মণিপুরে নারী নিগ্রহের ঘটনায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছিল না, দাবি নারী কমিশনের
ভারতের জাতীয় নারী কমিশনের (এনসিডব্লিউ) প্রধান রেখা শর্মা গতকাল শুক্রবার বলেছেন, মণিপুরে দুই নারীকে যৌন নির্যাতনের ঘটনায় তাঁরা জুন মাসে সুনির্দিষ্ট করে কোনো অভিযোগ পাননি। ওই সময়ে তাঁরা যেসব অভিযোগ পেয়েছেন, সেগুলো মণিপুর রাজ্যের বাইরে থেকে এসেছে। কিছু অভিযোগ ভারতের বাইরে থেকেও এসেছে।
মণিপুরের ঘটনাটি নিয়ে গত ১২ জুন এনসিডব্লিউর কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি উল্লেখ করে যে সমালোচনা চলছে তার জবাবে রেখা শর্মা এসব কথা বলেছেন।
সম্প্রতি মণিপুরে দুই নারীকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। খুব সম্প্রতি ভিডিওটি ভাইরাল হলেও ঘটনাটি ঘটেছে চলতি বছরের মে মাসে। অভিযোগ উঠেছে, গত জুন মাসেই জাতীয় নারী কমিশনের কাছে লিখিত অভিযোগ করার পরও ব্যবস্থা নেওয়া হয়নি।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর শুক্রবার কমিশন স্বতঃপ্রণোদিতভাবে মামলা করে।
গতকাল শুক্রবার কমিশনের প্রধান রেখা শর্মা বলেন, মণিপুরের কর্মকর্তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছিল। বারবারই যোগাযোগ হয়েছে। আমি বলব, অভিযোগ অনেক ছিল। সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছিল না। আর অভিযোগগুলো মণিপুরের বাইরে থেকে এসেছে, ভারতের বাইরে থেকেও আমরা অভিযোগ পেয়েছি। সুতরাং প্রথমে তাদের স্পষ্ট করতে হবে যে যা কিছু লেখা হয়েছে, তা সত্যি। মণিপুর সরকারকেও এর ব্যাখ্যা দিতে হবে। ঘটনা যদি সত্যি হয়ে থাকে, তবে এ ব্যাপারে তাদের কাজ করতে হবে। এ কারণে আমরা তাদের কাছেও চিঠি পাঠিয়েছি।
২০ জুলাই ভিডিওটি সরিয়ে ফেলার জন্য টুইটার ইন্ডিয়ার জননীতিবিষয়ক প্রধানকে নির্দেশ দিয়েছিল এনসিডব্লিউ। ভিডিওতে ভুক্তভোগীদের পরিচয় প্রকাশ্যে আসায় কমিশনের তরফে ক্ষোভ প্রকাশ করা হয়।
ভারতের পার্লামেন্টে বর্ষাকালীন অধিবেশনের শুরুতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, মণিপুরের ঘটনায় তিনি মর্মাহত হয়েছেন। কোনো অভিযুক্তকে ছাড় দেওয়া হবে না।
গত ৪ মের ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ গত বুধবার রাতে প্রকাশ্যে আসে। সামাজিক মাধ্যমে ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, তরুণদের একটি দল গ্রামের রাস্তা দিয়ে দুই নারীকে হাঁটিয়ে ধানখেতে নিয়ে যাচ্ছে। দুই নারী সম্পূর্ণ নগ্ন এবং হাঁটতে হাঁটতেই তরুণদের কয়েকজন দুই নারীকে যৌন নিগ্রহ করছেন। দুই নারী কাঁদছেন এবং তাঁদের ছেড়ে দিতে অনুরোধ করছেন।
সংক্ষিপ্ত ওই ভিডিওতে দেখা গেছে, নারীদের ধানখেতের ভেতর দিয়ে অজ্ঞাত কোনো জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, ওই দুই নারীর একজন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।
এক পুলিশ কর্মকর্তার তথ্যমতে, গত ৪ মে মণিপুরের থুবাল জেলায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি অপহরণ, দলবদ্ধ ধর্ষণ এবং হত্যাকাণ্ডের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। ২০ জুলাই চারজন গ্রেপ্তার হয়েছেন।