ভারতকে চিন্তায় ফেলেছেন বিলাওয়াল
ভারতকে বেশ দুশ্চিন্তায় রেখেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। মে মাসের শুরুতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে যোগ দিতে তিনি ভারতে আসছেন। আগামী ৪ ও ৫ মে ভারতের গোয়ায় বসছে এসসিও সম্মেলন। ভারতের চিন্তা, ভারতে দাঁড়িয়ে বিলাওয়াল ভারত-বিরোধিতার মাত্রা বাড়িয়ে দেন কি না, তা নিয়ে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রের কথায়, ‘পাকিস্তানের অতীত ও সাম্প্রতিককালে বিলাওয়ালের আচরণ এতটাই দুর্বিনীত যে এসসিওর উদ্দেশ্য ছাপিয়ে পাকিস্তান-ভারত বৈরিতা শেষ পর্যন্ত প্রাধান্য পেয়ে যায় কি না, সেটাই আমাদের ভাবাচ্ছে।’
এক সপ্তাহ আগে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় বিলাওয়াল ভুট্টোর সফরের কথা জানিয়ে দেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পরে সেই সম্ভাবনার কথা স্বীকার করে জানায়, এসসিও সভাপতি হিসেবে ভারত সব সদস্যদেশকেই প্রথামাফিক আমন্ত্রণ জানিয়েছে। সেই থেকে চলছে প্রবল জল্পনা, আন্তর্জাতিক সম্মেলনের ওই অবসরে ভারত-পাকিস্তানের দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে কোনো পার্শ্ববৈঠক হওয়ার সম্ভাবনা আছে কি না। দ্বিপক্ষীয় কথাবার্তা হতে পারে কি না। ভারত এখনো সেই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও পানামা সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত মঙ্গলবার বুঝিয়ে দিয়েছেন, সেই সম্ভাবনা একেবারেই নেই। পানামার পররাষ্ট্রমন্ত্রী জানাইনা টিউওয়ানের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, ‘যে প্রতিবেশী রাষ্ট্র সন্ত্রাসের আঁতুড়ঘর, সন্ত্রাস জিইয়ে রাখে ও সন্ত্রাসীদের মদদ দেয়, তাদের সঙ্গে সম্পর্ক রাখা খুবই কঠিন। সীমান্ত সন্ত্রাসে মদদ দেওয়া প্রতিশ্রুতি কোনো এক সময় পালিত হবে, এই আশায় আমরা রয়েছি।’ জয়শঙ্কর পাকিস্তানের নাম করেননি ঠিকই কিন্তু বুঝিয়ে দিয়েছেন, বন্ধ থাকা দ্বিপক্ষীয় আলোচনা শুরুর কোনো প্রশ্ন নেই।
পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় আলোচনা বন্ধ রয়েছে ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতাসীন হওয়ার পর থেকেই। সেই বছর মোদির আমন্ত্রণ রক্ষা করে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তারপর কাশ্মীরের হুরিয়াত নেতাদের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠকের প্রতিবাদ জানিয়ে ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিংয়ের ইসলামাবাদ সফর বাতিল করে দেওয়া হয়। সেই থেকে এখন পর্যন্ত দুই দেশের মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক হয়নি।
ভারতের এক কথা, পাকিস্তানকে সন্ত্রাসে মদদ দেওয়া বন্ধ করতে হবে। সুপ্রতিবেশীর প্রমাণ দিতে হবে। না হলে কোনো সম্পর্ক নয়।
বিলাওয়াল ভুট্টো জারদারির সঙ্গে আলাদাভাবে জয়শঙ্করের কোনো বৈঠক না হওয়ার আরও এক বড় কারণ ভারতের অভ্যন্তরীণ রাজনীতি। গোয়ায় সম্মেলনের এক সপ্তাহ পরেই কর্ণাটক রাজ্য বিধানসভার নির্বাচন। বিজেপি ওই রাজ্যে ক্ষমতা ধরে রাখতে মরিয়া। সে জন্য ধর্মীয় মেরুকরণের চেষ্টা তারা অনেক দিন আগে থেকেই করে চলেছে। তাদের কাছে মুসলমান-বিরোধিতার অর্থ পাকিস্তান-বিরোধিতা।
মুসলমান ও পাকিস্তান তাদের কাছে সমার্থক। এই ভোট আবহে জম্মু-কাশ্মীরের সাবেক রাজ্যপাল ও বিজেপি নেতা সত্যপাল মালিক নতুন করে পুলওয়ামাকান্ড নিয়ে সরকারকে নিশানা করেছেন। বলেছেন, সরকারি ঔদাসীন্যই ওই বিস্ফোরণের জন্য দায়ী এবং শাসকদল ওই ঘটনাকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জিততে ব্যবহার করেছিল। এই পরিস্থিতিতে বিলাওয়ালের সঙ্গে জয়শঙ্করের আলাদা বৈঠক হলে বিরোধীদের কাছে তা বিজেপি-বিরোধিতার নতুন হাতিয়ার হয়ে দাঁড়াবে। সরকার নিশ্চিতভাবেই সেই সুযোগ বিরোধীদের দেবে না।
তবে আলাদা বৈঠক না হলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুশ্চিন্তা কাটছে না। বিলাওয়ালের উপস্থিতি বাড়তি বিড়ম্বনা ও অস্বস্তির কারণ হয়ে উঠছে। গত বছরের ডিসেম্বর মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নিয়ে বিলাওয়াল শালীনতার বেড়া ভেঙে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছিলেন। ভাষণে বলেছিলেন, ‘ওসামা বিন লাদেন নিহত। কিন্তু গুজরাটের কসাই এখনো বেঁচে আছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’ ওই মন্তব্য ভারতকে ক্ষুব্ধ করেছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রের মতে, ‘বিধি অনুযায়ী আমন্ত্রিত হলেও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনের তুলনায় সামান্যতম গুরুত্বও দেওয়া হবে না।’ ওই সূত্রের কথায়, এসসিওর পরিধির বাইরে পাকিস্তানকে বাড়তি কিছু করতে দেওয়া হবে না।
তা সত্ত্বেও সাউথ ব্লকের দুশ্চিন্তা কাটছে না। ভারতীয় মিডিয়া বিলাওয়ালের সাক্ষাৎকার নেবে কি না, বিলাওয়াল আন্তর্জাতিক সম্মেলনের অবসরে সংবাদ সম্মেলন করবেন কি না, কাশ্মীর নিয়ে নতুনভাবে জল ঘোলার চেষ্টা করবেন কি না—এসবই দুশ্চিন্তার কারণ। তারা ইতিমধ্যেই জম্মু-কাশ্মীরে জি-২০-এর পর্যটন সম্মেলনের সিদ্ধান্তের বিরোধিতা করেছে। ২২ থেকে ২৪ মে শ্রীনগরে ওই বৈঠক হবে। পাকিস্তান এই বৈঠক নিয়ে প্রবল আপত্তি জানিয়েছে। যদিও ভারত অনড়। গোয়ায় বিলাওয়াল কী করেন, ভারতের ভাবনা এখন তা নিয়েই।