বাংলাদেশের ছেলেকে বিয়ের পরামর্শ দিয়েছেন অভিবাসন কর্মকর্তা, বললেন ভারতীয় নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
ছবি: রয়টার্স

প্রিয়াঙ্কা বসু নামের ভারতীয় এক নারী বলেন, ঢাকার বিমানবন্দরের এক অভিবাসন কর্মকর্তা তাঁকে বাংলাদেশের কোনো ছেলেকে বিয়ে করার পরামর্শ দিয়েছেন। শুধু তা–ই নয়, ওই কর্মকর্তা তাঁকে উপযুক্ত পাত্রও খুঁজে দিতে চেয়েছেন। প্রিয়াঙ্কা বসুর সে টুইটটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকে এ নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন। খবর ইন্ডিয়া টাইমসের

৫ জানুয়ারি টুইটারে প্রিয়াঙ্কা বসু লিখেন, ‘ঢাকার বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তা আমার নিজের তথ্য, মা-বাবার তথ্য, আমি বিবাহিত কি না এবং আমার পেশা কী—এসব সম্পর্কে খোঁজখবর নেওয়ার পর আমাকে বাংলাদেশি ছেলেকে বিয়ে করার পরামর্শ দিয়েছেন।

বিয়ে করে ঢাকায় স্থায়ী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আমার স্থানীয় মুঠোফোন নম্বরটিও নিয়ে রেখেছেন। বলেছেন, উপযুক্ত কাউকে পেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন।’

ইতিমধ্যে প্রিয়াঙ্কার টুইটটি ভাইরাল হয়েছে। অনেক টুইটার ব্যবহারকারী এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ব্যবহারকারী মজা করে লিখেছেন, ‘ভালো কাউকে পেলে আমাকেও জানাবেন।’

আরেকজন লিখেছেন, ‘এটা যে তাদের কাজের অংশ, তা আগে জানা ছিল না।’
অপর এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘এ কর্মকর্তার কথাটি ম্যারেজ ব্যুরোর কথার মতো শোনাচ্ছে, পশ্চিমা বিশ্ব যাকে ডেটিং সার্ভিস বলে থাকে।

আমার আশা, শিগগিরই তিনি আপনাকে এমন কোনো প্রস্তাব দেবেন, যা আপনি প্রত্যাখ্যান করতে পারবেন না।’

অন্যজন টুইটটিকে সকাল থেকে তাঁর পড়া সবচেয়ে মজার জিনিস বলে উল্লেখ করেছেন।