ইতিহাসের একচেটিয়া দখলদার কেউ হয়নি

নরেন্দ্র মোদির ‘নতুন ভারতে’ তৈরি হচ্ছে ‘নতুন ইতিহাস’, যার দৃষ্টিভঙ্গি শতভাগ ভারতীয়। ‘ঔপনিবেশিক’ ভাবনা, অযথা ‘অতিশয়োক্তি’ ও ‘অতিরঞ্জিত ভুল’ তথ্যের বদলে জায়গা নেবে ‘প্রকৃত ভারতগাথা’। এই লক্ষ্যে সংঘ পরিবার ও বিজেপি অনেক দিন ধরেই সক্রিয়। সম্প্রতি ‘ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং’ (এনসিইআরটি) ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচিতে ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে। ইতিহাসের বই থেকে বাদ দেওয়া হয়েছে মোগলদের কীর্তিকলাপ, গান্ধী হত্যার এযাবৎ স্বীকৃত ব্যাখ্যা ও নাথুরাম গডসের জাত-পরিচয়, এমনকি আরএসএসের সাময়িক নিষিদ্ধকরণ। রাষ্ট্রবিজ্ঞানের সূচি থেকে বাদ পড়েছে গুজরাট দাঙ্গার অপ্রিয় প্রসঙ্গ। শাসকের কথায়, ‘স্বাধীন ভারতের ইতিহাস হবে ইংরেজদের ধ্যানধারণামুক্ত।’ রাজনৈতিক মনস্তত্ত্ববিদ আশিস নন্দী মনে করেন, এই ‘স্বৈরতান্ত্রিক’ মানসিকতা কালে কালে দেশে দেশে দেখা গেছে, যা দীর্ঘস্থায়ী হয়নি। কিন্তু খুব যে ক্ষণস্থায়ী, তা–ও নয়। আশিস নন্দীর সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি সৌম্য বন্দ্যোপাধ্যায়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশিস নন্দী
ছবি: প্রথম আলো

প্রশ্ন :

ভারতের পাঠ্যপুস্তকের নতুন সংযোজন-বিয়োজন শুরু হয়েছে। এ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই প্রবণতা কোন চোখে দেখছেন। এর ব্যাখ্যাই বা কী?

আশিস নন্দী: যা হচ্ছে তা দুই ভাবে দেখার তো উপায়ই নেই। আগে লোকে ধরে নিত নানা ধরনের ইতিহাস বেরোবে। তাতে ভিন্ন ভিন্ন বক্তব্য ও ব্যাখ্যা থাকবে। ইদানীং দেখছি, এ দেশের শাসক ইতিহাসকে কবজা করতে চাইছে। একচেটিয়া দখল নিতে চাইছে। এটা শুধু আমাদের দেশেই নয়, বাংলাদেশেও কিছুটা লক্ষ করা গেছে। কিন্তু সত্য এই, ইতিহাসকে একচেটিয়া কবজা কেউ আজ পর্যন্ত করতে পারেনি। বই পুড়িয়ে নাৎসি জার্মানিও নয়। তাই যা চলছে, তা শেষ কথা নয়। কারণ, দক্ষিণ এশিয়ায় ইতিহাসের বই পড়ে ইতিহাসের খবরাখবর সবাই রাখে না।

প্রশ্ন :

ইতিহাসের বই পড়ে ইতিহাস চেতনার বিষয়টা একটু ব্যাখ্যা করবেন?

আশিস নন্দী: শুধু আমাদের দেশেই নয়, গোটা দক্ষিণ এশিয়া এমনকি দক্ষিণ-পূর্ব এশিয়াতেও জীবন ও ইতিহাসের এক বড় অংশ স্মৃতিনির্ভর বা স্মৃতির অনুসারী। একে বলা হয় স্মার্ত ইতিহাস। শেষ পর্যন্ত এই স্মার্ত ইতিহাসই টিকে থাকে। এর বহু উদাহরণ দিতে পারি। যেমন রাম ও কৃষ্ণের পূজা অনেক প্রাচীন। বাল্মীকি রামায়ণ বা ভাগবত এল পরে। বাল্মীকি রামায়ণ লিখেছিলেন সংস্কৃত ভাষায়। শুধু ব্রাহ্মণদের মধ্যে সংস্কৃত ভাষার কিছুটা চল ছিল। তারাই তা পড়ত। মধ্য যুগে সেই কাঠামোটা ভেঙে গেল। ভক্তি ও সুফি আন্দোলনের প্রভাবে কয়েক শ স্থানীয় ভাষা, বুলি ও লিপিতে লিপিবদ্ধ হলো রামায়ণ ও মহাভারত। প্রতিটি ভাষার রচনাই ইতিহাসে আলাদা মাত্রা যোগ করে। যেমন কাশীরাম-কৃত্তিবাসের বর্ণনায় দেখবেন মিষ্টি-মণ্ডা সব বাঙালি! এটা শ্রুতিনির্ভরতারই ফল। এটাই স্মার্ত ইতিহাস। এটাই টিকে থাকে।

