনো হিসাবই নেই। বৈঠকের পর শনিবার সন্ধ্যায় কংগ্রেস নেতা ও রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রী ইবোবি সিং ও কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ সংবাদ সম্মেলনে বলেন, পরিস্থিতি নাগালের বাইরে চলে গিয়েছে বোঝার পর এখন ৫২ দিন পর কেন্দ্রীয় সরকার সর্বদলীয় বৈঠক ডাকার প্রয়োজনীয়তা উপলব্ধি করল। অথচ ৪ মে থেকে কংগ্রেস এই দাবি জানিয়ে আসছে। বিরোধীরা প্রত্যেকেই বলেন, সরকার কতটা উদাসীন, তার সবচেয়ে বড় প্রমাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা। বিজেপি শাসিত একটা রাজ্য দেড় মাস ধরে জ্বলছে, অথচ প্রধানমন্ত্রী নির্বিকার!

সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর দাবি জানিয়ে তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ওব্রায়ানও বৈঠকে বলেন, এত দিন ধরে কেন্দ্রীয় সরকার যা করেছে, তাতে কাজের কাজ কিছুই হয়নি; বরং বিভেদ বেড়ে গেছে। রাজ্যের মানুষের মনে হয়েছে, কেন্দ্র তাদের উপেক্ষা করছে। এই মনোভাব অবিলম্বে বদলানো প্রয়োজন।

রাজ্যের পরিস্থিতি কেমন ও সরকার এত দিন ধরে সামাল দিতে কী কী করেছে, বৈঠকে বিরোধীদের কাছে সরকারের পক্ষে তার খতিয়ান তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কীভাবে প্রতিদিন খবর নিচ্ছেন, তা জানানো হয়। কিন্তু সরকার বিরোধীদের দাবি মেনে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিরোধী নেতাদের জানানো হয়, মিয়ানমার থেকে অনুপ্রবেশ ঠেকাতে রাজ্যের সীমান্তে ১০ কিলোমিটারজুড়ে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে।

অমিত শাহ ছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশি। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও। একমাত্র মণিপুরী হিসেবে উপস্থিত ছিলেন তিনবারের সাবেক মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা ইবোবি সিং। অন্যান্যের মধ্যে ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য ডেরেক ওব্রায়ান, আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং, শিবসেনা (উদ্ধব) মুখপাত্র প্রিয়াংকা চতুর্বেদী, ডিএমকের তিরুচি শিবা, আরজেডির মনোজ ঝা, সিপিএমের জন ব্রিটাস, এআইএডিএমকের এম থাম্বিদুরাই, এসপির সাংসদ রামগোপাল যাদব প্রমুখ।