‘নিজের মৃত্যুসনদ’ হারিয়ে পত্রিকায় বিজ্ঞাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পত্রিকায় প্রকাশিত মৃত্যুসনদের সেই বিজ্ঞাপন
ছবি: টুইটার থেকে নেওয়া

পত্রিকার পাতা খুললে নানা ধরনের হারানো বিজ্ঞপ্তি দেখা যায়। কারও হয়তো জন্মসনদ হারিয়েছে, কারও শিক্ষাসনদ। কেউবা হারানো প্রিয়জনকে খুঁজে পেতে পত্রিকায় বিজ্ঞাপন দেন।

তবে কেউ যদি নিজের হারিয়ে যাওয়া মৃত্যুসনদ খুঁজে পেতে পত্রিকায় বিজ্ঞাপন দেন, তাহলে নিশ্চয়ই পাঠকদের চোখ কপালে উঠবে। এমনই একটি বিজ্ঞাপনের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ শোরগোল ফেলেছে। সেখানে এক ব্যক্তি তাঁর মৃত্যুসনদ হারিয়ে বিজ্ঞাপন দিয়েছেন!

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য আসামে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি গতকাল শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, গত আগস্ট মাসে আসামের স্থানীয় এক পত্রিকায় ছোট একটি বিজ্ঞাপন ছাপা হয়।

সেখানে রণজিৎ কুমার চক্রবর্তী নামের এক ব্যক্তি লেখেন, আসামের হোজাই জেলার লুমডিং বাজারে তাঁর নিজের মৃত্যুসনদ হারিয়ে গেছে। ওই বিজ্ঞাপনে সরকারি মৃত্যুসনদের রেজিস্ট্রেশন ও সিরিয়াল নম্বরও দেওয়া ছিল।

কেউ মারা গেলে তখন মৃত্যুসনদ লেখা হয়। জীবিত ব্যক্তির নামে মৃত্যুসনদ দেওয়ার কোনো সুযোগ নেই। তাই জীবিত কেউ নিজের মৃত্যুসনদ হারিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেবেন, ঘটনাটি অবাক করার মতোই। সম্প্রতি ভারতীয় পুলিশ কর্মকর্তা রুপিন শর্মা তাঁর টুইটার হ্যান্ডেলে ওই বিজ্ঞাপনের ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘এমন ঘটনা শুধু ভারতেই সম্ভব।’ পরে তা ভাইরাল হয়।

রুপিন শর্মার টুইটে অনেকেই কমেন্ট করে মজা করেছেন। কেউ বলেছেন, ‘হয়তো স্বর্গ থেকে কোনো ব্যক্তি সহায়তা চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন। কেননা জীবিত কারও পক্ষে পত্রিকার পাতায় এমন বিজ্ঞাপন দেওয়া সম্ভব নয়।’ অন্য একজন লিখেছেন, ‘যদি সনদটি খুঁজে পাই, তবে সেটা কোথায় পাঠাতে হবে, স্বর্গে নাকি নরকে?’ আরেকজন এমন অদ্ভুত ঘটনায় ব্যঙ্গ করে লিখেছেন, ‘এটা অ্যাড-ভূত।’