প্রশ্ন :

তার মানে বর্তমান শাসক এই স্মার্ত চরিত্রকে উপেক্ষা করে তাদের ভাবনা চাপাতে চাইছে। তাতে ঐক্য বিনষ্ট হওয়ার শঙ্কা কি
থাকছে না?

আশিস নন্দী: অবশ্যই। রবীন্দ্রনাথ ও গান্ধীজির মধ্যে অনেক বিষয়ে অমিল ছিল। অনেক তর্ক-বিতর্ক ছিল। কিন্তু দুজনেই পরিষ্কার ভাষায় বলেছেন, ‘আমাদের জাতীয় ঐক্য বেদ-উপনিষদের ওপর নির্ভরশীল নয়। কারণ, যে ভাষায় সেগুলো লেখা তার বোধগম্যতা খুব কম। তা হলে প্রশ্ন, জাতীয় ঐক্য কিসের ওপর নির্ভরশীল? সেই ঐক্য হলো সিভিলাইজেশনাল ইউনিটি। সভ্যতার ঐক্য। এটা শুধু দক্ষিণ এশিয়ার দেশগুলোতেই নয়, দক্ষিণ-পূর্ব এশিয়াতেও দৃশ্যমান। আমরা সবাই এই কাঠামোর মধ্যেই বেঁচে রয়েছি। বিকশিত হয়েছি। এই স্মার্ত ইতিহাসনির্ভরতার মধ্যেই রয়েছে বহুত্ববাদিতার আধার। এটা ভাঙার চেষ্টা নৈতিক ও আত্মিক দুই দিক থেকেই বিপজ্জনক।

প্রশ্ন :

রবীন্দ্রনাথ ও গান্ধীজি বিপদটা আঁচ করেছিলেন বলেই সভ্যতার ঐক্যের কাঠামো ধরে রাখার কথা বলেছিলেন?

আশিস নন্দী: হ্যাঁ। গান্ধীজির পক্ষে সেটা বলা সহজ ছিল কারণ ওঁরা ছিলেন বৈষ্ণব। গান্ধীজির মা ছিলেন ‘প্রণামী’ সম্প্রদায়ের। অবিভক্ত ভারতে ওই সম্প্রদায়ের উপস্থিতি ছিল। তারা ‘ব্রিজড কমিউনিটি’। কিন্তু রবীন্দ্রনাথের পক্ষে ওই কথা বলা সহজ ছিল না। তাঁরা ছিলেন ব্রাহ্ম। বেদ-উপনিষদ তাঁদের কাছে প্রামাণ্য। তবু তিনি সাহসী হয়ে সভ্যতার ঐক্যের কথা বলেছিলেন ব্রাহ্ম ধর্ম ত্যাগ না করে।

প্রশ্ন :

বিজেপি ও আরএসএস ওই বৈচিত্র্যপূর্ণ স্মার্ত ইতিহাসের বদলে একদর্শী উপাখ্যান রচনার মাধ্যমে বহুত্ববাদী চরিত্রের কাঠামো ভেঙে দিতে চাইছে? সেটাই নৈতিক ও আত্মিক দিক থেকে বিপজ্জনক?

আশিস নন্দী: ঠিক তা–ই। মুসলমান এক গবেষক আমাকে বলেছেন, উর্দুতে রামায়ণের অন্তত আড়াই শ অনুবাদ আছে। প্রতিটি অন্যের থেকে আলাদা। যেমন ধরুন লালন বা একনাথ কিংবা তাঁদের মতো স্বগোত্রীয় অন্য ভাষাভাষী মানুষজন। একই কথা তাঁরা বারবার লিখছেন। কিন্তু প্রতিবারই নতুনত্বের ছোঁয়া! এই কারণেই মাইকেল মধুসূদন দত্ত যখন মেঘনাদবধ কাব্য লেখেন, তখন বিতর্ক হয়নি। কেউ বলেনি রাম-লক্ষ্মণকে কেন খলনায়ক করা হচ্ছে। কারণ, রাবণপূজা লোকাচারের মধ্যে ছিল। উত্তর বাংলা ও তামিলনাড়ুতে আজও আছে। কেউ কেউ বলে থাকেন, ওই দুই সম্প্রদায়ের মানুষজনের কাছ থেকেই তিনি মেঘনাদবধ কাব্য লেখার প্রেরণা পেয়েছিলেন।

প্রশ্ন :

রবীন্দ্রনাথ ও গান্ধীজির সতর্কবাণী কি বিজেপি-আরএসএসের অজানা?

