পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: তৃণমূলের প্রার্থীদের ৭১ শতাংশই কোটিপতি

তৃণমূলের লোগোছবি: ফেসবুক

পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে প্রথম দফায় যেসব প্রার্থী আছেন তাঁদের মধ্যে ২১ শতাংশ কোটিপতি। তবে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মধ্যে ৭১ শতাংশই কোটিপতি। তাঁদের গড় সম্পত্তির অর্থমূল্যও অনেক বেশি অন্য দলের প্রার্থীদের চেয়ে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আর কোনো দলের প্রার্থীদের মধ্যে এত কোটিপতি নেই।

প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সঙ্গে দেওয়া এফিডেভিট পর্যালোচনা করে এডিআর বা অ্যাসোসিয়েশন অব ডেমোক্রাটিক রাইটস এবং ওয়েস্টবেঙ্গল ইলেকশন ওয়াচ নামের দুটি সংগঠন এ তথ্য দিয়েছে।

পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার ২৯৪ আসনের নির্বাচন হবে দুই দফায় ২৩ ও ২৯ এপ্রিল। ইতিমধ্যে প্রথম দফার নির্বাচনে অংশগ্রহণকারীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রথম দফার ১৫২টি আসনে লড়ছেন ১ হাজার ৪৭৮ জন প্রার্থী। আর দ্বিতীয় দফার নির্বাচন হবে ১৪২টি আসনে।

দুই প্রতিষ্ঠানের সমীক্ষা রিপোর্টে বলা বলেছে, প্রথম দফার নির্বাচনে তৃণমূলের ১৪৮ প্রার্থীর মধ্যে ১০৬ জন কোটিপতি। তাঁদের গড় সম্পত্তির পরিমাণ ৫ কোটি ৭০ লাখ রুপি। বিজেপির ১৫২ জন প্রার্থীর মধ্যে ৭১ জন কোটিপতি। তাঁদের গড় সম্পত্তির পরিমাণ ২ কোটি ৫৭ লাখ রুপি। তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস। কংগ্রেসের ১৫১ জন প্রার্থীর মধ্যে ৫০ জন কোটিপতি এবং তাঁদের গড় সম্পত্তির পরিমাণ ২ কোটি ৬ লাখ রুপি। আর সিপিএমের ৯৮ জন প্রার্থীর মধ্যে ২৪ জন কোটিপতি। তাঁদের গড় সম্পদ ৯২ লাখ ৪২ হাজার রুপি।

ফৌজদারি অপরাধের সঙ্গে যুক্ত থাকা প্রার্থীদের মধ্যে শীর্ষে আছেন বিজেপির প্রার্থীরা। বিজেপির ৭০ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি অপরাধের মামলা। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থীরা। তাদের এই হার ৪৪ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেসের। তাদের প্রার্থীদের মধ্যে এই অপরাধের হার ৪৩ শতাংশ। আর কংগ্রেসের রয়েছে ২৬ শতাংশ।

সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, মোট প্রার্থীর ২১ শতাংশ প্রার্থী গুরুতর অপরাধের মামলায় যুক্ত। ৯৮ জন প্রার্থীর বিরুদ্ধে নারীদের ওপর অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে আবার ৬ জনের বিরুদ্ধে ধর্ষণের অপরাধের মামলা রয়েছে। আবার ১৯ জন প্রার্থী খুনের অভিযোগ এবং ১০৫ জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অপরাধের মামলা রয়েছে। ১৯ জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে খুনের অভিযোগে মামলা। ১০ কোটির বেশি সম্পদের মালিক থাকা এমন ৩৫ জন প্রার্থীও রয়েছেন।

প্রথম দফার নির্বাচনের আসনগুলো রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুরা, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।