হিনডেনবার্গের প্রতিবেদন ‘ঈশ্বরপ্রেরিত’, বললেন ভারতের ট্রাকমালিক-চালকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৌতম আদানি
ফাইল ছবি: রয়টার্স

ভারতের উত্তরাঞ্চলের হিমাচল প্রদেশে পরিবহন ভাড়া নিয়ে আদানি গ্রুপের সঙ্গে বচসা চলছিল ট্রাকমালিক ও চালকদের। তাঁদের ট্রাকগুলো আদানি গ্রুপের কারখানা থেকে সিমেন্ট পরিবহনের কাজে ব্যবহার করা হয়। অবশেষে গত সোমবার এ নিয়ে একটি সমাধানে এসেছে আদানি গ্রুপ। এতে উচ্ছ্বসিত ট্রাকমালিক ও চালকেরা। তাঁরা বলছেন, এই ‘জয়ের’ পেছনে কাজ করেছে আদানি গ্রুপ নিয়ে যুক্তরাষ্ট্রের গবেষণাপ্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চের একটি প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘ঈশ্বরপ্রেরিত’ বলে মনে করছেন তাঁরা।

ট্রাকভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে হিমাচল প্রদেশে গত ১৫ ডিসেম্বর নিজেদের দুটি সিমেন্ট কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় আদানি গ্রুপ। তাদের ভাষ্য ছিল, অতিরিক্ত ট্রাকভাড়ার কারণে ওই কারখানাগুলো চালু রাখা সম্ভব হচ্ছে না। এর আগে ট্রাকভাড়া অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করেছিল আদানি গ্রুপ। কারখানা বন্ধের সিদ্ধান্তের পর থেকে হিমাচল প্রদেশের প্রায় সাত হাজার ট্রাকমালিক ও চালক আদানি গ্রুপের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন।

আরও পড়ুন

পরে সোমবার আদানি গ্রুপ ঘোষণা দেয়, ট্রাকমালিক ও চালকদের সংগঠনের সঙ্গে তাদের এই বিতণ্ডার ‘বন্ধুত্বপূর্ণ সমাধান’ করা হয়েছে। শেষ সিদ্ধান্ত অনুযায়ী, কারখানাগুলো চালু রাখা হবে। আর ট্রাকভাড়া ১০ থেকে ১২ শতাংশ কমানো হবে। এই সিদ্ধান্তে বেশ খুশি ট্রাকমালিক ও চালকদের সংগঠনের এক নেতা। তিনি বলেছেন, আদানি গ্রুপের সঙ্গে রাতভর আলোচনার পর ‘জয়’ তাঁদের পক্ষে এসেছে।

এই আলোচনায় ট্রাকমালিক ও চালকদের পক্ষে অংশ নেওয়া নেতৃত্বস্থানীয় একজন রামকৃষ্ণ শর্মা। তিনি বলেন, ভারতের সবচেয়ে বড় ব্যবসা গ্রুপের বিরুদ্ধে লড়াইয়ে হিনডেনবার্গের প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটা ট্রাকমালিক ও চালকদের তৎপর হয়ে উঠতে এবং রাজনৈতিক সমর্থন পেতে সহায়তা করেছে।

গত ২৪ জানুয়ারি প্রকাশিত হিনডেনবার্গের প্রতিবেদনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ গুজরাটি শিল্পগোষ্ঠী আদানিদের অস্বাভাবিক বাণিজ্যিক উত্থানের পেছনে জালিয়াতি ও শেয়ারবাজারে কারচুপিকে বড় করে দেখানো হয়েছে। এরপর নানা তদন্তের মুখে পড়েছে শিল্পগোষ্ঠীটি। তাদের ব্যবসায়েও বড় ধস নেমেছে। যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বসের তথ্য অনুযায়ী, বিশ্বের ধনকুবেরদের তালিকায় তৃতীয় থেকে ২৬তম অবস্থানে নেমে এসেছেন আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি।

আরও পড়ুন

বেশ কয়েক সপ্তাহ ধরে আদানি গ্রুপের বিরুদ্ধে ট্রাকমালিক ও চালকেরা বিক্ষোভ করছিলেন। তাঁদের অনেকে বলছেন, গত ১৫ ডিসেম্বর আদানি গ্রুপের কারখানা বন্ধ করার সিদ্ধান্তের পর ২৪ জানুয়ারি প্রকাশিত হিনডেনবার্গের প্রতিবেদনটি ‘ঈশ্বরপ্রেরিত’। প্রতিবেদনটি প্রকাশের আগে তাঁদের অনেকে স্থানীয় একটি মন্দিরে প্রার্থনার জন্য গিয়েছিলেন। আদানিদের সঙ্গে বিরোধ সমাধানে দেব-দেবীদের উদ্দেশে মিষ্টান্ন উৎসর্গ করেছিলেন তাঁরা।

সোমবার নেওয়া নতুন সিদ্ধান্তের পেছনে হিনডেনবার্গের প্রতিবেদন কাজ করেছে কি না, তা আদানি গ্রুপের কাছে জানতে চেয়েছিল বার্তা সংস্থা রয়টার্স। এর কোনো জবাব দেয়নি তারা। এক বিবৃতিতে শিল্পগোষ্ঠীটি বলেছে, হিমাচল প্রদেশসহ সবার স্বার্থেই সমস্যার ‘বন্ধুত্বপূর্ণ’ সমাধান করা হয়েছে। বিভিন্ন শ্রমিক সংগঠন, রাজ্যের মুখ্যমন্ত্রীসহ সব অংশীদারদের কাছে তারা ‘কৃতজ্ঞ’।

তবে আদানি গ্রুপের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, হিনডেনবার্গের প্রতিবেদন প্রকাশের পর থেকে বিরোধীপক্ষের ‘নেতিবাচক প্রচারণার’ মুখে চাপে ছিল গোষ্ঠীটি। এর মধ্যে কারখানা চালু রাখার সিদ্ধান্ত কিছুটা হলেও তাদের জন্য স্বস্তি এনে দিয়েছে।

আরও পড়ুন