আশিস নন্দী: ওরা অজ্ঞ। আরএসএসে তবু শিক্ষিত ও জ্ঞানী মানুষ আছেন। কিন্তু বিজেপি অশিক্ষিত ও অর্ধশিক্ষিতে ভরা। তা ছাড়া রাজনীতি এমনই এক অসুখ, যেটা একবার ধরলে আর নিস্তার নেই। যারা এই অসুখে ভোগে, তারা রাজনীতিতে যা চলবে, সেটাই চালাতে চাইবে। বিজেপি-আরএসএসে সেটাই হচ্ছে। ওরা ভাবছে ক্ষমতায় থেকে ক্ষমতা ধরে রেখে সব করা যায়।

প্রশ্ন :

সে জন্যই প্রতিষ্ঠানের দখল? সে জন্যই ইতিহাসের বিনির্মাণ? মগজে পছন্দের ধারণাগুলো গেঁথে দেওয়ার প্রচেষ্টা?    

আশিস নন্দী: সেটা করা কিন্তু কঠিন। ওদের ভাবনা সম্পূর্ণ ও একমাত্র উত্তর নয়। কারণ, গোটা দক্ষিণ এশিয়ায় স্মার্ত ইতিহাসেরই চল। কীরকম তার আরও একটা উদাহরণ দিই। ভারতে ৫০-৬০টি বিশ্ববিদ্যালয়ে ‘মিউজিক’ পড়ানো হয়। ডিগ্রি কোর্স। পিএইচডিও দেওয়া হয়। কিন্তু ৭৫ বছরে দুয়েকজনকে বাদ দিলে আপনি কাউকে পাবেন না, যিনি পুঁথিগত ডিগ্রি নিয়ে বিরাট শিল্পী হয়েছেন। আমি একজনকে জানি। মহারাষ্ট্রের প্রভা আত্রে। পিএইচডি। কিরানা ঘরানার বিখ্যাত কণ্ঠশিল্পী। আশি বছর বয়সে দিল্লিতে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। আমি ছিলাম। উনি বলেছিলেন, ‘গাইতে শুরু করে বুঝেছিলাম পুঁথিগত শিক্ষা বেকার। তখন গুরু খুঁজতে লাগলাম। গুরুরা যা শেখান, তা লিখিতভাবে পাওয়া যায় না। শুনে আত্মস্থ করতে হয়।’ বড় মাপের শিল্পী যতবার গাইবেন, বাজাবেন, সব সময় নতুনত্ব কিছু থাকবেই। এটাই শাশ্বত। চিরকালীন। ইতিহাসও এমনই।

প্রশ্ন :

আপনি বলতে চাইছেন হিটলার, মুসোলিনিরা যেমন চিরকালীন হতে পারেননি, এই প্রবণতাও তেমন স্থায়ী হবে না?

আশিস নন্দী: একদম ঠিক ধরেছেন। কিছুদিন চলবে। তাতে সন্দেহ নেই। কিন্তু শাশ্বত হবে না।

প্রশ্ন :

তা হলে এই প্রবণতা রুখতে করণীয় কী?

আশিস নন্দী: সেটা বলা খুব কষ্টসাধ্য। কারণ, এই প্রবণতা সর্বত্রই এক প্যাটার্নের। আমার তত্ত্ব হলো, এদের নজর সংখ্যালঘুদের প্রতি নয়। এদের লক্ষ্য সংখ্যাগুরু। সংখ্যাগুরুদের মধ্যে ধীরে ধীরে সেই ভাবনা ঢুকিয়ে দাও, যা তাদের মনের সংখ্যালঘুত্বকে একটা সময় মেরে ফেলবে। যেমন ‘শুকরিয়া’ নয়, বলতে হবে ‘ধন্যবাদ’। সংখ্যাগুরুর মনে সংখ্যালঘুত্বের যা কিছু গেঁথে রয়েছে, সেগুলো খুঁচিয়ে শেষ করে দিতে হবে। কারণ, ওই মাইনরিটি এলিমেন্টগুলো মেজরিটিকে বিষাক্ত করে রেখেছে। সেগুলো নিকেশ করো। একবার সেটা হয়ে গেলে আপনি যখন প্রবল ঘৃণায় কাউকে খুন করবেন, তখন আপনি কিন্তু আপনার মধ্যে যে সংখ্যালঘু সত্তা রয়েছে, সেটাকেই মেরে ফেলছেন। নিজেকে পবিত্র করে তুলছেন। তৃপ্তিতে আচ্ছন্ন হচ্ছেন। এটাই প্যাটার্ন। নাৎসি জার্মানিতে এমন হয়েছে। বসনিয়াতেও হয়েছে। এটাই আমার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা।

