পাকিস্তান যতই আপত্তি জানাক, জাতিসংঘের সংখ্যালঘু–বিষয়ক বিশেষ প্রতিবেদক যতই বিরোধিতা করুন, কাশ্মীরে জি–২০ সম্মেলন সফল করতে কেন্দ্রীয় সরকার চেষ্টায় ত্রুটি রাখছে না। ২২ থেকে ২৪ মে তিন দিনের এই সম্মেলন সার্থক করতে কেন্দ্রীয় সরকার ‘বদলে যাওয়া’ কাশ্মীরকে বিশ্বদরবারে তুলে ধরছে। সে জন্য শুরু হয়েছে ব্যাপক প্রচার।
জম্মু–কাশ্মীরে এখনো কেন্দ্রের শাসন চলছে। চার বছর পার হওয়া সত্ত্বেও ভারত সরকার এখনো সেখানে নির্বাচন করতে পারেনি। জি–২০–এর পর্যটনসংক্রান্ত ওয়ার্কিং গ্রুপের এই গুরুত্বপূর্ণ সম্মেলন শেষ হলে সরকার সেখানে নির্বাচনের তোড়জোর শুরু করতে চাইছে। তার আগে কেন্দ্রশাসিত এই অঞ্চলের জন্য শুরু করেছে এক ব্যাপক প্রচারণাপর্ব। ২০১৯ সালের ৫ আগস্ট এই রাজ্যের বিশেষ মর্যাদা খারিজ করার পর থেকে কাশ্মীরের হালহকিকত কীভাবে কতটা বদলে গেছে, প্রচারে তা তুলে ধরা হয়েছে। দেশের সব বড় বড় সংবাদপত্রে সে জন্য পাতাজুড়ে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। তার নির্যাস, ‘জম্মু–কাশ্মীর উৎফুল্ল ও উল্লসিত’।
কাশ্মীরবাসীর ‘উৎফুল্ল ও উল্লসিত’ হওয়ার একটি কারণ উন্নয়ন, অন্য কারণ এই আন্তর্জাতিক সম্মেলন। উন্নয়ন কেমন, এই বিজ্ঞাপনে বিস্তারিতভাবে সেই ফিরিস্তি দেওয়া হয়েছে। বলা হয়েছে, কাশ্মীরে উন্নত মানের সড়ক অবকাঠামো গড়ে তুলতে সরকার খরচ করেছে এক লাখ কোটি রুপি। ৪টি জলবিদ্যুৎ প্রকল্প তৈরির জন্য লগ্নি করেছে ২৫ হাজার কোটি রুপি। এই চার প্রকল্প থেকে উৎপাদিত হবে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর গত তিন বছরে প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনায় তৈরি করা হয়েছে ৬ হাজার ৯১২ কিলোমিটার রাস্তা।
রেল যোগাযোগ বাড়াতে চন্দ্রভাগা নদীর ওপর তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু। ফ্রান্সের আইফেল টাওয়ারের চেয়েও ৩৫ মিটার উঁচু এই সেতু দিয়ে ট্রেন চলাচল করবে। বরফের কারণে সড়কপথে যাত্রা যাতে ব্যাহত না হয় এবং দ্রুত গন্তব্যে পৌঁছানো যায়, সে জন্য জম্মু–কাশ্মীরের বিভিন্ন এলাকায় পাহাড় কেটে নয়টি টানেল বা সুড়ঙ্গপথ তৈরি করা হয়েছে। এতে খরচ হয়েছে ১৮ হাজার ৫০০ কোটি রুপি। এককথায় গোটা জম্মু–কাশ্মীরজুড়ে চলছে বিপুল কর্মযজ্ঞ।
এই বিজ্ঞাপনের মধ্য দিয়ে সরকার বোঝাতে চাইছে, জম্মু–কাশ্মীরের প্রগতি কতখানি হয়েছে এবং সেখানে মানুষ কত খুশি। সরকারের লক্ষ্য অবশ্যই আন্তর্জাতিক দুনিয়া, যেখানে জম্মু–কাশ্মীর নিয়ে ভারতবিরোধী প্রচার এখনো অব্যাহত। প্রধানত সে কারণেই জি–২০ পর্যটন ওয়ার্কিং গ্রুপের সম্মেলন কাশ্মীর উপত্যকায় করতে চেয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈশ্বিক প্রতিনিধিদের কাছে কাশ্মীরের উন্নয়ন ও প্রগতি এবং সেখানকার মানুষের সন্তুষ্টির উদাহরণ তুলে ধরতে আগ্রহী।
কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র বলেছে, ভারতের অধিকার আছে দেশের যেকোনো স্থানে সম্মেলন করার। জম্মু–কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে ও থাকবে। গোটা দুনিয়াকে তা বোঝাতেই শ্রীনগরে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। শ্রীনগরের সম্মেলনে জি–২০ সদস্য ও পর্যবেক্ষক দেশের প্রতিনিধিদের যোগ দেওয়ার অর্থ হবে ২০১৯ সালের ৫ আগস্ট কাশ্মীর নিয়ে ভারত সরকারের গৃহীত সিদ্ধান্তেরও অনুমোদন। এসব কারণে প্রচারও তুঙ্গে তোলা হচ্ছে। সেই প্রচারে বড় করে রাখা হয়েছে প্রধানমন্ত্রী মোদির ছবি।
পাকিস্তান বরাবর এই সম্মেলন নিয়ে আপত্তি জানিয়ে আসছে। শ্রীনগরে তারা নিশ্চতই যোগ দেবে না। কিন্তু তার সহযোগী চীন ও অন্য বন্ধুরা এই সম্মেলনে যোগ দেবে কি না, এখনো নিশ্চিত নয়। চীন এর আগে অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত সম্মেলনেও যোগ দেয়নি।