ভারতে কুনো জাতীয় উদ্যানে এক মাসের মধ্যে দুটি চিতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নামিবিয়া থেকে ভারতে আসা চিতা
ছবি: এএনআই

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের কুনো জাতীয় উদ্যানে আরও একটি চিতাবাঘ মারা গেছে। এটির নাম ছিল উদয়। এক মাসের কম সময়ের মধ্যে এ নিয়ে দুটি চিতা মারা গেল।

রাজ্যের প্রধান বন সংরক্ষক (সিসিএফ) জেএস চৌহান গতকাল রোববার জানান, অসুস্থ চিতাটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এই কর্মকর্তা জানান, ছয় বছর বয়সী পুরুষ এই চিতার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

গত ১৭ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে ১২টি চিতা (৭টি পুরুষ, ৫টি স্ত্রী) আনা হয়। আজ মারা যাওয়া উদয় সেগুলোর একটি।

দেশটিতে আনুষ্ঠানিকভাবে চিতাবাঘ বিলুপ্তি ঘোষণার ৭০ বছরের বেশি সময় পর গত বছরের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে আটটি (পাঁচটি পুরুষ ও তিনটি স্ত্রী) চিতা আনা হয়। গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর জন্মদিনে এই চিতাগুলোকে কুনো জাতীয় উদ্যানে ছেড়ে দেন। ‘প্রজেক্ট চিতা’ ও দেশের বন্য প্রাণীর আবাসস্থলকে পুনরুজ্জীবিত ও বৈচিত্র্যময় করতে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে এগুলো আনা হয়েছিল। এর মধ্যে একটি চিতা গত ২৭ মার্চ মারা যায়। এটির নাম ছিল শাশা। ধারণা করা হয়, কিডনি রোগে এটির মৃত্যু হয়েছে।

এরপর গত ফেব্রুয়ারিতে আনা হয় ১২টি চিতা। আনার পরই এগুলোকে কুনোতে কোয়ারেন্টিন জোনে রাখা হয়। এ সময় বন কর্মকর্তারা ও চিকিৎসকেরা এগুলোর গতিবিধি নজরে রাখেন।

বিবিসির খবরে বলা হয়, গত সেপ্টেম্বরে নামিবিয়া থেকে আসা একটি স্ত্রী চিতা এ বছরের ২৯ মার্চ চারটি শাবক জন্ম দেয়।

ভারতের পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব এটিকে একটি ‘গুরুত্বপূর্ণ ঘটনা’অভিহিত করে সবাইকে বিষয়টি জানান।

ভারতে চিতার প্রত্যাবর্তন ঘটে দ্রুততম এই পশুর লুপ্ত হওয়ার ৭৫ বছর পর। ১৯৪৭ সালে মধ্য ভারতের সরগুজা স্টেটের (বর্তমানে ছত্তিশগড় রাজ্যের অধীন) তৎকালীন রাজা রামানুজ প্রতাপ সিং দেও শেষ তিনটি চিতা শিকার করেছিলেন। এরপর থেকে দেশের কোথাও কখনো চিতার সন্ধান পাওয়া যায়নি। ১৯৫২ সালে ভারত সরকার দেশকে চিতাশূন্য ঘোষণা করেছিল। তৎকালীন ভারতীয় চিতাগুলো ছিল এশীয় প্রজাতির। এশিয়াটিক চিতা এখন রয়েছে একমাত্র ইরানে। অনেক লোককাহিনির অংশ হওয়ায় ভারতে চিতার বড় ধরনের প্রতীকী মূল্য রয়েছে।

আরও পড়ুন