পশ্চিমবঙ্গের ফলতায় পুনর্নির্বাচনে জয়ী বিজেপির দেবাংশু পান্ডা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ে কলকাতায় দলটির কার্যালয়ের সামনে দলের নেতা-কর্মীদের উল্লাসছবি: রয়টার্স

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা আসনের পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী দেবাংশু পান্ডা। এই নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। দলটির প্রার্থী জাহাঙ্গীর খান ভোট প্রাপ্তির দিক থেকে চতুর্থ স্থানে নেমে গেছেন। ২১ মে এই পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়।

আজ রোববার ভোট গণনার চূড়ান্ত ফলাফলে দেখা যায়, বিজেপির প্রার্থী দেবাংশু পান্ডা পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৬৬ ভোট। ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিএম) প্রার্থী শম্ভু কুর্মি এবং কংগ্রেসের প্রার্থী আবদুর রাজ্জাক মোল্লা উভয়েই সমান ৪০ হাজার ৬৪৫টি করে ভোট পেয়েছেন। অন্যদিকে তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান মাত্র ৭ হাজার ৭৮৩ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন।

এর আগে গত ২৯ এপ্রিল এই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। ওই দিন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাস সৃষ্টির অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে ভারতের নির্বাচন কমিশন ওই দিনের ভোট বাতিল করে দেয় এবং ২১ মে পুনর্নির্বাচনের তারিখ ঘোষণা করে।

পুনর্নির্বাচনের মাত্র ৪৮ ঘণ্টা আগে নাটকীয়ভাবে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তৃণমূলের জাহাঙ্গীর খান। সে সময় তিনি দাবি করেছিলেন, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য যে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন, তাতেই এই এলাকা ‘সোনার ফলতায়’ পরিণত হবে। তাই তিনি ভোটের মাঠ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। তবে আনুষ্ঠানিক ব্যালটে তাঁর নাম থাকায় এই ভোটগুলো তাঁর বাক্সে পড়ে।