বিলকিসের ধর্ষকদের মুক্তির ফাইল পেশে কেন সরকারের অনীহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুজরাটে সংঘবদ্ধ ধর্ষণের শিকার বিলকিস বানু
ছবি: এএনআই

কোন যুক্তিতে বিলকিস মামলায় ১১ অপরাধীকে মুক্তি দেওয়া হলো, সেই সংক্রান্ত সরকারি ফাইল পেশে রাজি না হওয়ায় কেন্দ্র ও গুজরাট সরকারকে প্রবল ভর্ৎসনা করলেন সুপ্রিম কোর্ট। বিচারপতি কে এম জোসেফ ও বিচারপতি বি ভি নাগরত্ন গতকাল মঙ্গলবার বলেন, ‘বিলকিস বানু ও তাঁর পরিবারের সঙ্গে যা হয়েছে, তা কোনো সাধারণ খুনের অপরাধ নয়। আপনারা অপরাধের তারতম্য পর্যন্ত করেননি।’

২০০২ সালে গুজরাট দাঙ্গায় ২১ বছরের অন্তঃসত্ত্বা বিলকিস বানুকে দলবদ্ধ ধর্ষণ ও তাঁর পরিবারের ৭ সদস্যকে খুনের অভিযোগে ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। গুজরাট সরকার গত বছরের ১৫ আগস্ট স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উপলক্ষে তাঁদের মুক্তি দেয়। মুক্তির পর অপরাধীদের বরণ করে সমাজে ফেরত নেওয়া হয়েছিল। সরকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক মামলা করা হয়। গত বছরের নভেম্বরে ওই নির্দেশের বিরুদ্ধে মামলা করেন বিলকিস বানু নিজেও।

কোন যুক্তিতে গুজরাট ও কেন্দ্রীয় সরকার ১১ জনকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছিল, সেই ফাইলগুলো সর্বোচ্চ আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জোসেফ ও বিচারপতি নাগরত্ন। গত ২৭ মার্চের সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে কেন্দ্র ও গুজরাট সরকারের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল বি ভি রাজু সুপ্রিম কোর্টকে বলেন, ফাইল পেশের নির্দেশ পর্যালোচনার জন্য দুই সরকার আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী সোমবার (২৪ এপ্রিল) পর্যন্ত সেই সময় মঞ্জুর করা হোক।

সলিসিটরের জবাবে বিচারপতিরা বলেন, সে সময় মঞ্জুর করা যেতেই পারে, তবে ফাইল পেশ না করার কী যুক্তি থাকতে পারে? আইন মেনে সরকার কাজ করে থাকলে ফাইল জমা দিতে আপত্তি কোথায়? বিচারপতিরা বলেন, সরকার যদি তা না করে, তাহলে আদালত যা বোঝার বুঝে নেবে। সোমবার রিভিউ পিটিশন জমা দেওয়ার দিন। পরবর্তী শুনানি আগামী ২ মে।

কোন যুক্তিতে অপরাধীদের মুক্তি দেওয়া হলো, তা জানতে চাওয়ার পাশাপাশি বিচারপতিরা গতকাল শুনানির সময় বলেন, কার শাস্তি কতটা মওকুফ করা হবে, তা নির্ভর করে অপরাধের চরিত্রের ওপর। এখানে তালিকায় চোখ রাখুন। একজন এক হাজার দিনের প্যারোল পেয়েছেন! আরেকজন ১ হাজার ২০০ দিনের! আরও একজন দেড় হাজার দিন প্যারোলে মুক্ত ছিলেন! গুজরাট সরকার কোন নীতিতে এমন করেছে? এটা তো কোনো সাধারণ খুনের মামলা নয়? দলবদ্ধ ধর্ষণের পর হত্যাকাণ্ড? আপেলের সঙ্গে কমলা লেবুর যেমন তুলনা টানা যায় না, তেমনই সাধারণ খুনের ঘটনার সঙ্গে এই খুন ও ধর্ষণের ঘটনার তুলনা হয় না।

বিচারপতি জোসেফ ও বিচারপতি নাগরত্ন বলেন, সরকার তার বিবেচনা বোধ কাজে লাগিয়েছে কি না, সেটাই মূল প্রশ্ন। কোন যুক্তিতে, কিসের ভিত্তিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে, সেটাই বিবেচ্য। অতিরিক্ত সলিসিটর জেনারেলের উদ্দেশে বিচারপতিরা বলেন, ‘আজ বিলকিসের সঙ্গে এটা হয়েছে। কাল অন্য যে কারও সঙ্গে হতে পারে। আপনার আমার সঙ্গেও হতে পারে। আপনারা যদি মুক্তিদানের কারণগুলো না দেখান, তাহলে আমরা আমাদের মতো উপসংহারে পৌঁছাব।’

