ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে জঙ্গলমহল হিসেবে পরিচিত রাজ্যের চার জেলায় জনসভায় অংশ নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নির্বাচনী প্রচারে মোদি আজ রোববার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে জনসভায় অংশ নেন।
পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনের প্রথম দফার নির্বাচনে ভোট গ্রহণ ২৩ এপ্রিল। আর শেষ দফার ভোট গ্রহণ হবে ২৯ এপ্রিল।
নরেন্দ্র মোদি সকালে প্রথম জনসভা করেন বাঁকুড়ার বিষ্ণুপুরে। সেখানে তিনি বলেন, নারী সংরক্ষণ বিল পাস না করে যে অন্যায় করেছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস, তার শাস্তি পেতে হবে। মা–বোনদের এই অপমান ভারতের নারীসমাজ মেনে নেবে না।
নরেন্দ্র মোদি আরও বলেন, তৃণমূল সরকার চিরদিনই আদিবাসীদের অবজ্ঞা করে আসছে। দিচ্ছে না তাঁদের অধিকার। উন্নয়ন নেই জঙ্গলমহলের। অথচ এই ভারতের রাষ্ট্রপতি হলেন একজন আদিবাসী নারী দ্রৌপদী মুর্মু। তাঁকে অপমান করতেও ছাড়েননি মমতা।
নরেন্দ্র মোদি বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর বিনা পয়সায় চিকিৎসাসেবা দেওয়ার জন্য এই রাজ্যে চালু করা হবে আয়ুষ্মান ভারত প্রকল্প। এতে প্রতিবছর পাঁচ লাখ রুপির স্বাস্থ্য চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। মোদি অন্তঃসত্ত্বাদের জন্য এককালীন ২১ হাজার রুপি প্রদানেরও ঘোষণা দেন।
পুরুলিয়ার জনসভায় নরেন্দ্র মোদি বলেন, এ বাংলার নির্মম সরকারের ১৫ বছরের দুঃশাসনকে হটিয়ে দেওয়ার জন্য এবার এই বাংলার ক্ষমতায় আসবে বিজেপি। এটা মোদির গ্যারান্টি। এবার থেকে এ বাংলায় তৃণমূলের ‘ভয় আউট, বিজেপির ভরসা ইন’।
পুরুলিয়ার জনসভা শেষ করে নরেন্দ্র মোদি যোগ দেন ঝাড়গামের জনসভায়। সেখানে তিনি বলেন, এই ঝাড়গ্রাম হলো আদিবাসী সংস্কৃতি ও বীরদের পুণ্যভূমি। আদিবাসী নৃত্যের স্বর্ণ কোষাগার। বাংলা ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিয়েছে ভারত সরকার।
এরপর মোদি চতুর্থ জনসভা করেন পশ্চিম মেদিনীপুরের বেলদায়। বেলদার সভামঞ্চে উঠে তিনি বলেন, ‘তৃণমূলের অন্ধকার কাটানোর জন্য আপনারা আপনাদের মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালান। এ সময় সবাই ফ্ল্যাশলাইট জ্বালালে এক ভিন্ন রকম দৃশ্য দেখা যায়।’ তখন তিনি বলেন, এমনিভাবে তৃণমূলের অন্ধকার কাটিয়ে এবার আলো জ্বালাতে হবে বিজেপিকে।
এ ছাড়া আজ বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত নন্দীগ্রামে বিজেপির প্রচারে অংশ নেন। আরেক বলিউড তারকা মিঠুন চক্রবর্তীও বিজেপি প্রার্থীর সমর্থনে রামপুরহাটে রোড শো করেন।
এদিকে আজ তৃণমূল কংগ্রেসের নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিকেলে ভবানীপুর এলাকাবাসীকে নিয়ে মহারাষ্ট্র নিবাস হলে এক সভা করেন। তৃণমূলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সভা করেন সাগরদ্বীপ ও নন্দীগ্রামে। অভিষেক পানিহাটিতেও এক রোড শো করেন।