বিজেপির বাংলা দখলের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে: মমতা

একটি নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ফাইল ছবি: সংগৃহীত

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বাংলা দখলের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙ্গায় এক নির্বাচনী জনসভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মমতা বলেন, ‘বাংলার মানুষ আমাদের সঙ্গে আছে, এবারও তারা বিজেপিকে এই মাটি থেকে বিদায় করে দেবে।’

বিজেপির ধমকানি-চমকানিকে বিন্দুমাত্র পাত্তা দেন না জানিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘আমি বিজেপির কাছে মাথা নত করি না। বাংলার মানুষ এখনো তৃণমূলের উন্নয়নের পক্ষে। আমাদের লক্ষ্মীর ভান্ডার চলবেই, কেউ এটা বন্ধ করতে পারবে না। বিজেপি মনে করেছে ভয় দেখিয়ে তৃণমূলকে বিদায় দেবে। কিন্তু এই বাংলার মানুষ ওদের বিশ্বাস করে না।’

এর আগে হুগলির হরিপালের জনসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘এবারও বাংলায় তৃণমূলই ক্ষমতায় থাকবে এবং বিজেপির স্বপ্ন মাটিতে মিশে যাবে।’

পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনে বৃহস্পতিবার প্রথম দফার ভোট হতে যাচ্ছে। ভোট ঘিরে রাজ্যে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর হাজার হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। এবার বিধানসভার ২৯২ আসনের মধ্যে ১৬ জেলার ১৫২ আসনে নির্বাচন হতে চলেছে প্রথম দফায়। দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল বাকি ১৪২ আসনে ভোট হবে। ফল ঘোষণা করা হবে ৪ মে।

৪ মে তৃণমূলকে টা টা, বাইবাই: অমিত শাহ

বিজেপির শীর্ষ নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার দুপুরে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাবড়ায় এক জনসভায় বলেন, ‘৪ মে সকাল আটটায় ভোট গণনা শুরু হবে আর দুপুর একটার মধ্যে বাংলার মানুষ মমতাকে টা টা, বাইবাই করে দেবে। তৃণমূলের গুন্ডারা হয় পুলিশের কাছে ধরা দাও, না হয় পালিয়ে যাও। কারণ, ৪ মের পর দুর্নীতিবাজদের জায়গা হবে কারাগারে।’

অমিত শাহ মঙ্গলবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে একটি বিশাল মিছিলে অংশ নেন। সেখানে তিনি বলেন, ‘বাংলার মানুষ এবার তৃণমূলের দুঃশাসনের হিসাব পাই পাই করে বুঝে নেবে।’

‘বাংলায় রামরাজ্য হবে’

পশ্চিমবঙ্গে এবার বিজেপি ৮০ শতাংশ আসনে জয়লাভ করবে বলে মনে করেন ভারতের উত্তর প্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কলকাতার জোড়াসাঁকোয় গতকাল সকালে একটি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি বলেন, ‘বাংলায় বিজেপি রামরাজ্য প্রতিষ্ঠা করবে এবং হিন্দুত্বের ধ্বজা ওড়াবে।’

উত্তর প্রদেশের মাফিয়া দমনের উদাহরণ টেনে যোগী বলেন, ‘আমরা ইউপিকে মাফিয়ামুক্ত করেছি। এবার বাংলাকেও মাফিয়াদের হাত থেকে মুক্ত করব। ৪ মের পর বাংলা অন্ধকার থেকে আলোয় আসবে।’

বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিমদের এই পশ্চিমবঙ্গে কোনো ঠাঁই হবে না উল্লেখ করে আদিত্যনাথ বলেন, ‘নির্বাচনের পর তাদের খুঁজে বের করে তাড়িয়ে দেওয়া হবে।’

আরও পড়ুন

বাংলায় রামমন্দির হবে: হিমন্ত

আসামের বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা পশ্চিমবঙ্গের বর্ধমানের কালনায় আজ এক জনসভায় বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলে বাংলায় রামমন্দির প্রতিষ্ঠা করা হবে, ভারতে হিন্দুরাই থাকবে। তবে ভারতীয় মুসলমানরাও এ দেশে থাকবে। কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের কোনো জায়গা হবে না।’

হিমন্ত বিশ্বশর্মা আরও বলেন, ‘অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের সর্বত্র কাঁটাতারের বেড়া দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং বাংলাকে টিএমসি বা তৃণমূল কংগ্রেসমুক্ত করা হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় এখন পর্যন্ত টানা তিনবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ তৃণমূল নেত্রী প্রথমবার ২০১১ সালে বাম ফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসেন। এরপর ২০১৬ সালে দ্বিতীয়বার এবং সর্বশেষ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিশাল জয়ের পর তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।

অন্যদিকে ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এ পর্যন্ত টানা ১২ বছর ধরে ভারতের কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় রয়েছে বিজেপি। এ সময়টাতে পশ্চিমবঙ্গের বিধানসভায় ক্ষমতায় আসতে দলটি সর্বাত্মক চেষ্টা করলেও এ পর্যন্ত তা সম্ভব হয়নি।