কোন যুক্তিতে গুজরাট ও কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে ফাইল দেখাতে চায় না, তা বিস্ময়ের। হতে পারে সংশ্লিষ্ট ফাইলে এমন কিছু আপত্তি তোলা হয়েছিল, যা যুক্তিসংগত। কিংবা এমন কিছু তথ্য প্রকাশ হতে পারে, যাতে বোঝা যাবে ওই অপরাধীদের মুক্তি দিতে কেন্দ্র ও রাজ্যের শাসক দলের বিশেষ আগ্রহ রয়েছে। সেই কারণে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন জানাতে চাইছে দুই সরকার। কারণ যা–ই হোক, বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকার ফাইল জমা না দিলে আদালত তাঁর মতো করে সিদ্ধান্ত নেবেন।

গুজরাট সরকার বিলকিস বানু ধর্ষণ ও পরিবারের ৭ সদস্যকে হত্যায় জড়িত ব্যক্তিদের মুক্তির সিদ্ধান্ত নেয় ১৯৯২ সালের নীতি অনুযায়ী। সেই নীতিতে বলা হয়েছিল, যেসব অপরাধী ১৪ বছর বা তার বেশি সাজা ভোগ করেছেন, তাঁদের ওই নীতিতে মুক্তি দেওয়া যেতে পারে। ২০১২ সালের নভেম্বরে সুপ্রিম কোর্ট ওই নিয়ম অকার্যকর করে দেন। এরপর ২০১৪ সালে গুজরাট সরকার নতুন এক নীতি চালু করে। সেই নীতি চালু করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় বিবেচনায় রাখা হয়েছিল। নতুন সেই নীতি পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও অনুমোদন পায়।

নতুন নিয়মে বলা হয়, সিবিআইয়ের তদন্তে অপরাধী সাব্যস্ত হওয়া কিংবা খুন, ধর্ষণ বা দলবদ্ধ ধর্ষণের অপরাধীরা মুক্তি পাওয়ার যোগ্য বলে গণ্য হবেন না। বিলকিস মামলার ১১ অপরাধীকে গুজরাট সরকার ১৯৯২ সালের নিয়ম মেনেই মুক্তি দেয়। যদিও সেই সিদ্ধান্ত গ্রহণের সময় ২০১৪ সালের নিয়ম বলবৎ ছিল। সেই সিদ্ধান্তের জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনও পেয়েছিল। মন্ত্রণালয় রাজ্য সরকারের আবেদনের নিষ্পত্তি করেছিল দুই সপ্তাহের মধ্যে। এত দ্রুত সরকারি ছাড়পত্র পাওয়ার ঘটনাও নজিরবিহীন। স্পষ্টতই কেন্দ্র ও রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকার যেকোনো কারণেই হোক চাইছিল, অপরাধীরা মুক্তি পান। আরও পরিষ্কার, সরকারি ফাইলে এমন কিছু তথ্য হয়তো রয়েছে, যা এত দিন জনসমক্ষে আসেনি এবং যা শাসক দল গোপন রাখতে আগ্রহী।

সুপ্রিম কোর্টে আবেদনকারী ব্যক্তিদের মধ্যে রয়েছেন সিপিএম নেত্রী সাবেক সংসদ সদস্য সুভাসিনী আলি, তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মিত্র, সাংবাদিক রূপরেখা ভার্মাসহ অনেকে। তাঁদের একজনের আইনজীবী কপিল সিব্বাল এজলাসে বলেন, ফাইল দেখলেই সব সত্যি প্রকাশিত হবে। কোনো সরকারেরই আর কিছু বলার থাকবে না।

আইনজীবী সিদ্ধার্থ লুথরা বলেন, অপরাধ যে জঘন্য, তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই অপরাধীদের ১৪ বছর সাজা হয়েছে। তার অর্থ এই নয়, অপরাধীরা ক্ষমা পাওয়ার যোগ্য। আইনজীবী অভিষেক মনু সিংভি এজলাসে বলেন, সিবিআইয়ের বিশেষ বিচারপতি ও তদন্তকারী পুলিশ সুপারের লিখিত আপত্তি সত্ত্বেও সরকার ওই সিদ্ধান্ত নিয়েছিল।

লক্ষণীয়, ওই মুক্তির বিরোধিতা করেছিল সিবিআই, মহারাষ্ট্র সরকার, তদন্তকারী কর্তারাও।