লাদাখে তীব্র ঠান্ডার মধ্যে কেন প্রতিবাদ করছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত ওয়াংচুক
বলিউডে ২০০৯ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এ ‘ফুংসুক ওয়াংরু’ নামের এক ব্যতিক্রমধর্মী বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান। যাঁর ব্যক্তিত্বে অনুপ্রাণিত হয়ে চরিত্রটি তৈরি করা হয়েছিল, তাঁর নাম সোনম ওয়াংচুক। তিনি ভারতের তীব্র শীতল এলাকা লাদাখের বাসিন্দা।
বরাবরই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন তিনি। এবার লাদাখের প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার দাবি জানিয়ে গত বৃহস্পতিবার থেকে পাঁচ দিনের অনশন শুরু করেন। এরই মধ্যে শুক্রবার রাতে ওয়াংচুক টুইটার পোস্টে দাবি করেছেন, তাঁকে গৃহবন্দী কিংবা তার চেয়েও খারাপ পরিস্থিতিতে রাখা হয়েছে। তবে এর মধ্যেও চলছে অনশন।
লাইভ মিন্টের প্রতিবেদনে বলা হয়, শুরুতে ওয়াংচুকের খারদুংলায় অনশনে বসার কথা ছিল। সেখানকার তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি। তবে পরে ওয়াংচুক বলেন, খারদুংলায় যাওয়ার পথটি ভারী তুষারে ঢাকা পড়ায় তিনি হিমালয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভ, লাদাখে (এইচআইএএল) অনশন করার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর তিনি জানান, প্রশাসন সেখানেও বিধিনিষেধ জারি করেছে এবং তাঁকে গৃহবন্দী করা হয়েছে।
সোনম ওয়াংচুক কে
যন্ত্রপ্রকৌশলী ও উদ্ভাবক সোনম ওয়াংচুকের জন্ম ১৯৬৬ সালে। তিনি এইচআইএএলের পরিচালক ছিলেন। ২০১৮ সালে ম্যাগসাইসাই পুরস্কার পান। লাদাখভিত্তিক এ প্রকৌশলী স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ (এসইসিএমওএল) নামে একটি স্কুলের প্রতিষ্ঠাতা। উদ্ভাবনমূলক এ স্কুল সৌরশক্তিতে পরিচালিত হয়। রান্না করা, আলো জ্বালানো কিংবা কক্ষ উষ্ণ রাখতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয়নি।
১৯৮৮ সালে এসইসিএমওএল গঠন করেন সোনম ওয়াংচুক। উদ্দেশ্য ছিল লাদাখি শিশু ও তরুণদের সহযোগিতা করা। প্রচলিত শিক্ষাব্যবস্থায় যেসব শিক্ষার্থীকে অকৃতকার্য বলে বিবেচনা করা হয়, তাদের প্রশিক্ষণ দেওয়ার কাজটিও করে এ স্কুল।
সরকারি স্কুলব্যবস্থায় সংস্কার আনতে ১৯৯৪ সালে ওয়াংচুক অপারেশন নিউ হোপ নামের কর্মসূচি শুরু করেন। লাদাখে ঠান্ডা আবহাওয়ার মধ্যে সহনীয় তাপমাত্রা বজায় রাখতে তিনি মাটি দিয়ে বিশেষ একধরনের ভবন নির্মাণে পারদর্শী। এ ধরনের ঘরে কম খরচে সৌরতাপ ব্যবহার করে ঘর উষ্ণ রাখা যায়।
পার্বত্য অঞ্চলে পানিসংকট সমাধানের ক্ষেত্রে আইস স্টুপা নামের আরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগও নিয়েছেন ওয়াংচুক। ২০২১ সালে ওয়াংচুক সৌরতাপে পরিচালিত পরিবেশবান্ধব একটি তাঁবু তৈরি করেছেন। লাদাখ অঞ্চলের সিয়াচেন ও গালওয়ান উপত্যকার মতো অত্যন্ত শীতল এলাকাগুলোয় সেনাসদস্যরা এ তাঁবু ব্যবহার করতে পারেন। ২০২২ সালের নভেম্বরে পাওলোস মার গ্রেগরিয়াস পুরস্কার পান ওয়াংচুক।
ওয়াংচুক কেন অনশনে
সামরিকভাবে লাদাখ খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। কারগিল যুদ্ধসহ আরও কয়েকটি সংঘাতের ঘটনায় জায়গাটি বেশ পরিচিত। ২৩ জানুয়ারি ওয়াংচুক লাদাখের মানুষের জন্য সহায়তা চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়েছিলেন। লাদাখে সবাই ভালো নেই উল্লেখ করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য মোদির কাছে আবেদন জানান তিনি।
১৩ মিনিটের ওই ভিডিওতে লাদাখের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান ওয়াংচুক। বলেন, লাদাখে অত্যধিক পরিমাণে শিল্পকারখানা গড়ে তোলা হচ্ছে। এতে আগে থেকেই প্রচণ্ড রকম পানিসংকটে থাকা লাদাখের বাসিন্দাদের আরও সংকটে পড়তে হবে। খনন এবং এ ধরনের বিভিন্ন কার্যক্রমের কারণে ওই এলাকার হিমবাহ গলে যেতে পারে বলেও আশঙ্কা করেছিলেন তিনি।
লাদাখে অর্থনৈতিক উন্নয়ন এবং এটিকে সিদ্ধান্ত গ্রহণকারী স্বায়ত্তশাসিত অঞ্চলে পরিণত করতে ষষ্ঠ তফসিল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন স্থানীয় লোকজন। কোনো এলাকায় ষষ্ঠ তফসিল বাস্তবায়নের ক্ষেত্রে ওই এলাকায় ৫০ ভাগ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বসবাস থাকতে হয়। লাদাখে ৯৫ শতাংশ মানুষই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এমন অবস্থায় ওই ভিডিও বার্তায় ওয়াংচুক আশা প্রকাশ করেছিলেন, লাদাখে ষষ্ঠ তফসিল বাস্তবায়িত হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীবিষয়ক মন্ত্রীও এ ব্যাপারে আশ্বস্ত করেছেন বলে উল্লেখ করেন ওয়াংচুক।