গাড়ির ছাদে কুকুরের শহর ভ্রমণ, ভিডিও ভাইরাল

চলন্ত গাড়ির ছাদে বসে আছে কুকুর ছবি: ফেসবুক থেকে নেওয়া

পোষা প্রাণী হিসেবে অনেকেই কুকুর পছন্দ করেন। গ্রাম কিংবা শহর, যেকোনো স্থানে কুকুর পোষা যায়। প্রভুভক্ত হওয়ায় অনেকের কাছেই প্রাণীটি বেশ আদরের। সম্প্রতি ভারতের বেঙ্গালুরু শহরে ব্যক্তিগত একটি গাড়ির ছাদে কুকুরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। অনেকের কাছে বিষয়টি আকর্ষণীয় হলেও বিপজ্জনক এই ভ্রমণের জন্য গাড়ির মালিকের ওপর খেপেছেন বেশির ভাগ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী। এ জন্য চালকের শাস্তিও দাবি করেছেন কেউ কেউ।
ফরেভার বেঙ্গালুরু নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি টুইটারে আপলোড করা হয়েছে। সেখানে দেখা গেছে, প্রাইভেট কারের ছাদে একটি কুকুর বসে আছে। এ অবস্থায় গাড়িটি শহরে ঘুরে বেড়াচ্ছে। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, শুধু বেঙ্গালুরুর ঘটনা। এখন পর্যন্ত ভিডিওটি দেড় লাখবার দেখা হয়েছে। লাইক-কমেন্ট পড়েছে হাজারখানেক।

টুইটারে ছড়িয়ে পড়লেও ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি। এ ছাড়া এটা কবেকার ঘটনা, নিশ্চিত হয়নি সেটিও। তবে ভিডিওটি ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলেছে। সড়ক নিরাপত্তা ও প্রাণীর অপব্যবহার নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছাদে বসিয়ে কুকুরটিকে বিপদের মধ্যে ফেলায় অনেকেই গাড়ি চালকের কঠোর সমালোচনা করেছেন।

একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘কুকুরের গলায় কলার থাকায় আমি উদ্বিগ্ন। এটা দেখে মনে হচ্ছে, সম্ভবত এটি পোষা কুকুর। মালিক নিজেই কুকুরটিকে ছাদে বসিয়ে রেখেছেন। ব্যস্ত রাস্তায় গাড়ির ছাদে বসিয়ে কুকুরটিকে বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে।’

আরেক ক্ষুব্ধ ব্যক্তির মন্তব্য, ‘অবশ্যই এটা খারাপ কাজ। একটি প্রাণী কথা বলতে পারে না বলে, তাকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দেওয়ার কোনো অধিকার নেই আমাদের।’

একজন তো কুকুর পোষার যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, ‘কীভাবে প্রাণী পুষতে হয়, সেটি যাঁরা জানেন না, তাঁদের প্রাণী পুষতে দেওয়া উচিত নয়। এটি দেখে আমি খুবই বিরক্ত। কুকুরটি নিশ্চয়ই প্রচণ্ড ভয় পেয়েছে। এটি যিনি করেছেন, তিনি কি নিজের সন্তানের সঙ্গে এমনটি করতে পারতেন?’

আরেক ব্যবহারকারী ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনার চেষ্টা করেছেন। তিনি গাড়ির নম্বরপ্লেটটিও সবার নজরে আনার চেষ্টা করেছেন। কমেন্ট বক্সে ওই ব্যবহারকারী বেঙ্গালুরু সিটি পুলিশকে ট্যাগ করে এ ঘটনায় চালককে সতর্ক করার অনুরোধ করেছেন। অপর ব্যবহারকারী এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন।