গরমে কলকাতায় বাংলাদেশি ক্রেতাদের ভিড় কম
ঈদ উপলক্ষে বাংলাদেশ থেকে অনেকেই পশ্চিমবঙ্গের কলকাতায় বাজার করতে আসেন। তবে প্রচণ্ড গরমের কারণে এবার ঈদের বাজার এখনো জমেনি।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত তিন বছর ধরে ঈদের আনন্দ ম্লান হয়ে গিয়েছিল কলকাতায়। এবার আবার গরমের কারণে ঈদের বাজার সেভাবে জমেনি।
গতকাল কলকাতার তাপমাত্রা ছিল ৪০.৬ সেলসিয়াস। আর বাঁকুড়ায় ৪৪.১, বর্ধমানের পানাগড়ে ৪৩.৭, পুরুলিয়ায় ৪৩.৬, বীরভূমের শ্রী নিকেতন ৪৩.৬, কলকাতার সল্টলেকে ৪২.৬, দমদমে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতার বাংলাদেশিদের হোটেল পাড়ায় গিয়ে জানা গেছে, এবার এই গরমের কারণে ভিড় কম। আগে ঈদ মৌসুমে হোটেল খালি পাওয়া কঠিন ছিল। এবার বহু হোটেলই খালি পাওয়া যাচ্ছে।
সুরাট হোটেলের ব্যবস্থাপক প্রেম ঘোষ বলেছেন, এবার তেমন পর্যটকদের চাপ নেই। প্রচণ্ড গরমের কারণে বাংলাদেশি ক্রেতারা কলকাতায় কম এসেছেন।
ঢাকা থেকে আসা শাহানা আখতার বলেছেন, নাতি–নাতনিদের ঈদের পোশাক কেনার জন্য এসেছি। কিন্তু প্রচণ্ড গরমে আর থাকতে পারছি না, ফিরে যাচ্ছি।
বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব খ ম হারুন এসেছেন কলকাতায়। উঠেছেন হোটেলে। বললেন, ভাবিনি এত গরমের মুখে পড়তে হবে। দুই দিন তো হোটেল থেকে বের হইনি। হোটেলের আশপাশের দোকান থেকে টুকটাক কিনে ফিরে যাচ্ছি ঢাকাতে। ঈদের বাজারও করতে পারিনি।
ঈদ উপলক্ষে অনেক বাংলাদেশি কলকাতায় আসেন বাজার করতে। তবে নিউমার্কেট, সদর স্ট্রিট, মার্কুইস স্ট্রিট, কলিন স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড, রফি আহমেদ কিদোয়াই রোড, সদর ঘাট সর্বত্র হোটেল পাড়ায় এখন বাংলাদেশের ক্রেতাদের ভিড় তেমন নেই।
মানি চেঞ্জার শ্যামল সাহা বলেছেন, বাংলাদেশের মানুষ কম আসায় এখন তাঁদের ডলার, পাউন্ড ও ইউরোর ব্যবসা আগের মতো নেই।