কর্ণাটকে ক্ষমতায় এলে বজরঙ্গ দল, পিএফআইয়ের মতো সংগঠন নিষিদ্ধ করবে কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্ণাটকের নির্বাচনে দলীয় ইশতেহার তুলে ধরেছে কংগ্রেস। ২ মে ২০২৩
ছবি: এএনআই

কর্ণাটকে ক্ষমতায় এলে বজরঙ্গ দল, পিএফআইয়ের মতো সংগঠনকে কংগ্রেস নিষিদ্ধ করবে। আজ মঙ্গলবার দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করে কংগ্রেস এই প্রতিশ্রুতি দিয়েছে। এই রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রচারে গিয়ে বিজেপির শীর্ষ নেতারা বলেছেন, কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা নতুন করে শুরু হবে।

গত সোমবার বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশিত হয়েছিল। আজ মঙ্গলবার হলো কংগ্রেসের। দক্ষিণের একমাত্র বিজেপিশাসিত এই রাজ্যের বিধানসভার ভোট ১০ মে। ফল ঘোষণা ১৩ মে।

নির্বাচনী ইশতেহারে কংগ্রেস বলেছে, আইন ও সংবিধান পবিত্র। বজরঙ্গ দল, পিএফআই বা ওই ধরনের সংগঠন অথবা কোনো ব্যক্তি বিশেষ সেই পবিত্রতা নষ্ট করতে পারে না। সংখ্যাগুরু বা সংখ্যালঘুদের মধ্যে যারা শত্রুতা বাড়ায় ও ঘৃণা ছড়ায় তাদের নিষিদ্ধ ঘোষণার মতো আইনানুগ ব্যবস্থা কংগ্রেস ক্ষমতায় এলে নেবে।

নির্বাচনী ইশতেহারে দেওয়া এই প্রতিশ্রুতির কথা কংগ্রেস আজ মঙ্গলবার টুইট করেও জানিয়েছে। পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া বা পিএফআইয়ের জন্ম ২০০৬ সালে। হিন্দুত্ববাদী চেতনার প্রতিদ্বন্দ্বী হিসেবে সংখ্যালঘুদের সংগঠিত করার চেষ্টায় গঠিত এই সংগঠনকে ২০২২ সালে কেন্দ্রীয় সরকার ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে।

বিজেপি নির্বাচনী জনসভায় এদের উল্লেখ করে প্রচারে বলছে, কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যে নতুন করে দাঙ্গা বাধাবে। সেই প্রচারের পাল্টা হিসেবে কংগ্রেস হিন্দুত্ববাদী সংগঠন বজরঙ্গ দলকেও পিএফআইয়ের সঙ্গে এক পঙ্‌ক্তিতে বসাল।

এই সঙ্গে কংগ্রেস এ কথাও জানিয়েছে, রাজ্যে বিজেপি সরকার যেসব অন্যায্য ও জনবিরোধী আইন তৈরি করেছে, ক্ষমতায় আসার এক বছরের মধ্যে সে সব বাতিল করবে।

সাম্প্রদায়িকতায় উসকানিমূলক বেশ কিছু ব্যবস্থা রাজ্যের বিজেপি সরকার গত সাড়ে তিন বছরে নিয়েছে বলে কংগ্রেসের অভিযোগ। হিজাব বিতর্ক রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে অশান্তির আবহ তৈরি করেছে। বিতর্ক এখনো সুপ্রিম কোর্টের বিবেচনাধীন।

ইশতেহারে এ ছাড়া কংগ্রেস তার জনমুখী প্রকল্প ও প্রতিশ্রুতিগুলি তুলে ধরেছে। যেমন, ‘গৃহজ্যোতি’ প্রকল্পে বলা হয়েছে প্রতিটি দরিদ্র পরিবারকে মাসে ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি দেওয়া হবে। ‘গৃহলক্ষ্মী’ প্রকল্পে প্রতিটি দরিদ্র পরিবারের নারী কর্ত্রীকে মাসে ২ হাজার রুপি অনুদান।

দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারের প্রতি সদস্যকে মাসে ১০ কেজি করে চাল, গম, জোয়ারের মতো তাদের পছন্দের যেকোনো একটি দানাশস্য বিনা পয়সায় দেওয়া হবে। ‘যুব নিধি’ প্রকল্পে প্রত্যেক স্নাতক বেকারকে মাসে ৩ হাজার ও ডিপ্লোমাধারীকে দেড় হাজার রুপি দেওয়া হবে দুই বছর ধরে। রাজ্যের সর্বত্র মহিলারা সরকারি পরিবহনে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন ‘শক্তি’ প্রকল্পের অধীন।

সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার, এআইসিসি পর্যবেক্ষক রণদীপ সুরযেওয়ালাসহ শীর্ষ নেতাদের উপস্থিতিতে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে নির্বাচনী ইশতেহার প্রকাশ করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আজ বলেন, ক্ষমতাসীন হওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই কংগ্রেস এসব প্রতিশ্রুতি রূপায়ণ করবে। খাড়গে জানান, এটা তাঁর ‘ষষ্ঠ প্রতিশ্রুতি’।

দুর্নীতি, বেকারত্ব, মূল্যবৃদ্ধির পাশাপাশি বিজেপি সরকারের ‘অপশাসনের’ বিরুদ্ধে প্রচার তীব্র করেছে কংগ্রেস। ইশতেহার প্রতিশ্রুতি দিয়েছে, ক্ষমতায় এলে রাজ্যে সরকার ও সরকারি সংস্থায় সব শূন্য পদে নিয়োগ করা হবে। কর্ণাটকের অর্থনীতি ভারতের সব রাজ্যের মধ্যে চতুর্থ বৃহৎ।