মণিপুরের পরিস্থিতি জটিল

দেড় মাসের বেশি সময় ধরে ভারতের এই রাজ্যে সহিংসতা চলছে। সহিংসতায় প্রায় ১৪০ জনের প্রাণহানি হয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
ফাইল ছবি: এএফপি

ভারতের মণিপুর রাজ্যের জটিল পরিস্থিতি মোকাবিলা সরকার কীভাবে করতে চাইছে, তা বিস্তারিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল সোমবার সকালে যুক্তরাষ্ট্র ও মিসর সফর শেষে দেশে ফিরলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অমিত শাহ রাজ্যের পরিস্থিতি তুলে ধরেন।

সরকারি সূত্রে জানা গেছে, মোদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাঁর আশা, অবস্থার দ্রুত পরিবর্তন ঘটবে।

দেড় মাসের বেশি সময় ধরে মণিপুর অশান্ত। সহিংস ঘটনায় প্রায় ১৪০ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন সহস্রাধিক। কয়েক শ ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আশ্রয়শিবিরে থাকতে হচ্ছে কয়েক হাজার মানুষকে।

গত শুক্রবার অমিত শাহ মণিপুর নিয়ে দিল্লিতে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। সেখানে বিভিন্ন দল বিভিন্ন ধরনের দাবি জানিয়েছিল। অধিকাংশের অভিমত ছিল, মুখ্যমন্ত্রী বীরেন সিং জনতার আস্থা হারিয়েছেন। তাঁর সরকারকে বরখাস্ত করে রাষ্ট্রপতির শাসন জারি করা হোক। বিরোধীদের আরও দাবি ছিল, পরিস্থিতি খতিয়ে দেখতে সর্বদলীয় প্রতিনিধিদলকে মণিপুরে নিয়ে যাওয়া হোক। বিরোধী দলের নেতারা বলেছিলেন, ওই রাজ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে; চলছে সাম্প্রদায়িক দাঙ্গা।

সর্বদলীয় বৈঠকের পর গত রোববার রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী বীরেন সিংকে ডেকে পাঠিয়েছিলেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্য সরকার অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছে।

এ সময় অমিত শাহ তাঁকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন। রাজ্যে ফিরে গিয়ে সংবাদমাধ্যমকে বীরেন সিং জানান, রাজ্যের পরিস্থিতি এখনো খুবই অস্থিতিশীল। সহিংসতার ধরন এই মুহূর্তে ঠিক কেমন তা নিশ্চিতভাবে বলা কঠিন।