প্রশ্ন :

এ থেকে পরিত্রাণের উপায়?

আশিস নন্দী: উপায় দুটো। এক, আন্তর্জাতিক হস্তক্ষেপ। কিন্তু তাতে বিপদ আছে। সেই বিপদ কেমন, লাতিন আমেরিকা তা দেখিয়েছে। দুই, এর বিপ্রতীপে অন্য ধরনের চেতনার বিকাশ। যে চেতনা বোঝাবে আমরা ভুল পথে চলেছি। জরুরি অবস্থার সময় যে চেতনার বিকাশ ঘটেছিল।

প্রশ্ন :

তার মানে বিরোধী ঐক্য ও আন্দোলন?

আশিস নন্দী: সেটাও কঠিন। সবাইকে না পারলেও বিজেপি আঞ্চলিক ও সম্প্রদায়ভিত্তিক দলগুলোকে কাছে টানছে। ভুল হচ্ছে, ভয় হচ্ছে, এই আশঙ্কায় মানুষ জোটবদ্ধ হলে বিপদটা কাটানো সম্ভব।

প্রশ্ন :

আপনি কি আশাবাদী?

আশিস নন্দী: কিছুটা। কারণ, এখনো জনতা জনার্দনই শেষ কথা। কোনটা নৈতিক, কোনটা অনৈতিক, তা জনতা ভালো বোঝে। জরুরি অবস্থার সময় ‘নাসবন্দি’র (ভ্যাসেকটমি) ভয়ে মানুষ জোটবদ্ধ হয়েছিল। ওই ধরনের কোনো ভয় জেঁকে বসলে অন্য ছবি ফুটে উঠতে পারে। যেমন ধরুন নোট বাতিল। এক কোটি পরিবার প্রবল সংকটে পড়েছিল। ভয় পেয়েছিল। সেই রকম কোনো ভয় মন দখল করলে অন্য কথা। তবে ‘দেশ বিপদের মুখে’—এসব বললে চলবে না। কারণ, দেশের সুরক্ষার বিষয়টি নরেন্দ্র মোদির একচেটিয়া অধিকার হয়ে গেছে। স্থানীয় সমস্যাগুলো ধরতে হবে। যে যেখানে শক্তিধর, তাকে সেখানে এগিয়ে দিতে হবে। নীতিগত আধারে জোটবদ্ধ হতে হবে। এমন একটা বিশ্বাসের জন্ম দিতে হবে, যা গোটা দেশ আঁকড়ে ধরবে।

প্রশ্ন :

এখনো পর্যন্ত লড়াই অসমানের?

আশিস নন্দী: আমার তাই ধারণা। কংগ্রেসকে দেখে সিরিয়াস মনে হচ্ছে। কিন্তু তবু মোদির পাল্লা ভারী। মিডিয়া তাঁর মুঠোয়। অর্থবলেও বলীয়ান। তা ছাড়া ‘বিজেপি খারাপ হলেও মোদি ভালো’—এমন একটা ধারণারও জন্ম হচ্ছে। তবে কেন্দ্রে জিতলেও বেশ কিছু রাজ্য বিজেপি হারাতে পারে।

প্রশ্ন :

সে ক্ষেত্রে রাজ্যসভার ভারসাম্য রক্ষা কঠিন হবে।

আশিস নন্দী: সেটা ঠিক। তবে আমার মনে হয়, ভারতকে গণতান্ত্রিক দেশ হিসেবে টিকে থাকতে গেলে মোদির উপস্থিতি জরুরি। ওঁর উপস্থিতিই বিরোধী জোটবদ্ধতার একমাত্র অনুঘটক। ওঁর ভয়ে বিরোধীরা জোটবদ্ধ হবে। না হলে এসব স্বৈরতন্ত্রী প্রবণতা রোখা যাবে না। গণতন্ত্রও রসাতলে যাবে।