পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের আগেই ‘বিজয় উৎসব’ করল তৃণমূল। আজ সোমবার রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে এ বিজয় উৎসবের আয়োজন হয়।
এদিকে আজ এ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের তৃতীয় দিনেও ব্যাপক হাঙ্গামা হয়েছে। রাজ্যের প্রায় সর্বত্র বিরোধী বিজেপি, কংগ্রেস এবং বাম দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়েছেন শাসক তৃণমূলের কর্মীরা। বহু জায়গায় বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়া হয়েছে। নানা জায়গায় হামলা করে জখম করা হয়েছে বিরোধী দলের নেতা-প্রার্থীদের।
আর গত তিন দিনে বজবজের ৩০টি আসনে মনোনয়নপত্র জমা দেন তৃণমূলের কর্মীরা। অন্য কোনো দল মনোনয়নপত্র জমা না দেওয়ায় বা দিতে না পারায় তৃণমূলের প্রার্থীরা জিতে যান। আর এই আনন্দে তাঁরা সবুজ আবির মেখে বিজয় উৎসব পালন করেন। সেই সঙ্গে মিষ্টি বিতরণ করেন। তৃণমূল বলেছে, এখানে মমতার এত উন্নয়নের সাক্ষ্য থাকায় বিরোধীরা মনোনয়নপত্র দেওয়ার সাহস পাননি। ফলে তৃণমূলই জিতে যাচ্ছে, এই আনন্দে তারা বিজয় উৎসব পালন করে।
আজ নদীয়ার নাকাশিপাড়া, পূর্ব বর্ধমানের বড়শূল, বর্ধমানের আসানসোল, জামুরিয়া, শক্তিগড়, হুগলির গোঘাট, মুর্শিদাবাদের রানীনগর, দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ, বাঁকুরার সোনামুখী, দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়েছে তৃণমূল। উত্তর চব্বিশ পরগনায় মিনাখায় সিপিএম প্রার্থীদের আটকিয়ে রাখা হয় সাত ঘণ্টা। মাথা ফাটিয়ে দেওয়া হয় সিপিএম নেত্রী শোভা পালের। ভাঙচুর করা হয় সিপিএম পার্টি দপ্তর। ভাঙচুর ও লুটপাট করা হয় তাদের মোটরসাইকেল।
গত ২০১৮ সালের সর্বশেষ পঞ্চায়েত নির্বাচনও হয়েছিল এক দফায় ১৪ মে। ওই নির্বাচনের আগেই শাসক দল তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছিল ৩৪ শতাংশ আসন। নির্বাচন হয়েছিল ৬৬ শতাংশ আসনে।
এবার এই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রথম পর্যায় গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২৮৩, পঞ্চায়েত সমিতির ৯ হাজার ৪৯৮ এবং জেলা পরিষদের ৯২৮ আসনে নির্বাচন হচ্ছে। গত নির্বাচনে নির্বাচনী সংঘর্ষে ২৩ জনের মৃত্যু হয়েছিল এই রাজ্যে।
পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ৮ জুলাই শনিবার। এদিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আজ তাঁর পর্যবেক্ষণে বলেছেন, পঞ্চায়েত নির্বাচনের তারিখ এবং মনোনয়নপত্র দেওয়ার সময়সীমা বাড়ানো যেতে পারে। একই সঙ্গে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে।