পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা

পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার রাজীব সিনহা
ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ জুলাই। আজ বৃহস্পতিবার বিকেলে কলকাতার রাজ্য নির্বাচন দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তিনি বলেছেন, আগামীকাল শুক্রবার শুরু হবে মনোনয়নপত্র জমা দেওয়া, চলবে ১৫ জুন পর্যন্ত। একই সঙ্গে কাল থেকে রাজ্যে কার্যকর হবে নির্বাচনী আচরণবিধি।

এবার নির্বাচন হচ্ছে এক দফায়, অর্থাৎ এক দিনে।

২০১৮ সালের সর্বশেষ পঞ্চায়েত নির্বাচন হয়েছিল এক দফায়, ১৪ মে। ওই নির্বাচনের আগেই শাসক দল তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছিল ৩৪ শতাংশ আসন। নির্বাচন হয়েছিল ৬৬ শতাংশ আসনে।

এবার এই রাজ্যের ত্রিস্তরের পঞ্চায়েতের প্রথম পর্যায় গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২৮৩, পঞ্চায়েত সমিতির ৯ হাজার ৪৯৮ এবং জেলা পরিষদের ৯২৮ আসনে নির্বাচন হচ্ছে। গত নির্বাচনে নির্বাচনী সংঘর্ষে ২৩ জনের মৃত্যু হয়েছিল এই রাজ্যে।

নির্বাচন কমিশন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার অঙ্গীকার করেছে। তবে বিরোধী দলগুলো আশঙ্কা প্রকাশ করছে, বিগত নির্বাচনের মতো এবারের নির্বাচনেও ব্যাপক সন্ত্রাস চালাতে পারে শাসক দল। তাই তারা কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে নির্বাচন করার দাবি জানিয়েছে।