জম্মু-কাশ্মীরের বিধানসভা ও লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাসকে চ্যালেঞ্জ জানিয়ে করা মামলা সুপ্রিম কোর্ট খারিজ করে দিলেন। আজ সোমবার মামলাটি খারিজ করে বিচারপতি সঞ্জয় কিষেণ কল ও এ এস ওকা বলেন, ২০১৯ সালের ৩৭০ অনুচ্ছেদ বাতিল ও জম্মু-কাশ্মীর পুনর্গঠন আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে যে এক গুচ্ছ মামলা হয়েছে, সে সম্পর্কে তাঁরা কোনো মতামত জানাচ্ছেন না। সেসব মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নয়।
মামলাটি খারিজ হওয়ার ফলে সীমানা পুনর্বিন্যাস কমিশনের সিদ্ধান্ত বহাল রইল। ফলে বিধানসভার নির্বাচনে আর কোনো বাধা রইল না বলে মনে করা হচ্ছে।
জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি আজ সোমবার বলেন, সব বিরোধী দল আগেই ডিলিমিটেশন কমিশনকে অগ্রাহ্য করেছে। তাদের খারিজ করেছে। সুপ্রিম কোর্ট কী বললেন না বললেন, তাতে তাঁদের কিছু যায় আসে না। সুপ্রিম কোর্টের কাছে রাজ্য পুনর্গঠন আইনের সাংবিধানিক বৈধতা মামলা ঝুলে রয়েছে। ৩৭০ অনুচ্ছেদ বাতিলের বৈধতার মামলাও ঝুলে আছে। এসবের মীমাংসা না করে কী করে সুপ্রিম কোর্ট রায় দেন? তাঁর অভিযোগ, সীমানা পুনর্বিন্যাসের লক্ষ্য ভোটে কারচুপি করা। গুপকর জোটের মুখপাত্র ও সিপিএম নেতা তারিগামি বলেন, এই রায় জম্মু-কাশ্মীরের মানুষের কাছে হতাশাজনক।
২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল পাসের মাধ্যমে ওই রাজ্যকে দেওয়া বিশেষ মর্যাদা রদ করা হয়। একই সঙ্গে জম্মু ও কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করে গঠিত হয় দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল। কেন্দ্রীয় সরকার চলতি বছরের গ্রীষ্মে জম্মু-কাশ্মীর বিধানসভার ভোট করতে চায়। সে লক্ষ্যে নতুন ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ চলছে।
শ্রীনগরের দুই আবেদনকারী হাজি আবদুল গণি খান ও আয়ুব মাট্টু সুপ্রিম কোর্টে মামলা করে বলেছিলেন, ১৯৭১ সালের জনগণনা অনুযায়ী সারা দেশের লোকসভা ও বিধানসভা কেন্দ্রের সীমানা নির্ধারিত রয়েছে। ২০২৬ সাল পর্যন্ত তা তেমনই থাকবে বলে কেন্দ্র ঘোষণা করেছে। ওই বছরের পর প্রথম জনগণনা অনুযায়ী সীমানা পুনর্বিন্যাসের কাজে হাত দেওয়া হবে। তা ছাড়া সীমানা পুনর্বিন্যাসের কাজ করে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে সেই দায়িত্ব দেওয়া হয়েছে ডিলিমিটেশন কমিশনকে। এই সিদ্ধান্ত অবৈধ।
কেন্দ্রের বক্তব্য, জম্মু-কাশ্মীর পুনর্গঠন আইন অনুযায়ী রাজ্য দ্বিখণ্ডিত হয়েছে। সেই আইনেই সীমানা পুনর্বিন্যাস কমিশন গঠনের কথা বলা আছে। তা ছাড়া গণতন্ত্রের স্বার্থে সরকার দ্রুত জম্মু-কাশ্মীরে নির্বাচন করাতে চায়। আবেদনকারীরা রাজ্য পুনর্গঠন আইনের সাংবিধানিক বৈধতাও চ্যালেঞ্জ করেননি।
জম্মু-কাশ্মীর ২০১৮ সালে রাষ্ট্রপতির শাসনের আওতায় আসে। তারপর বিধানসভা ভেঙে দেওয়া হয়। ২০১৯ সালের ৫ আগস্ট রাজ্য দ্বিখণ্ডিত হয়। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করা হয়। সংসদে যে আইন এনে এটি করা হয়, সেই আইনেই সীমানা পুনর্বিন্যাসে ডিলিমিটেশন কমিশন গড়ার কথা বলা হয়েছিল। গত বছর মে মাসে সেই কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। জম্মু-কাশ্মীরের অনেক রাজনৈতিক দল এর বিরোধিতা করেছিল। সুপ্রিম কোর্টে মামলার শুনানির সময় কেন্দ্র জানিয়েছিল, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বার্থে সরকার ওই কেন্দ্র শাসিত অঞ্চলে দ্রুত নির্বাচন করাতে আগ্রহী।
সীমানা পুনর্বিন্যাসের ফলে জম্মু-কাশ্মীর বিধানসভার মোট আসন দাঁড়িয়েছে ৯০। এর মধ্যে কাশ্মীর উপত্যকার আসন ৪৭, জম্মুর ৪৩। অভিযোগ, এই পুনর্বিন্যাসের কাজ এমনভাবে করা হয়েছে, যাতে জম্মু এলাকার কেন্দ্রগুলোতে হিন্দু সমর্থন প্রাধান্য পায়। সেটা করা হয়েছে ভোটে বিজেপির সুবিধা করে দিতে।