ছত্তিশগড়ে বিজেপি নেতাকে গাড়িতে পুড়িয়ে হত্যা
ভারতের ছত্তিশগড়ের কোরিয়া জেলায় বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক বিজেপি নেতাকে গাড়িতে ভেতর পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ধারণা করছে, গাড়িটিতে উদ্দেশ্যমূলকভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনায় তাঁর আরও দুই আত্মীয় নিহত হয়েছেন।
পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘প্রাথমিক তথ্য–উপাত্ত ও ফরেনসিক বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী, ভুক্তভোগীদের জীবন্ত পুড়িয়ে মারার জন্য অভিযুক্তরা জ্বালানি ঢেলেছিল। তবে পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো জমা দেওয়া হয়নি।’ এই ঘটনায় একই পরিবারের চার সদস্য বিশাল, সত্যকুমার, অক্ষয় ও মহেন্দরকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সন্ধ্যায় সোনহাত তহসিলের কাটগোডি গ্রামে। প্রায় ৬০ বছর বয়সী ভারত সিং তাঁর আত্মীয়দের নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ উঠেছে, সন্দেহভাজনেরা একটি ট্রাক নিয়ে এসে তাঁদের গাড়িতে ধাক্কা দেয়। পুলিশ প্রথমে সংঘর্ষের কারণে আগুন লেগেছে বলে মনে করলেও এখন ধারণা করছে, জ্বালানি ব্যবহার করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।
পুলিশ জানায়, সংঘর্ষের ফলে গাড়ির দরজাগুলো আটকে যায়। এতে আরোহীরা ভেতরে আটকা পড়েন। ভারত সিং ঘটনাস্থলেই মারা যান। তাঁর ৫৩ বছর বয়সী ভাই নগেন্দ্র সিং ৮০ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে মারা যান। বীরেন্দ্র প্রতাপ সিং (৩২) নামের আরেক আত্মীয়কে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
বিরোধী দল কংগ্রেস অভিযোগ করেছে, রাজনৈতিক আশ্রয়েই রাজ্যে অবৈধ বালু উত্তোলন চলছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই সাংবাদিকদের বলেন, ‘কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।’