মুখ্যমন্ত্রী মমতার বকা, মঞ্চেই কান্না বিধায়ক নয়নার
প্রকাশ্যে মঞ্চে কেঁদে ফেললেন পশ্চিমবঙ্গের তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ও তৃণমূলপ্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বকাঝকা খেয়েই এ কান্না। এ ঘটনা ঘটেছে গতকাল বুধবার।
কলকাতা পৌর করপোরেশন গতকাল ইফতার পার্টির আয়োজন করেছিল কলকাতার পার্ক সার্কাস ময়দানে। এ ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমসহ রাজ্যের মন্ত্রী, সংসদ সদস্য, বিধায়ক ও তৃণমূলের নেতারা। সেখানেই যোগ দেন কলকাতার চৌরঙ্গী বিধানসভা আসনের তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। নয়না বন্দ্যোপাধ্যায় একসময়ের নামী অভিনেত্রী। তাঁরই স্বামী তৃণমূলের বর্তমান সংসদ সদস্য ও তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
পার্ক সার্কাসে ইফতার পার্টি শেষ হলে নয়না মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বকাঝকা করেন নয়নাকে। মুখ্যমন্ত্রী বলেন, এখন আর তেমনভাবে দলের কাজ করেন না। তাঁর কাছে এ নিয়ে অভিযোগও এসেছে। নয়না এখন আর এলাকায় সময় দিচ্ছেন না। অন্য কাজে ব্যস্ত থাকেন। তাঁকে এলাকার মানুষ কাছে পান না। মানুষের ফোন ধরেন না। এরপরই মমতা নয়নাকে বলে যান, দল এসব আর বরদাস্ত করবে না। কাজ করতে হবে।
ক্ষোভের সঙ্গে মমতা বলেন, ‘তুমি কোনো কাজ করো না। মানুষের ফোনও ধরো না।’
আচমকা মমতার এসব কথা হজম করতে পারেননি নয়না। মুখ্যমন্ত্রীর এসব কথা শুনে মঞ্চেই প্রকাশ্যে কেঁদে দেন নয়না। এ সময় নয়নার পাশে এসে দাঁড়ান প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের কন্যা শ্রেয়া পান্ডে, তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়, জুঁই বিশ্বাসসহ দলীয় নেত্রীরা। তাঁরা সান্ত্বনা দেন। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও নয়নার পাশে এসে তাঁকে সামলান। প্রায় ১০ মিনিট এভাবে নয়না বন্দ্যোপাধ্যায় চুপচাপ থেকে কোনো কথা না বলে পার্ক সার্কাস ময়দান ছেড়ে চলে যান।