নির্মল বাতাসে শ্বাস নিতে যেখানে ভিড় জমান পর্যটকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কলকাতার ফুসফুস’ হিসেবে পরিচিত হয়ে উঠেছে গড়ের মাঠ
ছবি: ভাস্কর মুখার্জি

বিস্তীর্ণ সবুজ মাঠ। মাঝে মাঝে বিভিন্ন গাছ ছায়া দেয়। নির্মল হাওয়া বয়। মানুষ এখানে সকালে হাঁটেন, দৌড়ান আর নির্মল হাওয়া নেন। ক্রিকেট আর ফুটবল খেলোয়াড়েরাও সেখানে এসে ভোরে বা বিকেলে অনুশীলন করেন। এর নাম গড়ের মাঠ। ‘কলকাতার ফুসফুস’ হিসেবে পরিচিত হয়েছে এ মাঠ। একে কলকাতা ময়দান হিসেবেও ডাকা হয়।

গড়ের মাঠের দৈর্ঘ্য তিন মাইল এবং প্রস্থ এক মাইল। কলকাতার একেবারে কেন্দ্রস্থল ধর্মতলায় এই গড়ের মাঠের অবস্থান। একটু দূরে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সেনা সদর দপ্তরের অবস্থান।

১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর ইংরেজরা এখানেই তাদের সেনা দপ্তর করার উদ্যোগ নেয়। সেখানে সেনাবাহিনীর ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করা হয়। পাশেই এক হাজার হেক্টর জমি নিয়ে তৈরি হয় মাঠ। সেনাবাহিনীর গড়ের পাশে এর অবস্থান বলে সবুজ এই বিস্তীর্ণ মাঠ হয়ে যায় গড়ের মাঠ। মাঠ তৈরির আগে ওই এলাকা জঙ্গলে ঢাকা থাকলেও ১৭৫৭ সালের আগস্টে ইংরেজরা এক আদেশে জনসাধারণকে এই জঙ্গল কাটার অনুমতি দেয়।

গড়ের মাঠ
ছবি: ভাস্কর মুখার্জি

তারপর জঙ্গল কেটে এখানেই তৈরি হয় গড়ের মাঠ। গড়ের মাঠ তৈরির পর এখানে নতুন করে কোনো গাছ লাগানোর অনুমতি দেওয়া হতো না। ১৮৪৮ সালের পর লর্ড ডালহৌসির আমলে এই গড়ের মাঠে সবুজের মাঝে গাছের চারা লাগানোর অনুমতি দেওয়া হয়। ফলে, বদলে যায় এই গড়ের মাঠের চেহারাও।

আবার ১৮৮১ সালে ফোর্ট উইলিয়াম অ্যাক্ট অনুযায়ী এই ময়দান বা গড়ের মাঠ ঘোষিত হয় ‘নো নুইসেন্স’ বা ‘উৎপাতহীন’ এলাকা হিসেবে। এ আইন অনুযায়ী, গড়ের মাঠের গাছ কাটা, ময়দান নষ্ট করা, সবুজ ধ্বংস করা ইত্যাদি অপরাধে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয় পুলিশকে।

সেই থেকে ‘কলকাতার ফুসফুস’ হিসেবে পরিচিত গড়ের মাঠ বা কলকাতার ময়দান আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটি গড়ে ওঠে তৎকালীন গোবিন্দপুর, তালতলা ও কুমারটুলি মৌজা নিয়ে। আর শোভাবাজারের জমি নিয়ে গড়া হয় ফোর্ট উইলিয়াম দুর্গ। হুগলী নদীর তীরেই এই ফোর্ট উইলিয়াম দুর্গ গড়া হয়। ইংরেজরা এই দুর্গ গড়ার কাজ শুরু করে পলাশী যুদ্ধের এক বছর পর ১৭৫৮ সালে।

গড়ের মাঠে অনেকেই হাঁটেন, দৌড়ান আর নির্মল হাওয়া নেন
ছবি: ভাস্কর মুখার্জি

এই ফোর্ট উইলিয়াম দুর্গ আর গড়ের মাঠকে ঘিরে কলকাতায় ধীরে ধীরে গড়ে ওঠে নানান ঐতিহাসিক স্থাপনা। ভিক্টোরিয়া মেমোরিয়াল, রেসকোর্স ময়দান, জাদুঘর, এশিয়াটিক সোসাইটি, গভর্নর হাউস, শহীদ মিনার, রাইটার্স বিল্ডিং, নেতাজি ইনডোর স্টেডিয়াম, সেন্ট পলস ক্যাথিড্রাল, তারামণ্ডল, ইডেন গার্ডেনস, ক্যালকাটা ক্রিকেট ক্লাব, রবীন্দ্রসদন, কলকাতা জাদুঘর, একাডেমি অব ফাইন আর্টস, নন্দন, রঞ্জি স্টেডিয়াম, ভাষা উদ্যান, ইডেন উদ্যানসহ আরও কত ঐতিহাসিক স্থাপনা নির্মিত হয়েছে এই ফোর্ট উইলিয়াম আর গড়ের মাঠকে ঘিরে।

একসময় এই গড়ের মাঠে বিশাল বিশাল জনসভা হতো। রাজনৈতিক নেতারা এখান থেকে তাঁদের কর্মসূচি ঘোষণা করতেন। তবে এখন আর বিশাল সভার অনুমতি দেয় না ভারতের সেনাবাহিনী। এই গড়ের মাঠ এখনো ভারতের সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের নিয়ন্ত্রণে।

তবে এখনো কলকাতায় এলে এই গড়ের মাঠে ভিড় জমান দেশ-বিদেশের পর্যটকেরা। গড়ের মাঠের বিস্তীর্ণ সবুজের মাঝে দাঁড়িয়ে তাঁরা নেন নির্মল শ্বাস।